
‘সাংঘাতিক ব্যাপার ঘটে গেছে! ইকবাল, আই অ্যাম রিয়েলি প্রাউড অব ইউ, ম্যান! ’ সাতসকালে ব্রাজিল থেকে এডওয়ার্ডো মোরায়েসের ই–মেইল পেয়ে চমকে উঠি। কান চলচ্চিত্র উৎসবের দিন দশেকের দেখায় বুঝে গেছি এই তরুণ নির্মাতা ‘ড্রামা’ করতে ভালোবাসে। সাংঘাতিক ব্যাপারটা আসলে কতটুকু সাংঘাতিক? তার জবাব এডওয়ার্ডো লিখেছে পরের লাইনগুলোতে।
‘বেস্ট অব কান ভিডিওচিত্রে তোমাকে দেখা যাচ্ছে। হিলারি সোয়াঙ্ক (অস্কার বিজয়ী হলিউড অভিনেত্রী) আর কুয়েনটিন ট্যারেন্টিনোর মাঝখানে তুমি!’
ভিডিও লিংক ক্লিক করে দেখি, এডওয়ার্ডো খুব একটা বাড়িয়ে বলেনি। ৬৭তম কান চলচ্চিত্র উৎসবের সেরা কিছু মুহূর্ত নিয়ে ‘বেস্ট অব ফেস্টিভ্যাল ডে কান’ ভিডিওচিত্র। সাড়ে নয় মিনিটের এই ভিডিওচিত্র মূলত বিশ্বের সামনের সারির চলচ্চিত্র তারকাদের জন্য বরাদ্দ। সেখানে প্রথম আলোর প্রতিনিধিকে দেখা গেছে? এডওয়ার্ডো তাহলে খুব বাড়িয়ে বলেনি!
১৪ মে ২০১৪। দক্ষিণ–পূর্ব ফরাসি উপকূল সরগরম বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবের উত্তাপে। সেই উত্তাপ ছড়িয়ে গেছে প্যালে ডে ফেস্টিভ্যালের প্রেস রুমেও। পাম দ’র জেতার লড়াইয়ের আগে শুরু হয়ে গেছে উৎসব ঘিরে বিশ্বের প্রথম সারির সংবাদমাধ্যমগুলোর লড়াই। কান চলচ্চিত্র উৎসবের সুদীর্ঘ ঐতিহ্য আর জৌলুশ টেনে এনেছে পশ্চিমা বিশ্বের বাইরের প্রধান সংবাদমাধ্যমগুলোকেও। সবার আগে সেরা সংবাদটি সংগ্রহের এই খেলায় কেউ কাউকে ছাড় দিতে নারাজ। সেটা হাড়ে হাড়ে বুঝে গেলাম প্রথম দিনেই। হলিউড–নন্দিনী নিকোল কিডম্যান আসছেন গ্রেস অব মনাকো ছবির সংবাদ সম্মেলনে। শুধু অভিজ্ঞতার অভাবে ফসকে গেল সংবাদ সম্মেলনকক্ষে জায়গা পাওয়ার মূল্যবান সুযোগ। সাংবাদিকদের লম্বা কিউতে যখন দাঁড়িয়েছি ততক্ষণে সব আসন পূর্ণ। অপেক্ষায় ছিলাম নিকোল কিডম্যান যে পথ দিয়ে আসবেন সেই জায়গায়। সেখানেও দেখি ‘বঞ্চিত’ সাংবাদিকদের ভিড়। ঠেলা–গুঁতোর মধ্যে নিকোল কিডম্যানের একটা ছবি উঠল বটে সেটা মোটেও মনঃপূত হলো না। মন–মেজাজ খারাপ করে প্রেস রুমের এক কোনায় বসে আছি। এর মধ্যে হাজির আর্মেনিয়ান এক সাংবাদিক। আর্মেনিয়ার পাবলিক টিভির জন্য আমার সাক্ষাৎকার নিতে চান। কারণ বুঝতে দেরি হলো না। টিগরান দানিয়েলান নামের আর্মেনিয়ান টিভি প্রতিবেদক ভিন্ন স্বাদের সংবাদ খোঁজেন। বাংলাদেশের একজন সাংবাদিক কান উৎসব কাভার করতে আসাটা তাঁর কাছে বিস্ময়কর! টিগরানের প্রথম প্রশ্ন ‘বাংলাদেশ থেকে কান পর্যন্ত আসতে ঠিক কতটা বিমান পাল্টাতে হয়?’

এসব শুনলে কার না মনটা খারাপ হয়।
রাগে–দুঃখে পরের দিন ঘণ্টা দুয়েক আগেই গিয়ে দাঁড়িয়েছি কিউতে। দাঁড়াতে দাঁড়াতে পা ব্যথা হয়ে গেছে। বসে পড়েছি মেঝেতে। এইবেলা ভাগ্যদেবী মুখ তুলে চাইলেন। গোলাপি পরিচয়পত্রের বদৌলতে মিলে গেল সংবাদ সম্মেলনকক্ষে ঢোকার সুযোগ। মিলল অস্কার বিজয়ী অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্ল্যানচেটকে প্রশ্ন করার সুযোগও। কেটকে দিয়ে শুরু। এরপর সোফিয়া লোরেন, জুলিয়েত বিনোশ, মনিকা বেলুচ্চি, হিলারি সোয়াঙ্কের মতো তারকাদের সঙ্গে কথা বলার সুযোগ ঘটেছে। কে না জানে, বিশ্বজুড়ে লাইভ সম্প্রচার হতে থাকা এই বিশ্ব আসরে প্রশ্ন করা মানে বাংলাদেশ আর প্রথম আলোর নামটা সারা দুনিয়ায় পৌঁছে দেওয়া!
উৎসবের শেষ দিকে সংবাদ সম্মেলনে এসেছিলেন যুক্তরাষ্ট্রের খ্যাতিমান নির্মাতা কুয়েনটিন ট্যারেনটিনো। ‘আমি বাংলাদেশ থেকে’ বলতেই চিরকাল চাঁছাছোলা কথা বলতে অভ্যস্ত এই নির্মাতা হাসিমুখে হাত নাড়লেন। বললেন, ‘হ্যালো বাংলাদেশ’।
তিনি টানা পাঁচ মিনিট ধরে উত্তর দিলেন আমার প্রশ্নের। সঙ্গে স্বভাবসুলভ কিছু রসিকতা করতেও ভুললেন না (লিংক থেকে দেখতে পারেন এই ভিডিওটি)। কুয়েনটিন ট্যারেনটিনো সিনেমা দুনিয়ায় কত বড় তারকা সেটা হাতে–কলমে বুঝলাম সেদিনই। তিনি বেরিয়ে যেতেই পাঁচ–সাতজন সাংবাদিক আমাকে ঘিরে ধরলেন। নিউইয়র্কের ভালচার ডট কম সবিস্তারে প্রকাশ করল ট্যারেনটিনোর সঙ্গে এক বাংলাদেশি সাংবাদিকের আলাপ। ট্যারেনটিনো আমার প্রিয় নির্মাতা ছিলেন। কিন্তু তাঁর সঙ্গে স্রেফ আলাপের সুবাদে এক অখ্যাত বাংলাদেশি সাংবাদিকের কান উৎসব অভিজ্ঞতা এমন বদলে যাবে ভাবিনি। পরদিন আর্কাইভ বিভাগে গেছি ভিডিও ফুটেজ নিতে। যে মেয়েটা এসব সামলাচ্ছে সে আমাকে দেখেই বলল, ‘তুমি কি সেই যার সঙ্গে ট্যারেনটিনো অনেক কথা বলেছে?’ ঘটনা সেখানেই শেষ নয়। প্যারিসে কর্মরত এএফপির সাংবাদিক হেলেন রোয়ি নিজেই পরিচিত হতে এলেন একদিন। উৎসবের শেষ দিন কান স্টেশনে বসে আছি। সংবাদ সম্মেলনের সঞ্চালক গ্রেস উইলসন ছুটতে ছুটতে এলেন। ‘ট্যারেনটিনোর বন্ধু’র সঙ্গে তিনি ছবি ওঠাতে চান। কী বিপদ!
মধ্যবয়সী এক কলম্বিয়ান সাংবাদিক আমাকে বলেছিলেন, ‘ইউ আর দ্য ক্যারেক্টার অব দিজ ইয়ার!’ দেশে ফিরে বেস্ট অব কান ভিডিওচিত্র দেখার পর তাঁর কথা খুব মনে হচ্ছিল।
পৃথিবীতে মজার কত কিছু্ই না ঘটে। আমি জানি, কান উৎসবে ‘সাড়া জাগানো’ এই মজার ঘটনায় আমার কোনো কৃতিত্ব নেই। উৎসবের পুরোটা সময় হন্যে হয়ে ছিলাম সংবাদ সন্ধান ও লেখার কাজে। কীভাবে কী ঘটে গেছে বুঝতেই পারিনি ঠিকঠাক। তবু বেস্ট অব কান ভিডিওচিত্র দেখে ব্রাজিলের এডওয়ার্ডো যখন উচ্ছ্বসিত হয়, চীনা সাংবাদিক জিয়ং ক্যাং যখন হুট করে একদিন ই–মেইলে লিখে, ‘ইকবাল, তুমি কি জানো এখানকার অনেক সাংবাদিক তোমাকে চেনে শুধু কুয়েনটিন ট্যারেনটিনোর সঙ্গে সেই আলাপের কারণে?’
মনে হয়, মন্দ কী?
আগ্রহীরা এই ভিডিওটি দেখতে পারেন
http://www.festival-cannes.com /en/mediaPlayer/14491.html
ইকবাল হোসাইন চৌধুরী: জ্যেষ্ঠ সহসম্পাদক