শূন্য থেকে শীর্ষে পৌঁছানোর বহু গল্পই আপনি বিলক্ষণ শুনে থাকবেন। শূন্য থেকে শিখর ছোঁয়ার গল্পের সেই নায়কদের মধ্যে নিশ্চিতভাবে উজ্জ্বলতম এক নক্ষত্র হয়ে থাকবেন মাইকেল সাতা। ছিলেন রেলস্টেশনের পরিচ্ছন্নতাকর্মী। মাঝেমধ্যে করেছেন কুলির কাজও। সেখান থেকে তিনি এখন জাম্বিয়ার প্রেসিডেন্ট! (সূত্র: পৃষ্ঠা: ১১, প্রথম আলো, ২৫ সেপ্টেম্বর, ২০১১)কেবল শ্রমজীবী থেকে রাষ্ট্রপ্রধান বনে যাওয়া নয়, মাইকেল সাতা চমক দেখিয়েছেন আরও। প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পরপরই এমন কিছু ঘোষণা দিয়েছেন, যা শোনার জন্য মুখিয়ে থাকে গরিব আর দুর্নীতিগ্রস্ত দেশের মানুষজন।স্পষ্টবাদিতার জন্য ‘কিং কোবরা’ নামে পরিচিত সাতা ঘোষণা দিয়েছেন, স্টেশনের ময়লা-আবর্জনার মতোই দেশ থেকে দুর্নীতিবাজদের স্রেফ ঝেঁটিয়ে বিদায় করতে চান তিনি!জানিয়েছেন, দেশের সব মানুষের নিরাপদ পানির সংস্থান না হওয়া অবধি তিনি নিজেও বোতলের নিরাপদ পানি মুখে তুলবেন না। চেষ্টা, সততা আর নেতৃত্বের জোর থাকলে একজন রাষ্ট্রপ্রধান কত কী-ই না করতে পারেন! আমরা আশা করি, সাতা প্রেসিডেন্ট হিসেবে তাঁর দেওয়া ঘোষণা সত্যি করার জন্য সর্বোচ্চ চেষ্টা রাখবেন। দুর্নীতির বিরুদ্ধে আরও জোরদার প্রতিরোধ গড়বেন। আমরা বহুদূরের এক দেশে বিপুল আগ্রহ নিয়ে তাঁর কর্মকাণ্ড দেখব। অন্য কিছু না হোক, সাতা সফল হলে চোখের সামনে অন্তত বড়সড় একটা উদাহরণ তো আমরা পাব। — ইকবাল হোসাইন চৌধুরী