কিংবদন্তির বড়দীঘি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৃতির সৌন্দর্য কম-বেশি সব মানুষকে আকৃষ্ট করে। কখনো কখনো প্রকৃতির রূপমাধুরীর সঙ্গে মিশে থাকে ইতিহাস ও কিংবদন্তি। সুলতানি আমলে খনন করা ফতেয়াবাদের বড়দীঘি যেন তারই উজ্জ্বল দৃষ্টান্ত। ঐতিহাসিক এই দিঘি দেখতে হলে, চট্টগ্রাম শহর থেকে আট কিলোমিটার উত্তরে ফতেয়াবাদ গ্রামে যেতে হবে। দিল্লির সুলতান নাসির উদ্দিন মোহাম্মদ নশরত শাহের আমলে খনন করা প্রায় ৩৭ একর আয়তনের এই দিঘিটি বর্তমানে অনেক ছোট হয়ে পড়েছে। একসময় বিশাল এ দিঘিতে বাতাস বইলে বড় বড় ঢেউ উঠত। কূলে বাঁধা থাকত এককালের দোর্দণ্ড প্রতাপশালী নশরত বাদশার সামরিক নৌযান। গবেষক আবদুল হক চৌধুরীর লেখা চট্টগ্রামের সমাজ সংস্কৃতির রূপরেখা বই থেকে জানা যায়, ‘১৪৯৩ সালে হাবসি শাসনের পতন ঘটিয়ে সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহ গৌড়ের সুলতান হন। চট্টগ্রামে তাঁর আধিপত্যের প্রতিদ্বন্দ্বী ছিলেন ত্রিপুরার মহারাজ ধন্য মাণিক্য। ১৫১৩-১৭ সাল পর্যন্ত এই নিয়ে উভয়ের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। ধন্য মাণিক্যের মৃত্যুর পর উত্তর আরাকানসহ সমগ্র চট্টগ্রাম গৌড়ের অধিকারভুক্ত হয়। ১৫১৭ সালে সর্বপ্রথম পর্তুগিজ বণিকেরা চট্টগ্রামে অনুপ্রবেশের চেষ্টা করে ব্যর্থ হন। সে সময় হোসেন শাহ অন্যত্র যুদ্ধে ব্যস্ত থাকায় সেই সুযোগে আরাকানিরা ফের চট্টগ্রাম দখল করেন। যুবরাজ নশরত শাহ পুনরায় চট্টগ্রাম জয় করে নতুন নাম রাখেন ফতেয়াবাদ। এখানে তিনি নগর স্থাপন করে চট্টগ্রামের শাসনকার্য পরিচালনা শুরু করেন। ফতেয়াবাদে তিনি একটি মসজিদ ও প্রাসাদ নির্মাণ করেন এবং বিশাল একটি দিঘি খনন করান। ৩৭ একর আয়তনের বিশাল এই দিঘিটি বড়দীঘি হিসেবে পরিচিত। ঊনবিংশ শতকে নশরত শাহ মসজিদ ও প্রাসাদ ধ্বংস হয়ে যায় বলে হামিদুল্লাহ খাঁ রচিত আহাদিসুল খাওয়ানীন বইতে উল্লেখ করা হয়।১৯৩৮ সালে নগেন্দ্র লাল দে নামের এক ব্যক্তি ব্রিটিশ সরকার থেকে ১০ বছরের জন্য দিঘিটি ইজারা নেন। কিন্তু তিনি ইজারা চুক্তির শর্ত ভঙ্গ করায় ব্রিটিশ সরকার পুনরায় এই দিঘিকে সরকারি খাস হিসেবে ঘোষণা করেন। তবে বর্তমানে দিঘিটি ব্যক্তিমালিকানায় রয়েছে। সম্প্রতি সরেজমিনে বড়দীঘির পাড় এলাকায় গিয়ে দেখা যায়, কিংবদন্তির এই দীঘির চার পাড়ে রয়েছে শতাধিক পাকা-আধাপাকা, টিনের ছাউনি ও গুদামঘর। নশরত শাহের মসজিদটি এখনো রয়েছে। এ যাবৎ পাঁচবার এই মসজিদের সংস্কার হয়েছে। মসজিদে সংরক্ষিত আছে নশরত শাহ আমলের কিছু শিলালিপি। মসজিদটির দক্ষিণ পাশে নশরত শাহের আমলে নির্মিত প্রাসাদের চিহ্নও এখন আর নেই। তবে মাটি খুঁড়লে এখনো ইট-সুরকি বেরিয়ে আসে বলে জানালেন স্থানীয় বাসিন্দা আবু তাহের। দিঘির পাড়ের বাসিন্দা প্রবীণ ব্যক্তি মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমার দাদার মুখে এই দিঘির অনেক রূপকথা শুনেছি। নশরত বাদশার সামরিক অভিযানে যেসব নৌযান ব্যবহার হতো, এই দিঘিতেই সারিবদ্ধভাবে তা রাখা হতো।’ আরেক প্রবীণ ব্যক্তি আহমদ হোসেন বলেন, ‘এই দিঘিতে আমরা বন্ধুদের সঙ্গে সাঁতার প্রতিযোগিতা দিতাম। কিন্তু ভয়ে কেউ দিঘির মাঝখানে যাওয়ার সাহস করতে পারতাম না।’ একসময় এই দিঘিতে শোনা যেত উত্তাল ঢেউয়ের শোঁ শোঁ শব্দ। দেখা যেত বাতাসের সঙ্গে রোদের মিতালি। তবে এখন এসব ঠাঁই নিয়েছে ইতিহাসের পাতায়। ভরাট প্রায় এই দিঘির বড় একটি অংশ এখন পরিণত হয়েছে কৃষি জমিতে। বিলুপ্ত হয়েছে কারুকাজ খচিত মসজিদের ঘাটটিও। তবু নীরবে বহুযুগের ইতিহাস বহন করে চলেছে কিংবদন্তির বড়দীঘি।