চট করেই যেন একটা দুঃসময়ের মুখোমুখি দাঁড়িয়ে যান দর্শক। ক্যানভাসের দিকে তাকিয়ে চিনতে অসুবিধা হয় না সমকালীন বাংলাদেশকে। যেখানে হত্যা, ষড়যন্ত্র ও অপঘাত প্রতিদিনকার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই অস্থির সময়কে ক্যানভাসে জড়ো করেছেন কিংশুক দাস চৌধুরী।গত শনিবার থেকে আলিয়ঁস ফ্রঁসেজে শুরু হয়েছে কিংশুকের ‘সাইলেন্ট ডায়ালগ’ শীর্ষক ছয় দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক অলক রায়। এতে মিশ্রমাধ্যমে করা ‘ইনার ভায়োলেন্স’, ‘অ্যাগনি’, ‘ইনার অব অ্যাফিনটি’, ‘পিস’ প্রভৃতি শিরোনামে ২৮টি কাজ স্থান পেয়েছে। এটি কিংশুকের সপ্তম একক প্রদর্শনী।রক্তাক্ত ছুরি, হতাশ গান্ধীর মুখ, মাংসপিণ্ড ও ক্ষতবিক্ষত দেহের প্রতিরূপ ব্যবহার করে সময়ের চিত্র আঁকতে চেয়েছেন কিংশুক। পাশাপাশি মানুষের দ্বৈত সত্তা বোঝাতে ব্যবহার করেছেন একাধিক মুখাবয়ব। শিল্পীর রং, রেখা যেন বিক্ষিপ্ত ও অস্থির চিন্তাভাবনারই প্রতিরূপ। মনের গহিনে ঝড় তোলা তিক্ত ও বিস্মৃতিযোগ্য অভিজ্ঞতার বয়ান যেন উঠে এসেছে কিংশুকের ক্যানভাসে। কিংশুক দাস বলেন, ‘আমাদের চারপাশে যা ঘটছে তা নীরব দর্শকের মতো দেখতে হচ্ছে আমাদের। যেমন কসাইয়ের দোকানে মাংসের কাটাকুটির দৃশ্য আমরা বাধ্য হয়ে দেখি! সংবাদপত্র খুললেই খুন রাহাজানির দৃশ্য দেখতে হয়, খবর পড়তে হয়। মানুষের পাশবিক রূপ যেন সব কিছুকে ছাপিয়ে উঠছে। এর পাশাপাশি বাড়ছে সাম্প্রদায়িক সহিংসতা। এসব কিছু নিয়ে আমরা খুব একটা কিছু বলি না। কিন্তু মুখে প্রকাশ না করলেও প্রত্যেকের মনেই এসব ঘটনা ছাপ ফেলে। এতে ব্যক্তিকে প্রবল মানসিক চাপের শিকার হতে হয়। এবারের কাজগুলোতে আমি এই চাপটাকেই তুলে ধরতে চেয়েছি।’ প্রদর্শনী দেখতে এসেছিলেন শিল্পী শায়লা শারমিন। প্রদর্শনী কেমন লেগেছে জানতে চাইলে তিনি বলেন, ‘কিংশুকের কাজগুলো আমার ভালো লেগেছে। কাজগুলো বিমূর্ত হলেও রং ও রেখা শিল্পীর অনিশ্চয়তাবোধ, অভ্যন্তরীণ সংঘাতকে বেশ স্পষ্টভাবে প্রকাশ করেছে।’ এই প্রদর্শনী চলবে আজ রাত আটটা পর্যন্ত। প্রদর্শনিটি উৎসর্গ করা হয়েছে সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়কে।