কিউব প্রাসাদের জাদুকর ঋভু

১৯৮০ সাল থেকে আজ পর্যন্ত প্রায় ৩৫ কোটি মানুষের হাতে পৌঁছে গেছে ত্রিমাত্রিক ধাঁধার এক মজার খেলা—রুবিকস কিউব। বিশ্বে প্রতিবছর দুই শতাধিক রুবিকস কিউব মেলানোর প্রতিযোগিতার আয়োজন করা হয়। যেখানে অংশগ্রহণ করেন লক্ষাধিক কিউবার। তাঁদের একজন বাংলাদেশের সাকিব ইবনে রশীদ। ডাকনাম ঋভু।
বন্ধুমহলে ‘কিউবার ঋভু’ নামে তাঁর সুখ্যাতি আছে। সম্প্রতি কলকাতার কিউবারস ইস্ট বেঙ্গল আয়োজন করেছিল ‘কিউবারস ইস্ট ইন্ডিয়া ওপেন ২০১৭’। যেখানে ভারতসহ বেশ কয়েকটি দেশের প্রায় এক শ কিউবার প্রতিযোগিতার নানা আয়োজনে অংশ নিতে হাজির হয়েছিলেন। আমন্ত্রণ পেয়েছিলেন আমাদের সাকিব ইবনে রশীদও। তিন দিনব্যাপী এই আয়োজনের ১১টি ইভেন্টের ৮টিতে অংশ নেন তিনি। দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে টুর্নামেন্টে তিনি পঞ্চম স্থান অধিকার করেন। সেখানে এককে তাঁর সর্বনিম্ন সময় ছিল ৮.৯৭ সেকেন্ড ও গড়ে ১০.২৪ সেকেন্ড।
২০১৩ সালে আইডিয়াল স্কুলে পড়ার সময় স্কুলের বিজ্ঞান মেলায় রুবিকস কিউব দেখে এটা শেখার আগ্রহ হয় তাঁর। শুরুতে শুধু শেখার জন্যই কিউব সমাধান করতে চেয়েছিলেন। কাছের অনেক বন্ধুকে শেখাতে বললেও কেউই সাহায্য করতে এগিয়ে আসেননি। এরপর সিফাত আর কাব্য—দুই বন্ধু মিলে ঋভুকে কিউব শেখানোর দায়িত্ব নেন। ঋভু বলছিলেন, ‘তখন কিউব মেলাতে আমার সময় লাগত প্রায় ছয় মিনিট। এখন আমি ছয় সেকেন্ডেও মেলাতে পারি। নিয়মিত অনুশীলন করতে করতে একসময় মজা পেয়ে গেলাম।’ এরপরই ধীরে ধীরে কিউবের রাজ্যে হারিয়ে যান তিনি। বিভিন্ন কিউব প্রতিযোগিতায় এখন পর্যন্ত ৩০টির বেশি পদক জিতেছেন তিনি। নিজের রেকর্ড নিজে ভেঙেছেন পাঁচবার। তাই কিউব প্রাসাদের এক জাদুকরের চরিত্রই তাঁকে মানায়।
বাংলাদেশের বিজ্ঞান মেলা ও গণিত অলিম্পিয়াডে নিয়মিতই রুবিকস কিউব প্রতিযোগিতার আয়োজন করা হয়। ২০১১ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কিছু তরুণকে সঙ্গে নিয়ে ফিনিক্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা তানভীর আরাফাত শুরু করেন ‘কিউবিং বাংলাদেশ’ নামে একটি স্বেচ্ছাসেবীমূলক প্রতিষ্ঠান। রুবিকস কিউব মেলানোর নানা রকম কৌশল নিয়ে প্রতিমাসে দেশের বিভিন্ন জেলায় তারা আয়োজন করে ‘কিউব আড্ডা’। সেখানে দেশের বিভিন্ন প্রান্তের কিউবারদের কিউববিষয়ক নানা রকম পরামর্শ ও সহায়তা দেওয়া হয়। ২০১৩ সালে এই সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন ঋভু। এভাবেই তাঁর পরিচয় হয় আরও অনেক কিউবারের সঙ্গে।
সম্প্রতি ঋভু ভর্তি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। বাংলাদেশের কিউবিংকে বিশ্বের দরবারে তুলে ধরতে চান তিনি। এ দেশেই তিনি আয়োজন করতে চান ওয়ার্ল্ড কিউবিং অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ) অনুমোদিত কিউবিং প্রতিযোগিতা। তিনি বলেন, ‘আমি মনে করি, আমার চেয়ে দক্ষ কিউবার বাংলাদেশে আছে। কিন্তু কিউব মেলানো এমন একটি বিষয়, যেখানে নির্দিষ্ট কিছু নিয়ম অনুসরণ না করে যত কম সময়েই করা হোক না কেন, সেটা আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য হবে না।’
রুবিকস কিউব মেলানোর কাজটা যাঁদের কাছে ‘রকেট সায়েন্স’ মনে হয়, তাঁদের জন্য ঋভুর বক্তব্য, ‘এখন কিউব শেখাটা খুব সহজ। কারণ, এখন অনেকেই কম-বেশি কিউবিং করতে পারে। এ ছাড়া ইউটিউবে রুবিকস কিউব নিয়ে বাংলা টিউটোরিয়ালও পাওয়া যায়। নতুনদের উচিত বিগিনার মেথড দিয়ে শুরু করা। আমি নিজে এখন ফ্রেডরিক মেথড ব্যবহার করি। এসবের সঙ্গে অনুশীলন করতে হবে ফিঙ্গার ট্রিকস।’