কিউবার ভিন্নমতাবলম্বীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি কিউবার সরকার ঘোষণা করেছে, তারা ৫২ জন রাজনৈতিক বন্দীকে মুক্তি এবং দেশত্যাগের অনুমতি দেবে। কিউবার ভিন্নমতাবলম্বীদের বিষয়টি সম্প্রতি আলোচনায় উঠে আসে এক রাজনৈতিক বন্দীর আমরণ অনশনকে কেন্দ্র করে। প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো, সেখানে সফরে যাওয়া স্পেনের পররাষ্ট্রমন্ত্রী মিগুয়েল অ্যাঞ্জেল মোরাতিনোস ও কিউবার রোমান ক্যাথলিক গির্জার কার্ডিনাল জেইমি ওর্তেগার মধ্যে আলোচনার পর রাজবন্দীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়। ইতিমধ্যেই কয়েকজন মুক্তি পেয়ে দেশত্যাগও করেছেন।ফিদেল কাস্ত্রোর কিউবা অবশ্য রাজবন্দী কথাটা স্বীকার করছে না। সরকারের ভাষ্য, এসব বন্দী যুক্তরাষ্ট্রের ভাড়াটে যোদ্ধা, যারা কিউবার বিরুদ্ধে কাজ করছিল। অন্যদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কর্মকর্তা কেরি হাওয়ার্ড বলেন, কিউবার সংশ্লিষ্ট আইনগুলো এত অস্পষ্ট যে ভিন্নমত প্রকাশের যেকোনো কর্মকাণ্ডই সেখানে অপরাধ হিসেবে গণ্য করা সম্ভব।ভিন্নমতাবলম্বী গুইলের্মো ফারিনাসের আমরণ অনশনের ঘটনার জের ধরে কিউবার রাজবন্দীদের বিষয়টি সম্প্রতি আবার আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনায় উঠে আসে। অনশনকারী আরেক রাজনৈতিক বন্দী অরলান্দো জাপাতা তামাইয়োর মৃত্যুর প্রতিবাদে এবং অসুস্থ বন্দীদের মুক্তির দাবিতে অনশন শুরু করেন ফারিনাস। সম্প্রতি তিনি কয়েক মাসের অনশন ভেঙেছেন।কমিউনিস্ট কিউবায় ঠিক কতজন ভিন্নমতাবলম্বী রাজনৈতিক বন্দী রয়েছেন, তা নির্দিষ্ট করে বলা কঠিন। ৫ জুলাই সেখানকার মানবাধিকার সংগঠন কিউবান হিউম্যান রাইটস অ্যান্ড ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন জানিয়েছে, রাজবন্দীর সংখ্যা সম্প্রতি কমেছে। তাদের হিসাবে আগে ২০০ জনের বেশি রাজনৈতিক বন্দী থাকলেও এখন তা কমে ১৬৭ জনে দাঁড়িয়েছে।অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিউবার ৫৩ জন রাজবন্দীর একটি তালিকা তৈরি করেছে। সংস্থাটির দেওয়া তথ্যানুযায়ী, এসব বন্দী ভিন্নমতাবলম্বী সহিংসতায় জড়িত ছিলেন না এবং সহিংসতাকে সমর্থনও করেননি।কিউবার ভিন্নমতাবলম্বীদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অন্যতম গুইলের্মো ফারিনাস। অসুস্থ কারাবন্দীদের মুক্তির দাবিতে তিনি ১৩০ দিনের বেশি অনশন করেন। শারীরিক অবস্থা সংকটাপন্ন অবস্থায় পৌঁছালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তাঁর নাম উঠে আসে। এর আগে কিউবার রাজনৈতিক বন্দীদের বিষয়টি আলোচনায় আসে ফেব্রুয়ারিতে। ওই সময় দীর্ঘ ৮৫ দিনের অনশনের পর মারা যান রাজনৈতিক বন্দী জাপাতা তামাইয়ো। প্রায় ৪০ বছরের মধ্যে সে দেশে প্রথম কোনো বন্দীর অনশনে মারা যাওয়ার ঘটনা সেটি। সরকারের নির্যাতনের প্রতিবাদে অনশন শুরু করেছিলেন জাপাতা। তাঁর মৃত্যুর পরই অনশন শুরু করেন ফারিনাস।আরেক গুরুত্বপূর্ণ ভিন্নমতাবলম্বী হলেন এলিসার্দো স্যানচেজ। ২০০৩ সালে বিক্ষোভের সময় আরও ৭৫ জন সরকারবিরোধী কর্মীর সঙ্গে তাঁকেও আটক করা হয়। ওই ঘটনাটি ‘ব্ল্যাক স্প্রিং’ বা ‘কালো বসন্ত’ হিসেবে পরিচিত। স্যানচেজ এখন কিউবান হিউম্যান রাইটস অ্যান্ড ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন পরিচালনা করেন। তিনি বলেছেন, ভিন্নমতাবলম্বীদের ঠেকাতে দীর্ঘ কারাদণ্ডের পরিবর্তে এখন হয়রানি ও নির্যাতন করা হচ্ছে।‘লেডিস ইন হোয়াইট’ কিউবার ভিন্নমতাবলম্বীদের স্বজনদের একটি গোষ্ঠী। রাজনৈতিক বন্দীদের মা, বোন, স্ত্রীরাই মূলত এই গোষ্ঠীর সদস্য। কিউবায় তাঁদের সরকারবিরোধী কর্মসূচিই সবচেয়ে বেশি চোখে পড়ে। প্রতি রোববার সমাবেশের পর রাজধানী হাভানার রাজপথে তাঁরা স্বজনদের মুক্তির দাবিতে মিছিল করেন। ২০০৩ সালের ব্ল্যাক স্প্রিংয়ের পর থেকে ওই নারীদের কর্মসূচি শুরু হয়। গত এপ্রিলে তাঁদের এমন একটি শোভাযাত্রার সময় হয়রানি করে সরকারপন্থীরা। তবে গত মাসে সরকার কথা দিয়েছে, ‘লেডিস ইন হোয়াইটের’ সাপ্তাহিক শোভাযাত্রায় আর এ ধরনের হয়রানি করা হবে না।ভিন্নমতাবলম্বীদের মধ্যে রয়েছেন ব্লগার ইয়োআনি স্যানচেজ ও কবি রাউল রিভেরো। সরকার তাঁর দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এই নারীর ব্লগ ‘জেনারেশন ওয়াই’ কিউবার সংবাদের একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে পরিচিত হয়ে উঠেছে। কবি রাউল রিভেরো বর্তমানে স্পেনে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। তিনিও ২০০৩ সালে গ্রেপ্তার হয়েছিলেন। রিভেরোকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হলেও ২০০৪ সালে মুক্তি দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়।রোমান ক্যাথলিক গির্জাও কিউবা সরকারের বিকল্প একটি শক্তিকেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করে তুলেছে। কার্ডিনাল ওর্তেগা প্রকাশ্যেই সরকারের সমালোচনা করেন। ১৯৯০ সালের আগ পর্যন্ত কিউবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সদস্যদের গির্জায় যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল। ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ধর্মীয় নেতারা ধীরে ধীরে বিভিন্ন বিষয়ে ভিন্নমত প্রকাশ শুরু করেন। গত এপ্রিলে কার্ডিনাল ওর্তেগা সব রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি প্রকাশ্যে কিউবার সরকারব্যবস্থারও সমালোচনা করেন।