কিউবার ‘এক নম্বর শত্রু’
লুইস পোসাদা ক্যারিলেস একজন উগ্রপন্থী কিউবান। কট্টর কমিউনিস্টবিরোধী ক্যারিলেস একসময় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর এজেন্ট ছিলেন। অসংখ্য মানুষকে হত্যার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ক্যারিলেস এখন যুক্তরাষ্ট্রের মায়ামিতে নিরুপদ্রব জীবন যাপন করছেন। কিউবার অভিযোগ বেশ কয়েকটি সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে তাঁর জড়িত থাকার প্রমাণ থাকা সত্ত্বেও এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি যুক্তরাষ্ট্র।ফিদেল কাস্ত্রোর শাসনাধীন কিউবার বিরুদ্ধে পাঁচ দশক ধরে লড়াই করছেন ক্যারিলেস। ওই সময় তিনি ‘ব্যাম্বি’সহ ছয়টি ছদ্মনামে পরিচিত ছিলেন। কিউবাবিরোধী ‘যুদ্ধ’ তাঁর শরীরে রেখে গেছে বেশ কিছু ক্ষতচিহ্ন। মুখের ডান দিকের ক্ষতটা বেশ প্রকট। ১৯৯০ সালে গুয়াতেমালায় আততায়ীরা তাঁকে হত্যার চেষ্টা করলে সৃষ্টি হয় ওই ক্ষত। ক্যারিলেস এ প্রসঙ্গে বলেন, ‘একটি বুলেট আমার চোয়ালে আঘাত হানে। আরেকটি আমার বুকে লেগে পেছন দিক দিয়ে বের হয়ে যায়। আমাকে ছয়বার গুলি করা হয়। ’ক্যারিলেসের দাবি, ফিদেল কাস্ত্রোর নির্দেশেই তাঁর ওপর ওই হামলা হয়েছিল। তবে এ অভিযোগ অস্বীকার করেছে কিউবা। ফিদেল কাস্ত্রো কয়বার তাঁকে হত্যার চেষ্টা করেন—প্রশ্নের জবাবে ক্যারিলেস বলেন, ‘আমার জানামতে তিনবার।’ অন্যদিকে তিনি কয়বার কাস্ত্রোকে হত্যার চেষ্টা করেছিলেন জিজ্ঞেস করা হলে জবাব দেওয়ার আগেই ক্যারিলেসকে থামিয়ে দেন তাঁর আইনজীবী। ৮০ বছর বয়সী লুইস পোসাদা ক্যারিলেস কয়েক যুগ ধরে কমিউনিস্টবিরোধী আন্দোলন করে একজন কিংবদন্তিতে পরিণত হয়েছেন। তবে কিউবান বংশোদ্ভূত মার্কিনদের বেশির ভাগই এখন রক্তক্ষয়ী আন্দোলনের পরিবর্তে হাভানায় শান্তিপূর্ণ পরিবর্তনের আশা করেন। ক্যারিলেসের নির্বাসিত জঙ্গি-সমর্থকেরা ধীরে ধীরে তেজ হারিয়ে ফেলছেন। কিউবার প্রবীণ শাসকদের মতো বয়স বেড়েছে তাঁদেরও। অবশ্য ৫০ বছর আগে শুরু হওয়া সংগ্রাম এখনো শেষ হয়ে যায়নি বলেই মনে করেন তাঁরা।সমর্থকদের কাছে ক্যারিলেস একজন স্বাধীনতাসংগ্রামী। আর কিউবা সরকারের ভাষায় তিনি ‘মার্কিনদের ওসামা বিন লাদেন’। ফিদেল কাস্ত্রোকে হত্যার চেষ্টা করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া কিউবা ও ভেনেজুয়েলায় বেশ কয়েকটি সন্ত্রাসবাদী কাজের সঙ্গেও তিনি জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।যুক্তরাষ্ট্রের মদদে ১৯৬১ সালে কিউবার বে অব পিগসে চালানো অভিযানে জড়িত ছিলেন ক্যারিলেস। এরপর সত্তরের দশকের মাঝামাঝি সময় পর্যন্ত তিনি সিআইএর এজেন্ট হিসেবে কাজ করেন। ১৯৭৬ সালে কিউবার একটি বিমানে বোমা হামলার ঘটনায় ৭৩ জন নিহত হওয়ার পর তিনি গ্রেপ্তার হন। পরবর্তী সময়ে প্রকাশ করা এফবিআই ও সিআইএর কাগজপত্রে উল্লেখ রয়েছে, ওই হামলায় ক্যারিলেস জড়িত ছিলেন বলে তথ্য পেয়েছিলেন মার্কিন গোয়েন্দারা। ভেনেজুয়েলায় সামরিক আদালতের এক বিচারে তিনি খালাস পান। এরপর বেসামরিক আদালতে বিচার চলাকালে তিনি কারাগার থেকে পালিয়ে যান।১৯৯৭ সালে কিউবার কয়েকটি হোটেলে একযোগে বোমা হামলায় ইতালির এক ব্যবসায়ী নিহত ও ছয়জন আহত হন। এক বছর পর নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক রেকর্ড করা সাক্ষাৎকারে ক্যারিলেস ওই হামলার পরিকল্পনা করার কথা স্বীকার করেন। কিন্তু পরে ওই বিবৃতি প্রত্যাহার করে নেন। এর পরও থেমে থাকেনি কিউবার কমিউনিস্ট সরকারের চরম বিরোধী এই মানুষটির আজীবন লড়াই। ২০০০ সালে পানামায় ফিদেল কাস্ত্রোকে হত্যার চেষ্টার দায়ে ক্যারিলেসকে কারাগারে পাঠানো হয়। তবে চার বছর পর ক্ষমা করে দেওয়া হয় তাঁকে। এরপর আবার ২০০৫ সালে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার হন। তবে তাঁকে সন্ত্রাসবাদী হিসেবে অভিযুক্ত করেনি যুক্তরাষ্ট্র। পরিবর্তে তাঁর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকেছিলেন তা এবং কিউবার হোটেলে বোমা বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ বিষয়ে অভিবাসন কর্মকর্তাদের কাছে মিথ্যাচার করার অভিযোগ আনা হয়। গত এপ্রিল মাসে ওই মামলায় খালাস পান তিনি। কিউবা কর্তৃপক্ষ এতে খুবই ক্ষুব্ধ। তাদের দাবি, ক্যারিলেসের বিরুদ্ধে প্রমাণের অভাব নেই।বিবিসির এক সাংবাদিককে কিউবার রাজধানী হাভানায় ৩০ বছরের কারাদণ্ড পাওয়া বন্দী সালভাদরীয় নাগরিক ওটো রেনে রদ্রিগেজের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। ওই সাংবাদিককে রদ্রিগেজ বলেন, তিনি ক্যারিলেসের নির্দেশনা অনুযায়ী হাভানার একটি হোটেলে বোমা স্থাপন করেছিলেন। রদ্রিগেজ বলেন, কিউবার পুরো পর্যটনশিল্পে ধস নামাতে চেয়েছিলেন ক্যারিলেস। কথিত দ্বিতীয় মিশনে কিউবার বিমানবন্দরে গ্রেপ্তার হন রদ্রিগেজ। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্তকারী লে. কর্নেল রবার্তো হার্নান্দেজ ক্যাবালেরো। ক্যারিলেসের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহের জন্য দুই দশক ধরে চেষ্টা করে যাচ্ছেন হার্নান্দেজ।কর্নেল হার্নান্দেজ বলেন, যুক্তরাষ্ট্র বোমা হামলার জন্য ক্যারিলেসের বিচার করতে ব্যর্থ হয়েছে। কারণ, তারা সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে ‘দ্বিমুখী নীতি’ অবলম্বন করছে।অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এক বিবৃতিতে বলেছে, ক্যারিলেসকে অভিযুক্ত করার ব্যাপারে কয়েক বছর ধরে তারা যথেষ্ট চেষ্টা করেছে।তবে লুইস পোসাদা ক্যারিলেস দৃশ্যত আর কোনো বিচারের সম্মুখীন হবেন না। বিবিসির কাছে তিনি দাবি করেন, কিউবার বিমান ভূপাতিত করতে তাঁর কোনো ভূমিকা ছিল না। এ বিষয়ে প্রমাণ থাকার বিষয়টি উল্লেখ করে প্রশ্ন করা হলে ক্যারিলেসের আইনজীবী সাক্ষাৎকার বন্ধ করে দেওয়ার হুমকি দেন।কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নির্বাসিত কিউবানদের কোনো সহিংস কর্মকাণ্ডে সমর্থন দেওয়ার ব্যাপারে ক্যারিলেস এখন বেশ সতর্ক। তিনি বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রে বাস করি। এখানকার কোনো আইন অমান্য করব না।’ক্যারিলেসের কিউবা-বিরোধিতার ভবিষ্যৎ গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন করা হলে কোনো বাধা দেননি তাঁর আইনজীবী। ক্যারিলেস বলেন, ‘কিউবা সরকারের বিরুদ্ধে জনগণের পক্ষ থেকে প্রকৃত বিপ্লব শুরু হলে অথবা কিউবার সেনাবাহিনী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান করলে অবশ্যই সেখানে যাব। এমনকি সেনাদের জন্য খাবার রান্না করতে হলেও রাজি আছি।’ আশিস আচার্যসূত্র: বিবিসি।