এ শহরের পথঘাটজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে অসংখ্য পাথরের টুকরো। কংক্রিটের মজবুত দেয়ালগুলো ফেটে চৌচির। রাতের আঁধার চিড়ে বের হওয়া ভোরে শোনা যাচ্ছে অগুনতি মানুষের আহাজারি, চারপাশে শুধু মৃত্যু আর মৃত্যু। কত মানুষ যে পাথরচাপা পড়ে আছে, তার ইয়ত্তা নেই। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া দুর্ঘটনায় পুরো এলাকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। উদ্ধারকাজে আসা মানুষগুলোর হতাশ মুখই বলে দেয়, এ ভূমিকম্প কেড়ে নিয়েছে অনেক। হয়েছে অসংখ্য মানুষের প্রাণহানি। হ্যাঁ, আমি হাইতির কথা বলছি। ভূমিকম্প শেষ, তবুও শুকায়নি এর আঘাতের ক্ষত। উদ্ধারকাজ চলছে সমানে। মস্ত পাথরের টুকরোর নিচ থেকে বের করা বেশির ভাগ দেহই নিষ্প্রাণ। তবু কাজে ক্ষান্ত দেয় না কেউ। লাশের পাহাড়ের ভেতর থেকে কারও প্রাণ বাঁচানোর মাঝেই তো কাজের সার্থকতা। পাথরের আড়াল থেকে হুট করেই এক বালকের কাতরানি শুনে এগিয়ে যান উদ্ধারকারীরা। ছুটে গিয়ে দেখতে পান তখনো নিঃশ্বাস পড়ছে সাত বছরের বালক কিকি জোয়াশিমের। লোকজন দেখে এ বিপদের মাঝেও মুচকি হাসে সে। চিত্কার দিয়ে বলে, ‘আমি বেঁচে আছি, আমি মুক্ত। আমি বেঁচে আছি। কারণ, আমি নিঃশ্বাস নিচ্ছি।’ভয়াল রাতস্বভাবে বালকটি বড্ড চঞ্চল। দুষ্টুমির অন্ত নেই তার। নিত্যনতুন ফন্দি এঁটে ভাইবোনদের বিরক্ত করে। ক্লান্তি বলে কোনো কিছুর অস্তিত্ব নেই যেন তার ভেতরে। তাই তো বালক কিকিকে নিয়ে মাঝেমধ্যে হাঁপিয়ে ওঠেন মা এনা। সে রাতে কিকিকে তার বোন সাবরিনার সঙ্গে রেখে রাতের খাবার তৈরি করতে গিয়েছিলেন তিনি। গরম গরম ভাত আর শিম। ছয়তলা এ দালানটির নিচতলায় তাদের বাস। দারিদ্র্যের ভেতর দিয়ে সময়গুলো কাটলেও সন্তানদের হাসিমুখের দিকে তাকালে আর অসুখী মনে হয় না এনাকে। জানুয়ারির ১২ তারিখের বিপর্যয় এনার জীবনের সবকিছুই ওলট-পালট করে দেয়। ভূমিকম্পে নিজের চোখের সামনেই ছয়তলা দালানটি মিশে যায় মাটির সঙ্গে। কংক্রিটের ভারী দেয়ালগুলো ছুটে এসে আঘাত করে তাঁকে। অচেতন হওয়ার আগে শুধু দেখতে পান, কিকি আর তার বোন যেখানে ছিল, সেখানটা ঢেকে দিয়েছে বিশাল এক পাথরের টুকরো। তারপর সব অন্ধকার। নীরব, নিস্তব্ধ।উদ্ধারকাজযুক্তরাজ্যের এক উদ্ধারকর্মীর ভাষায়, ‘এটা সত্যিই আশ্চর্যের হবে, ভূমিকম্পের এত পরেও ধ্বংসস্তূপের ভেতর কারও বেঁচে থাকা।’ আর এই আশ্চর্য ঘটনাকেই সত্যে পরিণত করল কিকি। হাইতির রাজধানী পোর্ট অ প্রিন্সে অবস্থিত কিকিদের বাড়িটি ভেঙে একশেষ। কোনো কিছুই আর অবশিষ্ট নেই। সন্তানদের হারিয়ে মা এনা পাগলপ্রায়। মেয়ে সাবরিনা আর কিকির খোঁজ নেই কোনো। সবাই মৃত ভাবলেও আশা হারাতে রাজি নন এনা। তাই উদ্ধারকর্মী দলের সঙ্গে পাঠিয়ে দেন বোন ডোনাভালকে। উদ্দেশ্য, বাড়িটির প্রতিটি জায়গা তন্নতন্ন করে খোঁজা। তবুও সন্তানকে তাঁর চাই-ই চাই। কিকি আর সাবরিনা উদ্ধারকাজের আগ পর্যন্ত নিরুপায় হয়ে চাপা পড়েছিল পাথরের নিচে। অন্ধকারে পাশেই শুনেছে তাদের ছোট ভাইটির আহাজারি। পানি, পানি বলে চিত্কার, একপর্যায়ে মারা যায় ভাইটি। চোখের জল ফেলা ছাড়া কিছুই করার ছিল না তাদের। ডোনাভাল উদ্ধারকর্মীদের নিয়ে খুঁজতে খুঁজতে আচমকা শুনতে পায় কিকির কণ্ঠ। দুর্বল কণ্ঠে সে বলছিল, ‘মা, সাহায্য করো আমাকে। মা, পানি।’ কিকির কথার একটু পরেই সাহায্যের জন্য শোনা যায় সাবরিনার কণ্ঠ। উদ্ধারকর্মীরা দৌড়ে যান তাদের দিকে। কিন্তু এত কম সময়ে পাথরের চাঁইয়ের আড়াল থেকে কিকি আর সাবরিনাকে বের করা সত্যিই দুঃসাধ্য। তাই বলে থেমে থাকা চলে না। বাঁচাতে হবে শিশু দুটিকে। উদ্ধারকর্মীরা প্রথমে ছিদ্র করেন মেঝে। তার ভেতর দিয়ে সরবরাহ করা হয় পানি। শিশু সাবরিনা আর কিকি চাঙা থাকুক আরও কিছুক্ষণ। এরই মধ্যে সরিয়ে ফেলতে হবে পাথর। আর পাথরের চাঁই সরালে তবেই না মুক্তি।সাফল্যকিকি জোয়াশিমকে উদ্ধারের সঙ্গে সঙ্গে শোনা যায় আশপাশে জড়ো হওয়া উত্সুক মানুষের চিত্কার। মৃত মানুষের ভিড়ে বেঁচে যাওয়া একটি প্রাণ আশা জাগায় সবার মনে। উদ্ধারকর্মী অ্যান্থনি থমাস বলেন, ‘আমরা আমাদের কাজ ঠিকমতো করেছি। কোনো একজনের প্রাণ বাঁচানোর মতো সুন্দর কাজ পৃথিবীতে আর কি-ই বা হতে পারে।’ এটা যেন তাঁদের প্রাণভরে নিঃশ্বাস নেওয়ার সুযোগ। একটানা হাড়ভাঙা পরিশ্রমের পর এটাই তাঁদের প্রাপ্তি। বালক কিকির হাসি তাঁদের মুগ্ধ করে। বেঁচে ফেরার পর আনন্দে দুই হাত আকাশের দিকে তুলে দেয়। ডোনাভাল কিকিকে জড়িয়ে ধরে কখনো কাঁদতে থাকে, আবার কখনো বা হাসে। কী আনন্দ! এর মাঝেও দুঃখ এসে দাঁড়ায় পাশে। কিকিদের পরিবারের মৃত তিন সদস্যের কথা ভেবে মন ভারী হয়। চোখের কোণ ফেটে চলে আসে জল। কিকি আর সাবরিনাকে পৌঁছে দেওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিত্সারত অবস্থায় আছেন তাদের আহত মা এনা ও বাবা অডিনেল। তাঁরা দুজনেই সন্তানকে জড়িয়ে ধরে রাখেন। আর কোনো ভূমিকম্প যেন কেড়ে না নেয় তাদের। এমন মিলন দেখে কার না ভালো লাগে! কিকিদের পরিবারকে ঘিরে রাখা হাসপাতালের মানুষগুলোর মুখে হাসি। এমন আনন্দ কদাচিত্ দেখা যায়। কারও কারও মনে পড়ে যায়, নিজেদের পরিবারের মৃত সদস্যদের কথা। তাই তো চোখের জল আড়াল করতে কাজের ছুঁতোয় চলে যায় অন্য কোনো দিকে। কিংবা একদৃষ্টিতে তাকিয়ে থাকে আকাশের দিকে। বালক কিকি সুস্থ হয়ে উঠছে ধীরে ধীরে। পোর্ট অ প্রিন্সের পথে তাকে মাঝেমধ্যে ঘুরতে দেখা যায়। মিডিয়ার কল্যাণে সবাই চেনে তাকে। কৌতূহলী মানুষজন এগিয়ে আসে কথা বলার জন্য। কিকির এসব ভালো লাগে না। সে আবার চঞ্চল হতে চায়। বিরক্ত করতে চায় সাবরিনাকে। বোনের মাথার চুল এলোমেলো করে দিয়ে পালাতে চায়। করা হয় না। পরিবারের মৃত সদস্যদের অনুপস্থিতি তাকে কষ্ট দেয়। কিকি বসে থাকে চুপচাপ। কান্না এলেই হাত দিয়ে ঢাকে মুখ। কেউ যেন না দেখতে পায় তার কান্না। কেউ না। ওয়েবসাইট অবলম্বনেকিঙ্কর আহ্সান