কিগালি জাদুঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিগালি। রুয়ান্ডার রাজধানী। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর সীমান্তবর্তী একটি দেশ। জাতিসংঘের শান্তি মিশনে কাজ করার সুবাদে দেশটির নাম শুনেছি অনেক আগেই, কিন্তু যাওয়া হয়নি কখনো। সেবার কঙ্গোতে কাজ করতে গিয়ে রুয়ান্ডায় যাওয়ার সুযোগটা পেয়ে গেলাম। পরিচ্ছন্ন, ছবির মতো একটি পাহাড়ি শহর। শহরটির মূল আকর্ষণ হচ্ছে ‘কিগালি মিউজিয়াম সেন্টার’। প্রায় ১৫ বছর আগে ঘটে যাওয়া অমানবিক গণহত্যার ধারক এই মিউজিয়াম।কিগালি যাত্রাকিনশাসা (কঙ্গোর রাজধানী) আমার কর্মক্ষেত্র হলেও একটু অবসরযাপন কিংবা ভালো লাগার জন্য যেখানে বাঙালি আছে, সেখানেই ছুটে যাই। সবচেয়ে বেশি বাঙালির বসবাস বুনিয়ায়। ওখানে বহুবার গিয়েছি। তাই এবার বুনিয়া নয়, গিয়েছিলাম গোমায়। গোমা লাভা-অধ্যুষিত একটি সুন্দর শহর। রাস্তাগুলোর বিবর্ণ রূপই যেন গোমা শহরে লাভার উপস্থিতির এক অকাট্য দলিল। গোমা থেকে কিগালি তিন ঘণ্টার পথ। তাই ঠিক করলাম, সড়কপথেই কিগালি যাব। শহরটি ঘুরে দেখার পাশাপাশি কিগালি মিউজিয়াম সেন্টারটি দেখব বলেও মনস্থির করলাম। দিনটি ছিল মঙ্গলবার, ১৮ মে ২০১০। সকাল সাতটায় সড়কপথে যাত্রা শুরু করি। দুই ধারে পাহাড় আর মধ্যখানে মসৃণ সড়কপথ। খুব বেশি গাড়ির চলাচল দেখলাম না। দ্রুত চলতে লাগল আমার গাড়ি। দুই ধারে পর্বতমালা, তার ওপর চায়ের চাষ বারবার মনে করিয়ে দিচ্ছিল সিলেট-পার্বত্য চট্টগ্রামের কথা। যতক্ষণ না কিগালি পৌঁছেছি, ততক্ষণ যেন মনে হচ্ছিল রাঙামাটি যাচ্ছি। কিগালিতে যখন পৌঁছাই, তখন আকাশে কিছুটা মেঘ থাকলেও শঙ্কিত হইনি মোটেও।কিগালি মিউজিয়াম সেন্টারপাহাড়ের পাদদেশে কিগালি শহর বেশ পরিচ্ছন্ন ও পরিপাটি। শহরের সৌন্দর্য বাড়াতে নিখুঁত যত্নের ছাপ ও শৈল্পিক ছোঁয়া সুস্পষ্ট। মিউজিয়ামে যখন পৌঁছাই, তখন সকাল ১০টা। সামান্য উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে ভেতরে ঢুকলাম। কর্মদিবস ছিল বলে দর্শকসমাগম খুব একটা দেখা গেল না। নির্মাণ ও বিন্যাসে লক্ষ করলাম সুচারু পরিকল্পনা। প্রথমেই দেশটির ইতিহাস ও ক্রমবিকাশ। পাশাপাশি বড় বড় পোর্ট্রেটে অসংখ্য ছবি। তা ছাড়া রয়েছে প্রামাণ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা। থমথমে পরিবেশ, পরিমিত আলো, নীরবতা—সব মিলিয়ে এক শোকাবহ পরিবেশের উপস্থিতি যেন। এরপর শুরু গণহত্যার ইতিবৃত্ত। ধারাবাহিকভাবে এর শুরু। কারণ, ভয়াবহতা ও হূদয়স্পর্শী কিছু স্মৃতিচারণা মিউজিয়ামটির যথার্থতা তুলে ধরেছে। সবশেষে রয়েছে পৃথিবীর অন্যান্য দেশে সংঘটিত গণহত্যার ইতিহাস ও ভয়াবহতার নিদর্শন হিসেবে সচিত্র তথ্য।জাদুঘরের শুরুতেই গণহত্যা গ্যালারি। সেখান থেকে জানলাম, গণহত্যার স্থায়িত্ব ছিল ১০০ দিন। এ সময়ের মধ্যে প্রতিদিন ১০ হাজার, প্রতি ঘণ্টায় ৪০০ ও প্রতি মিনিটে সাতজন গণহত্যার শিকার হয়। সূত্রমতে, প্রায় আট লাখ মানুষ এ গণহত্যায় নিহত হয়। এর তিন-চতুর্থাংশই টুটসি গোত্রের। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকে হুটুদের ওপর সার্বক্ষণিক নির্যাতনের কারণেই টুটসিদের বিরুদ্ধে এ নির্মমতা। ইতিহাস পড়তে পড়তেই গণহত্যার সচিত্র গ্যালারিতে ঢুকলাম। অসংখ্য ছবি। দু-তিন দিনেও গোনা সম্ভব নয়। গণহত্যায় নিহত প্রায় সবার ছবিই এ গ্যালারিতে সংরক্ষিত রয়েছে। সঙ্গে উল্লেখ রয়েছে হত্যার বিশদ বিবরণ, যা রীতিমতো ভয়ংকর। জানলাম, কাউকে হত্যা করা হয়েছে আগুনে ফেলে, কাউকে আবদ্ধ কক্ষে রেখে তাতে গ্যাস প্রয়োগ করে। কোনো কোনো ক্ষেত্রে ছেলেকে দিয়ে মাকে কিংবা একজনকে দিয়ে একই পরিবারের অন্য কাউকে গুলি করে হত্যাসহ আরও নানা পৈশাচিক পন্থায় হত্যার কৌশল। ছবিগুলো দেখতে দেখতে ঢুকলাম শিশু গ্যালারিতে। অসংখ্য ছবির সমারোহ। তবে কিছুটা ব্যতিক্রম লক্ষ করলাম। তা হলো, প্রতিটি ছবির নিচে শিশুর নাম, বয়স, তার শখ, প্রিয় খাবারসহ নানা তথ্য লিপিবদ্ধ রয়েছে। সবচেয়ে কষ্টকর তথ্য হলো, কীভাবে তাকে হত্যা করা হয়েছে, তার বর্ণনা। একটা একটা করে পড়তে শুরু করলাম। এর কয়েকটি—বয়স: ২শখ: সাইকেলে বসে খাবার খাওয়াপ্রিয় খাবার: শিশিতে করে দুধ খাওয়াযেভাবে হত্যা করা হয়: দেয়ালের সঙ্গে মাথা পিষ্ট করে।বয়স: ৭শখ: বাবার সঙ্গে লুকোচুরি খেলাপ্রিয় খাবার: ক্যাডবেরি চকলেটযেভাবে হত্যা করা হয়: কপালে গুলি করেবয়স: ৮শখ: ছোট বোনকে নিয়ে ঘুরে বেড়ানোপ্রিয় খাবার: বিফবার্গারযেভাবে হত্যা করা হয়: মাথায় চাপাতি দিয়ে আঘাত করেবয়স: ১০শখ: প্রতিদিন ছোট ভাইকে গোসল করানোপ্রিয় খাবার: চিকেন শর্মাযেভাবে হত্যা করা হয়: দেহ থেকে মাথা দ্বিখণ্ডিত করে।এরপর নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। পরের ছবিগুলোর নিচে আরও অমানবিক তথ্যের আশঙ্কার কথা চিন্তা করে দ্রুত সেই গ্যালারি ছেড়ে পরের গ্যালারিতে ঢুকি।