কিছু একটা করতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তরুণেরা নতুন নতুন বিষয় নিয়ে করেন নানা পরিকল্পনা। মডেল: শুভ, রাসেল ও অমৃত
তরুণেরা নতুন নতুন বিষয় নিয়ে করেন নানা পরিকল্পনা। মডেল: শুভ, রাসেল ও অমৃত

‘বিকেলের আড্ডায় হঠাৎ সিদ্ধান্ত—আজ থেকে আমরা সিরিয়াস হব। নিজেরাই কিছু একটা করে দেখিয়ে দেব।’ এমন সিদ্ধান্ত তরুণেরা নিচ্ছেন হরহামেশা।
পড়াশোনা শেষে পেশার তাগিদেই শুধু নয়, অনেক তরুণ উদ্যোক্তা হতে চান পড়াশোনা শেষ করার আগেই। আর এই সময়ে যেহেতু তাঁদের কাছে পর্যাপ্ত টাকা থাকে না, তাই দলবলেই নামেন ‘কিছু একটা করার যুদ্ধে’। গতানুগতিক ব্যবসা ছাড়াও নতুন ধারণা নিয়ে কাজ করার ইচ্ছা দেখাচ্ছেন তাঁরা। এই যেমন বনশ্রীর মোহাইমেন আশরাফীদের কথাই ধরা যাক। মোহাইমেন এবং তাঁর বন্ধু ইয়াসিন আরাবী ও সৈকত মিলে নানা ধরনের পরিকল্পনা করেন। শেষমেশ চূড়ান্ত হয় তাঁরা একটা খাবারের কার্ট (ভ্রাম্যমান দোকান) কিনবেন। তবে সেটা হবে সবার থেকে আলাদা।
কীভাবে আলাদা করবেন আপনাদের খবার বিক্রির গাড়িটা? জানতে চাইলে এই দলের সদস্যরা জানায়, তারা ক্রেতা টানতে নাম ঠিক করে লোল। গাড়িতে বিক্রি হবে নানা ধরনের কাবাব। গাড়ির সামনের অংশে সেন্সরযুক্ত কাচ দিয়ে ঘেরা হবে। ক্রেতা খাবার নেওয়ার জন্য কাচের সামনে হাত বাড়াতেই সেটা হাঁ করে খুলে যাবে। তাদের এই পরিকল্পনা এখনো প্রাথমিক পর্যায়েই আছে। তবে এরই মধ্যে নিজেদের ব্যবসা শুরু করেছেন ইমরান, সাহেদ, তন্ময়, ফয়সালরা মিলে। তৈরি পোশাক কারখানা থেকে ঝুট কিনে চারটি গাড়িতে সেগুলো বিভিন্ন স্থানে বিক্রির করছেন তাঁরা। ‘এখন পর্যন্ত ফলাফল আমাদের অনুকূলে’ বলে জানালেন ইমরান। কেউ শুরু করছেন, কারও পরিকল্পনা আবার শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী শুভ্র রায় বলেন, ‘তরুণেরা ভালোবাসে নিজেদের পড়াশোনার জ্ঞানকে কাজে লাগাতে। আমরা কয়েক বন্ধু মিলে যেমন একবার সিদ্ধান্ত নিলাম, পড়া শেষ করেই একটা প্ল্যানিং এজেন্সি খুলব। তবে কারও কারও মত আবার আবাসন কোম্পানি দাঁড় করানোর দিকে। তাই মাসে কয়েকবারই আমরা বসছি। কিন্তু ফলাফল ফিফটি –ফিফটি। এখন পর্যন্ত এ অবস্থাতেই আছে।’
কেউ কেউ আবার এত বেশি ধারণা মাথায় নিয়ে ঘুরছেন যে রাতে ঘুমাতে সমস্যা হচ্ছে। এই না-ঘুমানো দলের অন্যতম সদস্য ঢাকা কলেজের সালেহিন আশরাফ। এরই মধ্যে সালেহিন তাঁর কলেজ বন্ধুদের একত্র করেছেন। তাঁর ইচ্ছে নিজের জেলা যশোরে একটা আধুনিক রেস্তোরাঁ করার। সালেহিন বলে চলেন, ‘যশোর অনেক বড় একটা শহর হলেও ঢাকার মতো খুব ভালো রেস্তোরাঁ নেই। আমার ইচ্ছে, বন্ধুদের সঙ্গে নিয়ে বাঁশ আর কাঠ দিয়ে পুকুরের ওপর একটা রেস্তোরাঁ বানাব। পুকুরের স্বচ্ছ পানিতে থাকা মাছ ক্রেতাদের নির্দেশমতো ধরে রান্না করা হবে। রেস্তোরাঁ ছাড়াও ই-কমার্স সাইট খুলে আমাদের অঞ্চলের বিভিন্ন হস্তজাত পণ্যের বেচাকেনা করব। আরও আইডিয়া আছে, এখনই বলতে চাই না।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিমা সুলতানা বলেন, ‘তরুণদের মধ্যে এমন উদ্যোগ থেকেই বেরিয়ে আসবে আগামী দিনের ব্যবসায়ী। অনেকেই শুরু করবে। হয়তো সবাই সফল হবে না। তবুও যারা টিকে থাকবে তাঁরা আরও নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে বলেই আমার বিশ্বাস।’ যাঁরা চাকরি করবেন না, বরং চাকরি দেবেন, এমন তরুণদের জন্য ফেসবুকে রয়েছে একটি জনপ্রিয় গ্রুপ—‘চাকরি খুঁজব না, চাকরি দেব’। এখানে তরুণদের নানা ধরনের পরামর্শ ও সহায়তা দিয়ে সামনে এগিয়ে যাওয়ার পথকে সহজ করে দেওয়া হয়। আপনার আইডিয়া সমন্ধে পরামর্শ করতে পারেন এই গ্রুপেও।