ঈদ মোবারক। বন্ধুসভার পাঠক-বন্ধু সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ সবার জন্য বয়ে আনুক সুখ-শান্তি-সমৃদ্ধি।
ঈদের আনন্দের মধ্যে কিছু কাজের কথাও বলে রাখি।
সারা দেশের বন্ধুদের নাম ডেটাবেজে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আমাদের কাছে দেশের প্রায় সব বন্ধুসভার কার্যকরী কমিটির বন্ধুদের নাম-ঠিকানা আছে। এখন আমাদের শুধু প্রয়োজন কমিটির বাইরের যেসব বন্ধু আছেন তাঁদের নাম-ঠিকানা। নতুন-পুরোনো সব বন্ধুর নাম-ঠিকানা আমাদের দরকার। স্থায়ীভাবে তাঁদের নাম অন্তর্ভুক্ত হয়ে যাবে ডেটাবেজে। বন্ধুদের নাম সংগ্রহের দায়িত্ব দিতে চাই সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক ও সভাপতিকে। আগামী এক মাস (জুলাই) এই ঠিকানা সংগ্রহের অভিযান চলবে। নাম ঠিকানা সংগ্রহ করে তঁারা সেগুলো বন্ধুসভার ই–মেইলে পাঠাবেন। একই সঙ্গে চলবে নতুন সদস্য সংগ্রহ অভিযান। এটাও চলবে জুলাই মাসজুড়ে। এই কাজের দায়িত্ব কার্যকরী কমিটির দুজন যুগ্ম সাধারণ সম্পাদকের।
আমরা সিদ্ধান্ত নিয়েছি, সারা দেশে সব বন্ধুর ব্যক্তিগত লাইব্রেরি থাকবে। যাঁরাই বন্ধুসভার সদস্য তাঁদেরই ব্যক্তিগত লাইব্রেরি করতে হবে। কোনো বন্ধুর সংগ্রহে ২০টি বই থাকলেই আমরা ধরে নেব তাঁর ব্যক্তিগত লাইব্রেরি বা পাঠাগার আছে। প্রথমে শুরু হবে কার্যকরী কমিটির বন্ধুদের লাইব্রেরি গড়ার উদ্যোগ। পাশাপাশি শুরু হবে সাধারণ সদস্যদের পাঠাগার গড়ার প্রচেষ্টা।
বেশ কিছু জেলায় পাঠচক্রের জন্য আমরা বই পাঠিয়েছি। আমরা চাই এই বইগুলো বিভিন্ন বন্ধুসভায় যাবে এবং তারাও পাঠচক্রে অংশ নেবে। এক বন্ধুসভার বই পাঠ শেষ হলে সেই বইগুলো অন্য বন্ধুসভায় পাঠিয়ে দেবে। তাদের পাঠচক্র শেষ হলে তারা আবার পাঠাবে অন্য বন্ধুসভায়। এভাবে বইগুলো ঘুরতে থাকবে বিভিন্ন বন্ধুসভায়।
প্রায় সব জেলায় লেখার ইশকুল ম্যাগাজিন পাঠিয়েছি। আমরা চাই লেখার ইশকুল নিয়ে পাঠচক্র হোক।
আশা করি, ঈদের ছুটির পর সব কাজ পর্যায়ক্রমে সম্পন্ন হবে। অনেক কাজের কথা বললাম। আমরা যেন আনন্দের সঙ্গে কাজগুলো করি। সবাই ভালো থাকুন। আবারও সবাইকে জানাই ঈদ মোবারক।
সভাপতি, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ