
এ দেশের মুক্তিযুদ্ধ ছিল সর্বশৃঙ্খল থেকে বাঙালি জাতির মুক্তি। আমরা ’৭১–এ স্বাধীনতার স্বাদ পেলেও সত্যিকার মানবিক চেতনাবোধ এবং সর্ব শ্রেণির বৈষম্যহীন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রাদর্শ এখনো গড়ে ওঠেনি। তাই স্বাধীনতার ৪৫ বছরে এসেও জাতির কিছু মৌলিক বিষয়ে আমরা ঐকমত্যে থাকতে পারছি না। নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মামুনুর রশীদ ২৫ ডিসেম্বর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে তিন দিনব্যাপী তির্যক নাট্যমেলার শেষ দিনে এসব কথা বলেন। তির্যক নাট্যদলের পরিচালক আহমেদ ইকবাল হায়দারের সভাপতিত্বে মামুনুর রশীদ আরও বলেন, বাঙালি মুক্তবুদ্ধি চর্চা এবং অসাম্প্রদায়িক চেতনাবোধ নিয়ে এগিয়েছিল, তারই ধারাবাহিকতায় মঞ্চনাটক শিল্পমাধ্যম হিসেবে এ দেশে স্বকীয় ধারায় সুপ্রতিষ্ঠিত হয়েছে। মঞ্চকর্মীরা প্রতিনিয়ত সর্ব মানবতার মুক্তির জয়গান মঞ্চের আলোয় উচ্চারিত করে যাচ্ছে।’ তাঁর বক্তৃতার বিষয় ছিল ‘কেন নাটক করি’।
সমাপনী দিনের কর্মসূচিতে ছিল বেলা তিনটায় লেকচার থিয়েটার মিলনায়তনে ‘কেন নাটক করি’ শিরোনামে মুক্ত আলোচনা। মূল আলোচনার পরপরই মুক্তমঞ্চে বিকেল চারটায় গান পরিবেশন করে গীতধ্বনি সংগীত অঙ্গন। গানের পর নাচ পরিবেশন করে ওডিসি অ্যান্ড টেগোর ড্যান্স মুভমেন্ট সেন্টার। গান ও নাচের পর লেকচার থিয়েটার মিলনায়তনে প্রদর্শিত হয় মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র একটি পতাকার জন্ম।
সব শেষে সন্ধ্যা সাড়ে ছয়টায় মূল মিলনায়তনে তির্যক নাট্যদল পরিবেশন করে কথাশিল্পী সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত তরঙ্গভঙ্গ নাটক। নাটকটির নির্দেশনা দিয়েছেন আহমেদ ইকবাল হায়দার। নাটকে অভিনয় এবং নেপথ্যে রয়েছে সুজিত চক্রবর্তী, অমিত চক্রবর্তী, রমিজ আহমেদ, রিপন বড়ুয়া, মাহবুবুল ইসলাম, মুফিজুর রহমান, জুয়েল চাকমা, জয়া বড়ুয়া, নুরুদ্দিন নিহাল, কিরীটি সাহা, আহমেদ ইকবাল হায়দার, এ কে এম ইছমাইল, শায়লা শারমিন, মিখাইল মোহাম্মদ রফিক, লাকী আমিন। এই নাটকের পোশাক পরিকল্পনায় ছিলেন নায়লা আজাদ। নাটকের পরপরই তিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন নাট্যকার মামুনুর রশীদ।