আব্দুল কুদ্দুস, কক্সবাজারপ্রতিবছর জাতীয় অর্থনৈতিক উন্নয়নে কক্সবাজার নানা খাত থেকে সরকারকে প্রায় ৩৫ হাজার কোটি টাকা জোগান দিলেও বিনিময়ে কিছুই পাচ্ছে না এখানকার মানুষ। অতীতে কক্সবাজারের উন্নয়নে সরকার নানা পরিকল্পনা নিলেও তার কোনো বাস্তবায়ন হচ্ছে না। অথচ একটু উদ্যোগী হলে এখানকার সম্পদ কাজে লাগিয়ে পর্যটনসহ নানা ক্ষেত্রে কক্সবাজারের চেহারা পাল্টে দেওয়া যায়। তখন কক্সবাজার হতো সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ডের মতো আন্তর্জাতিক পর্যটন নগর। আসন্ন জাতীয় বাজেট নিয়ে গত শুক্রবার প্রথম আলোকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে স্থানীয় বিএনপির সাংসদ ও শিল্পপতি লুৎফুর রহমান কাজল এসব কথা বলেন। সাংসদ কাজল বলেন, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১২৬ কিলোমিটার রেললাইন সম্প্রসারণ, কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দর, মহেশখালীর সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর, ঘুমধুম হয়ে মিয়ানমার থেকে চীন পর্যন্ত মৈত্রী সড়ক নির্মাণের জন্য বাজেটে অর্থ বরাদ্দ থাকতে হবে। তিনি বলেন, ১২০ কিলোমিটার দীর্ঘ সৈকতের অব্যবহূত সিংহ ভাগ মহাপরিকল্পনার আওতায় এনে, নিরাপত্তা ও অবকাঠামোগত সুবিধা দিয়ে সরকার এখানে আন্তর্জাতিক মানের চেইন হোটেল, পর্যটনবান্ধব অ্যামিউজম্যান্ট পার্ক, বোর্ডিং সিস্টেমে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ঢাকার অ্যাপোলো-ইউনাইটেডের মতো আধুনিক হাসপাতাল, বিনোদন পার্ক, বিদেশি পর্যটকদের জন্য সংরক্ষিত বিশেষ পর্যটনপল্লিসহ নানা খাতে জমি ইজারা দিয়ে দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে বিনিয়োগের সুযোগ করে দিতে হবে। সাংসদ কাজল বলেন, জাতীয় অর্থনীতিতে কক্সবাজারের অবদান অপরিসীম। প্রতি বছর এই কক্সবাজার থেকে জাতীয় অর্থনৈতিক উন্নয়নে প্রায় ৩৫ হাজার কোটি টাকা জোগান দিচ্ছে। কক্সবাজারে যত বেশি বিনিয়োগ হবে, তত বেশি লাভবান হবে দেশ। মেরিন ড্রাইভ সড়কের ভবিষ্যৎ প্রসঙ্গে সাংসদ কাজল বলেন, নানা ভাবে চেষ্টা করেও সমুদ্রের আগ্রাসন থেকে সড়কটি রক্ষা করা যাচ্ছে না। থাইওয়ান ও মালয়েশিয়ার মতো দুই স্তরের পাথরের বাঁধনির্মাণ ও সড়ক থেকে তিন-চার শ ফুট সমুদ্রের মধ্যে ওয়েভ ব্রেকার (স্টারের মতো দেখতে পাওয়ালা একধরনের আরসিসি পিলার) স্থাপন করার জন্য বাজেটে বরাদ্দ থাকতে হবে। সাংসদ কাজল বলেন, যোগাযোগব্যবস্থার উন্নতির স্বার্থে বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়ক, চট্টগ্রামের আনোয়ারা থেকে বাঁশখালী-চকরিয়া হয়ে কক্সবাজার পর্যন্ত উপকূলীয় বা এবিসি সড়ক, কক্সবাজার পর্যন্ত রেললাইন সমপ্রসারণ প্রকল্পের দ্রুত বাস্তবায়ন অত্যন্ত জরুরি। এর জন্য বাজেটে বিশেষ বরাদ্দ দরকার। এসব প্রকল্প বাস্তবায়িত হলে টেকনাফ, সেন্ট মার্টিনসহ কক্সবাজার অঞ্চলে পর্যটনশিল্প বিকাশের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের দ্বার উন্মোচিত হবে।