প্রতিষ্ঠাতা সভাপতি, নিরাপদ সড়ক চাই নরসিংদীর সড়ক দুর্ঘটনায় সত্যিই খুব চিন্তিত আমি। কিন্তু যাদের ক্ষতি হলো, তাদের কষ্টের বোঝা কেউ নেবে না। মুখে মুখে সচেতনতা বললেই হয় না। এর জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে সরকারকে। নীতিমালা করতে হবে। আর এটি শুধু সরকারই করতে পারে। কোনো বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষে করা সম্ভব নয়। যখনই বড়সড় কোনো দুর্ঘটনা ঘটে, তখনই কেবল সরকারের টনক নড়ে। সবাই এটি নিয়ে ব্যস্ত হয়। এরপর কিছুদিন গেলেই সবাই সব ভুলে যায়। সম্প্রতি ঘটে যাওয়া দুর্ঘটনার পর শুনেছি পুলিশ বিভাগ সরকারের কাছে নতুন বিধান দিয়েছে। যাতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা যায়। বিধানে শাস্তি হিসেবে সাত থেকে ১০ বছরের কারাদণ্ড রয়েছে। এ ছাড়া আমরাও সরকারের কাছে সড়ক দুর্ঘটনা প্রতিরোধের নানা পরিকল্পনা ও নীতিমালা পেশ করেছি। এখন প্রয়োজন এর বাস্তবায়ন। সরকারকে দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। যারা বাস, ট্রাকসহ ছোট-বড় গাড়ির চালক, তাদের যথাযথ প্রশিক্ষণ দিতে হবে। এই প্রশিক্ষণের জন্য কারিগরি শিক্ষাব্যবস্থায় আলাদা বিষয় যুক্ত করা যেতে পারে। তাহলে তারা সঠিক প্রশিক্ষণটি পাবে।