কি–বোর্ডে নয়, আজ হাতে লেখার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে...’। গানের কলির সেই ভাঙা ভাঙা গোটা গোটা হাতে লেখা চিঠির দিন ফুরিয়েছে বেশ আগেই। ফুরিয়েছে পরীক্ষার খাতায় ‘সুন্দর হস্তাক্ষরের জন্য পাঁচ নম্বর’ বরাদ্দের সেই যুগও। পাশের বন্ধুটি যখন মুক্তোর দানার মতো একেকটি অক্ষর পাশাপাশি বসিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে চলত, মুগ্ধতা আর ঈর্ষা মেশানো দৃষ্টি স্থির হয়ে থাকত সেই শৈল্পিক পঙ্‌ক্তিগুলোর ওপর। এখনো এমন হয় নিশ্চয়ই। তবে বোধ হয় ফিকে হয়ে এসেছে কিছুটা। কম্পিউটার কি-বোর্ড দখল করে নিচ্ছে পেনসিল-কলম-কাগজের জায়গা। শিক্ষাব্যবস্থায় হাতের লেখার মূল্যায়ন আছে বটে এখনো, কিন্তু সুন্দর লেখার শিল্পমূল্য যেন ঠিক আগের মতো নেই।

আজ ২৩ জানুয়ারি, হাতের লেখা দিবস। হারিয়ে যেতে বসা লিখনশৈলী পুনরুদ্ধারের প্রতি মানুষের মনোযোগ আকর্ষণ করতে ১৯৭৭ সালে দিবসটির প্রচলন করে যুক্তরাষ্ট্রের দ্য রাইটিং ইনস্ট্রুমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। তারিখ হিসেবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণাপত্রে প্রথম স্বাক্ষরকারী জন হ্যানকের জন্মদিনকে বেছে নেওয়া হয়। যিনি তাঁর সেই স্বাক্ষরের জন্য স্মরণীয় হয়ে আছেন।

ডেজ অব দ্য ইয়ার অবলম্বনে