কিরওয়ানি অর্কেস্ট্রার সুরে মুগ্ধ দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাদ্যযন্ত্রে প্রাচ্য ও পাশ্চাত্যের মেলবন্ধন ঘটালেন কিরওয়ানি অর্কেস্ট্রার শিল্পীরা l প্রথম আলো
বাদ্যযন্ত্রে প্রাচ্য ও পাশ্চাত্যের মেলবন্ধন ঘটালেন কিরওয়ানি অর্কেস্ট্রার শিল্পীরা l প্রথম আলো

একদিকে রাজনৈতিক অস্থিরতা, অন্যদিকে কনকনে শীত। সব বৈরিতা পেছনে ফেলেই জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে হাজির হয়েছিলেন দর্শকরা। খালি হাতে ফেরায়নি সুইডেনের খ্যাতনামা জ্যাজ সংগীত দল কিরওয়ানি অর্কেস্ট্রার শিল্পীরাও। গিটার, সেতার, স্যাক্সোফোন ও একতারার সুরের মায়ায় আচ্ছন্ন করে রেখেছিলেন তাঁরা দর্শকদের।
২২ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে এই সংগীত–আসরের আয়োজন করে চিটাগাং মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (সিএমবিএ)। সুইডিশ ব্যান্ড কিরওয়ানির দলনেতা সাযেদ উল আলম এদেশের জনপ্রিয় ব্যান্ড সোলসেরও এক সময়কার প্রতিষ্ঠাতা সদস্য। তাই আসরে তপন চৌধুরীসহ সোলসের বেশ কয়েকজন শিল্পী উপস্থিত ছিলেন।
কেবল তা–ই নয় অনুষ্ঠানে একটি গানও গাইলেন তাঁরা। প্রাচ্য ও পাশ্চাত্যের সংগীত নিয়ে ফিউশনধর্মী উপস্থাপনা করেছেন কিরওয়ানির শিল্পীরা। ভারতীয় রাগ সংগীত স্যাক্সোফোন ও গিটারের সুরে যেমন উঠে এসেছে তেমনি পাশ্চাত্যের সুরেও মিশে গেছে এদেশের সেতার একতারা।
অনুষ্ঠানের শুরুতে নাটকীয় ভঙ্গিতে দর্শক সারি থেকে বাদ্যযন্ত্রের তালে তালে ‘আমরা বাংলাদেশ ভালোবাসি’ শিরোনামের গান পরিবেশন করতে করতে মঞ্চে উঠে আসেন কিরওয়ানি অর্কেস্ট্রার সদস্যরা। বাংলার লোকগীতির সুরে গানটি পরিবেশন করেন শিল্পীরা। এরপর মঞ্চে শুরু হয় কথামালার আয়োজন। সঙ্গীতসন্ধ্যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক। স্বাগত বক্তব্য দেন সোলস ব্যান্ডের প্রাক্তন সদস্য সুব্রত বড়ুয়া রনি। এছাড়াও সোলস নিয়ে স্মৃতিচারণায় অংশ নেন ব্যান্ডের প্রাক্তন সদস্য শিল্পী তপন চৌধুরী, আহমেদ নেওয়াজ, মোহাম্মদ আলী এবং কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহিত উল আলম। কথামালা শেষে শীতের কুয়াশা ভেদ করে মঞ্চে বেজে উঠে সুরের ঝংকার।
শুরুতেই কিরওয়ানির সদস্যরা গিটার, সেতার ও তবলায় শোনান ‘দ্যা কল অব স্প্রিং’ শিরোনামে পরিবেশনা। এরপর ছিল স্যাক্সোফোন, গিটার, সেতার ও তবলায় ‘মি আলমা মিমুন্ড’ শিরোনামের পরিবেশনা।
এভাবে একে একে কখনো ধীর লয়ে, কখনো আবার দ্রুত লয়ে সুরের ইন্দ্রজালে তাঁরা ভাসিয়ে নেন দর্শকদের। দলের লিড গিটারে ছিলেন আনাথোলি বালকিন, সেক্সোফোনে মার্টিন নরবার্গ, তবলা ও পারকিউশনে সুরজাত রায়, বেইজ গিটারে পার হেনরি লেভি নাগ এবং ড্রামে ছিলেন অ্যান্ড্রুস বাও।
কিরওয়ানি অর্কেস্ট্রার সংগীত পরিবেশন শেষে মঞ্চে উঠেন সোলস ব্যান্ডদলের পুরোনো সদস্যরা। তপন চৌধুরীর নেতৃত্বে তাঁরা পরিবেশন করেন ‘আচ্ছা পাগল মন রে’ শিরোনামের গানটি। এর মাধ্যমে শেষ হয় সংগীতসন্ধ্যার আয়োজন।