কিরগিজ কেতায় কোরবানি ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘণ্টা কয়েক হলো আকাশ থেকে ঝরছে গুঁড়ি গুঁড়ি তুষার। তাতে বয়ে চলা জলধারা জমে জমে হয়েছে আয়নার মতো চকচকে। বিকেল বিষণ্ন হতে হতে নেমে আসছে ধূসর সন্ধ্যা, আর আলোরিক্ত বাতাবরণে চার-পাঁচটি সওয়ারিহীন ঘোড়া চড়চড় করে তুষারের চাকলা ভেঙে আওয়ারা চরে বেড়ায়। আমি রামাজান রফিকভের হাতে ভর দিয়ে সাবধানে বরফ হয়ে আসা স্রোতস্বিনী পাড়ি দিই। এ পারের মরা ঘাসের শুকনা ডাঙায় দাঁড়িয়ে সোনালি ইগল দিয়ে শিকারের প্রবীণ প্রশিক্ষক ওস্তাদ আবদুল্লাবালি আকায়েভ। তিনি জনা দুই তরুণ ঘোড়সওয়ারের পাশে দাঁড়িয়ে আরেক প্রৌঢ় ইগলশিকারির সঙ্গে সলাপরামর্শ করছেন। ওখানে এসেই নজরে পড়ে প্রায় সত্তর বছর আগে সমাজ থেকে সহসা গায়েব হয়ে বেফানা অবস্থায় নিহত কিরগিজ বুদ্ধিজীবীদের ইয়াদগারিতে গড়ে তোলা গায়েবি গোরস্থান। মাত্র বছর কয়েক আগে আবদুল্লাবালি চীন দেশের নির্বাসন থেকে ফিরে এসে হামছায়ার সবাইকে জড়ো করে গড়ে তুলেছেন এ কবরগাহ। ‘আতা বেইয়েৎ বা আমাদের পিতৃপুরুষদের গোর’ বলে পরিচিত এ মাকবারায় জাঁকজমক কিছু নেই। এখানে আছে কেবল খাড়া করে বসানো টুম্বস্টোন বা কয়েকটি পাথর। গায়েবি এ গোরস্থানের হাশিয়ায় মনুমেন্টের মতো দাঁড় করানো পাথরে সূক্ষ্ম কারুকাজ করা একটি দেয়াল। সকালে ‘কোরমান আইত বা কোরবানির ঈদ’ উদ্যাপন উপলক্ষে আয়োজিত সোনালি ইগলের শিকারে আমি ও আমার ভ্রমণসঙ্গিনী বানি ইসমাম শরিক হয়ে বেজায় রকমের পেরেশান হয়েছি। দেয়ালের পাশে বসে জনা কয়েক দীনদুখি মিসকিন। এদের মধ্যে স্কার্ফে মুখ জড়ানো দুই তরুণীও আছেন। আবদুল্লাবালি লাগাম ধরে টেনে নিয়ে আসেন দুই কুঁকুদওয়ালা একটি উট, তার পিঠে বান্ডিল বেঁধে রাখা দান-খয়রাতের সামানাদি। তিনি তাদের হাতে প্যাকেটগুলো তুলে দিতে গিয়ে উবু হয়ে বসে অত্যন্ত হামদর্দির সঙ্গে কথাবার্তা বলেন। বাচ্চাদের কোলে নিয়ে হাসিমুখে চুমো খেলে মহাকাব্যের জটিল চরিত্রের মতো অত্যন্ত মেজাজি এ মানুষকে সাদাদিলের অভিনেতার মতো দেখায়। চপচপ করে তুষার মাড়িয়ে আমার পাশে এসে দাঁড়ায় বানি ইসমাম। সোনালি ইগল শিকারের পর সে সুনাম বুবুর সঙ্গে লাপাত্তা হয়েছিল, আবার উদয় হয়েছে। বানি আবদুল্লাবালির দান-খয়রাতের প্রক্রিয়ার দিকে তাকিয়ে বলে, ‘হি ইজ সো কাইন্ড, সো সুইট উইথ দেম। আই ফিল লাইক টু প্লে দ্য রোল অব অ্যা বেগার।’ আরে, এটা নাটক নাকি যে তোমার ইচ্ছা হলো আর তুমি ভিখারির রোল প্লে করলে? রামাজান রফিকভ তার মন্তব্যে বিভ্রান্ত হয়ে তাকে বোঝাতে চেষ্টা করেন, ‘কিরগিজস্তানে দারিদ্র্য থাকলেও মানুষের হালত এত খারাপ নয়। তবে কিনা সোভিয়েত আমলে মুসলমানদের দান-খয়রাতের বুনিয়াদি রেওয়াজ নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। ওস্তাদ আবদুল্লাবালি চেষ্টা করছেন আমাদের কৌমে পুরোনো সব রসুম ফিরিয়ে আনতে।’ গায়েবি গোরস্থান দর্শন শেষে আমাদের নিয়ে আসা হয় মহল্লার লাইব্রেরিতে। যেহেতু আমি ও বানি লাইব্রেরি এক্সচেঞ্জ প্রোগ্রামের হিল্লা ধরে কিরগিজস্তানে এসেছি, সুতরাং দৈহিকভাবে ক্লান্ত হলেও এ অনুষ্ঠান অ্যাভয়েড করা যায় না। লাইব্রেরিতে পাড়াপড়শি সব পুড়ুয়ারা রুটি, নুন ও পনির নিয়ে অপেক্ষা করছে। তারা সুরাইতে করে নিয়ে এসেছে ‘জারমার’ বলে বার্লি ফারমেন্টেড করে তৈরি এক ধরনের পানীয়। কথা প্রসঙ্গে রামাজান বলেন, আমাদের সঙ্গে তাঁদের সংস্কৃতির মিলমিশ না হওয়াতে আমরা সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হয়েছি বটে, তবে সে আমলে সাক্ষরতা ও বই পাঠের বিষয়ে বিস্তর উন্নতি হয়। কিরগিজস্তানের সবাই আজকাল লিখতে-পড়তে পারে, এবং প্রতিটি মহল্লায় আছে লাইব্রেরি। গ্রামের বেশ কজন বৃদ্ধ-বৃদ্ধাও পাঠাগারে এসেছেন কোরমান আইত পালন করতে। এঁদের অনেকেই চোখে আর তেমন ভালো করে দেখতে পান না। বইপত্র, পত্রিকা পাঠ তাঁদের জন্য কঠিন। ঈদে-চান্দে লাইব্রেরিতে তাঁদের জন্য বিশেষ প্রোগ্রাম হয়। আজ গ্রামের বালক-বালিকারা বয়স্ক মানুষদের গল্প পড়ে শোনাচ্ছে। আমরা এসে যাওয়াতে গল্প পাঠে বিরতি হয়। বৃদ্ধদের অনেকেই বাংলাদেশ সম্পর্কে বিশেষ কিছু জানেন না। ছেলেমেয়েরা আমাকে বাংলাদেশের গল্প বলতে অনুরোধ করে। আসকার দারিয়েদেভ বলে তাসখন্দ থেকে ডিগ্রিপ্রাপ্ত ইংরেজি জানা এক প্রফেসর দোভাষীর দায়িত্ব নিলে আমি সাত ভাই চম্পার গল্প বলি। তারা কখনো আমাদের এলাকার কোনো মানুষজনকে দেখেনি, তাই বৃদ্ধরা থিয়েটারে দুর্গাদাসের সঙ্গে সহবৎ করার উৎসাহ নিয়ে আমাকে অবলোকন করেন। আমি লাইমলাইটে এসেছি, এখানে বানির চেয়েও বেশি গুরুত্ব পাচ্ছি ভেবে দিলে বড় আনন্দ হয়।গল্প বলা শেষ হলে পর ব্যালাদের ট্রুপ আসরে নামে। লোহিত বর্ণের বুনিয়াদি পোশাক পরে তিনটি যুবক ও দুটি যুবতী। তারা ছন্দে-শ্লোকে বলে যায় প্রায় সত্তর বছরের পুরোনো একটি কাহিনি। তাদের মধ্যিখানে দাঁড়িয়ে এক তরুণ ‘চাপো-চুর’ বলে কাদামাটিতে তৈরি বাঁশরি বাজিয়ে গল্পের সঙ্গে সংগত করে। এ সুরধ্বনি বড়ই করুণ। আসকার দারিয়েদেভ ফিসফিস করে আমাদের জন্য তর্জমা করেন। ১৯৩৪ সালের ঘটনা। শেষ রাতের দিকে কিরগিজস্তানের রাজধানী বিশকেকের ফ্রুনজে কারাগার থেকে চোখে ঠুলি পরিয়ে চন-তাস বলে বিরান এক পাহাড়ে নিয়ে যাওয়া হয় ১৩৭ জন বিরুদ্ধবাদী রাজনীতিবিদ, শিক্ষক, বিজ্ঞানী ও অন্যান্য বুদ্ধিজীবীকে। এঁদের মধ্যে ছিলেন দুনিয়াজোড়া খ্যাতিমান কিরগিজ লেখক চেঙ্গিস আইতমাতভের বাবা তরোকুল আইতমাতভ। হত্যার পর সোভিয়েত সিক্রেট পুলিশ তাঁদের দেহ পুঁতে দেয় লোকচক্ষুর অন্তরালে। আসকার দারিয়েদেভ আমাদের বলেন, ‘আমরা অনেকেই তারুণ্যে সাম্যবাদী আদর্শে বিশ্বাস করেছি। সোভিয়েত আমলে কিরগিজস্তানের অর্থনৈতিক উন্নতিও হয়েছে প্রভূত। তার পরও আমাদের মানস থেকে মুছে যায়নি এ হত্যার স্মৃতি।’ অধুনা কিরগিজস্তান সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হলে পর সে আমলের এক সিক্রেট পুলিশের বয়োবৃদ্ধ মৃত্যুপথযাত্রী কন্যার কাছ থেকে জানা যায়, কিরগিজ বুদ্ধিজীবীদের মৃত্যুপুরী চন-তাসের সংবাদ। বর্তমানে ওখানে ‘আতা বেইয়েৎ বা পিতৃপুরুষের সমাধি’ বলে মনুমেন্ট গড়া হয়েছে। এ হত্যাকাণ্ডে এ এলাকার কিছু মানুষও নিহত হয়। তারা হঠাৎ কোনো কারণ ছাড়া জনজীবন থেকে গায়েব হয়ে যায়। ওস্তাদ আবদুল্লাবালি চীনের নির্বাসন থেকে ফিরে এসে তাদের স্মৃতিতে গড়ে তুলেছেন গায়েবি গোরস্থান।লাইব্রেরির পেছনের আঙিনায় পাতা হয়েছে বেশ-বারমাক ভোজের সফেদ মেষের লোমে গড়া বিশেষ তাঁবু। তাঁবুর ভেতরে তুলতুলে সব সারদাক গালিচা পাতা। ওপরে লাল-নীল-হলুদের নকশাকাটা চান্দোয়া। ঠিক মধ্যিখানে অগ্নিকুণ্ডে ‘কাজান’ নামের শিরনির ডেগের মতো বৃহৎ পাত্রে বলকাচ্ছে ‘সরপা’ বলে মাংসের সুরুয়া। আমরা তাঁবুতে আসতেই ওস্তাদ আবদুল্লাবালি খুব তাজিমের সঙ্গে ‘কুরপাচা’ বলে দুটি কুশন এগিয়ে দেন। ‘আরে ওস্তাদ, আপনি খালি খালি কষ্ট করছেন কেন?’ বলে আমি তমিজের পরিচয় দিতে গেলে তিনি গমগমে বলায় বলেন, ‘মেহমুন অতাংগলা উলাগ’ বা ‘অতিথির ইজ্জত পিতামাতার চেয়েও বেশি।’ তাঁর পুত্রবধূ তাম্বার তিরলে করে আমাদের সামনে রাখেন দুটি ‘কয়বাস বা মেষের কাটা মুণ্ডু।’ বানি তাদের দিকে এমনভাবে তাকায়, যেন সে ফরাসি বিপ্লবে গিলোটিনে সদ্যকাটা রানির মস্তক দেখছে।ওস্তাদের পুত্রবধূ হাজেরান সবার সামনে বর্তনে করে বেশ কিছু মাংস রাখেন। দুষ্টু বালকদের মেষের সেদ্ধ করা কান দেওয়া হয়, যাতে তারা পিতামাতার কথাবার্তা শুনে। তরুণেরা পায় দৌড়ঝাঁপ ও যুদ্ধংদেহী তাকদের জন্য ঘোড়ার রানের মাংস। সদ্য বিবাহিতদের ভাগে পড়ে প্রজননক্ষম প্রত্যঙ্গের ঝলসানো টুকরো। আমাদের যে মাংস দেওয়া হয়েছে, তা এমেস্তালের খাড়ির মতো ভারী, বেজায় বৃহৎ ও দবিজ। বানি ওগুলো না ছুঁয়ে খানিক দূরের একটি বর্তনে রাখা মগজের মণ্ড ‘আকনান’ বলে পেঁয়াজ দেওয়া রুটি দিয়ে পেঁচিয়ে খেতে যায়। আমি এবার তাকে উপদেশ দিতে বাধ্য হয়ে বলি, ‘আরে, মগজ তো খাবে কৌমের আউয়া-জাউয়া পরীক্ষায় ফেল করা অপদার্থরা, তুমি না বুদ্ধিমতী, এসব তুমি খাচ্ছ কেন?’ সে তার বর্তনে রাখা বিশাল মাংসের টুকরো দেখিয়ে নালিশ করে, ‘কাঁটাচামচ, ছুরি ছাড়া এসব খাই কীভাবে?’ বেশ-বারমাকের মূল বিষয়টি হচ্ছে পাঁচ আঙুল দিয়ে খাওয়া। আর ছুরি কাঁটা দিয়ে তো এখানে বিশেষ কিছু করাও যাবে না। আমাদের ঘোড়ার যেসব সিনা গোর্দা পাঞ্জর দেওয়া হয়েছে, তা মেরামত করতে প্রয়োজন খঞ্জরের। প্রবলেম বুঝতে পেরে ওস্তাদের পুত্রবধূ নিয়ে আসেন ছোটখাটো একটি কুঠার। রামাজান তা দিয়ে ছেদাছেদি করে হাড্ডি ভাঙার হেকমত বানিকে দেখিয়ে দেন।হাজেরান মজলিশের সবাই মাংসের টুকরো মনোযোগ দিয়ে ছেঁড়াছেঁড়ি কামড়াকামড়ি করছেন। অবস্থাদৃষ্টে মনে হয়, কিরগিজস্তানে আসার আগে জিমনেশিয়ামে গিয়ে মুগুর ভেজে মাসল বানিয়ে এলে ভালো হতো। এমন সময় লাইব্রেরির বিষণ্ন ব্যালাদ গাওয়া ছেলেমেয়েরা কোরাস করে ওঠে, ‘ঘুরো গও...ঘুরো গও।’ আমার কানে তা ‘দূর হও...দূর হও’ এর মতো শোনায়। ওস্তাদের পুত্রবধূ সালুনের কট্টার মতো দেখতে বাটিতে করে আরক নিয়ে এবার তাঁবুর দোরগোড়ায় এসে দাঁড়ান। ওস্তাদ আমাকে বাটি দিতে হুকুম করলে অনভ্যাসবশে আমি কিন্তু তা পান করতে চাই না। তিনি জানতে চান, আমাদের এলাকায় এ রকমের কিছু কি একেবারেই চলে না। ‘না হুজুর, পানীয় বলতে আমরা ডাবের জল, আর জ্বরজারি হলে চিরতার পানি—এ পর্যন্ত।’ ‘তা পান না করলে তোমাকে কিন্তু কোনো কবিতা, গান বা নৃত্য করে দেখাতে হবে।’ ‘তাতে কোনো অসুবিধা নেই হুজুর’ বলে আমি হুংকার দিয়ে ওমর খৈয়ামের ‘নগদ যা পাও হাত পেতে নাও’ থেকে আবৃত্তি করি। ওমর খৈয়াম পাঠের সুবিধা হচ্ছে তাঁর রুবাইগুলো মাত্র চার লাইনের। এবার পুত্রবধূ বাটি বানির সামনে ধরলে সে কবিতা বা গানে উৎসাহ না দেখিয়ে তা ঢকঢক করে পান করে। এ আরক অনেক বছরের পুরোনো। সম্ভবত ওস্তাদ চীনে নির্বাসনে যাওয়ার আগে মাটির নিচে পুঁতে গিয়েছিলেন। পনেরো মিনিট কয়েকের মধ্যে তার চোখেমুখে হঠাৎ পাওয়া টেলিগ্রাফের মতো তাসির ফুটে ওঠে। সে দাঁড়িয়ে পড়ে টুইস্ট নাচের ভঙ্গিতে শরীর অষ্টবক্র করে গায়, ‘মাই বানি লাই ইন দ্য ওসেন...।’ তার শিরিষ কাগজের মতো খরখরে কণ্ঠস্বরে ব্যালাদের কিরগিজ গায়কেরা শিউরে ওঠে।ওস্তাদের পুত্রবধূ ‘কুইরুক-বোর’ বলে ভেড়ার লেজের নিচের থলথলে একটি চর্বির থলে বর্তনে করে নিয়ে এলে ওস্তাদ জানতে চান, তোমাদের মধ্যে কার বয়স বেশি? কুইরুক-বোর কেবল বয়স্কদের সম্মান করে পরিবেশন করা হয়। আমি সময় নষ্ট না করে বানিকে দেখিয়ে বলি, ‘হুজুর, ও আমার চেয়ে কম-সে-কম সাত বছরের বড়, কুইরুক-বোর কাইন্ডলি তাকে দেন।’ বানি এবার রীতিমতো চটে গিয়ে আমাকে পরিষ্কার ইংরেজিতে বলে, ‘ইউ আর ক্রসিং দ্য লাইন। উই নিড টু টক অ্যাবাউট দিস আফটারওয়ার্ডস।’ এ মার্কিন দেশীয় নারী রুষ্ট হচ্ছে, তাকে তুষ্ট করে চাকরির হিল্লা ধরে কিরগিজস্তান অবধি এসেছি। চাকরি-বাকরি না থাকলে আমি কিরগিজস্তান কেন, নিজের যোগ্যতায় কুলাউড়ায়ও যেতে পারব না। এ তো মহা মুশকিলের মধ্যেই পড়া গেল!বেশ-বারমাকের মজলিশে বিস্তর আরক পান চলছে। রাত বাড়ছে। আমি রামাজানের কাছে জানতে চাই, ‘হোটেলে ফিরে যাওয়ার কোনো উপায় আছে কি?’ তিনি নির্লিপ্তভাবে জানালেন, বাইরে ঘোড়ার মাংস ঝলসিয়ে কাবাব হচ্ছে। শেষ রাতের দিকে তা খেয়ে ফজরের আজানের পর ওস্তাদ কুড়াল দিয়ে তুষারের চাকলা ভেঙে জমে যাওয়া নদীতে বৃত্তাকার একটি জায়গা পরিষ্কার করবেন। ওখানে সবাই বেশ-বারমাকের এঁটো হাত ধুয়ে সাফসুতরা হয়ে তবে না ঘরে ফিরবে।[email protected]