কুখ্যাত অপরাধীদের অবস্থানের কারণে আলোচিত ভারতের দিল্লির তিহার কারাগার। সেই কারাগারের মহাপরিদর্শকের দায়িত্ব নিয়ে এর খোলনলচে বদলে দিয়েছিলেন কিরণ বেদি। স্বীকৃতি হিসেবে ১৯৯৪ সালে তিনি অর্জন করেন ম্যাগসাইসাই পুরস্কার। পাঞ্জাবে জন্ম নেওয়া ভারতের প্রথম ও সর্বোচ্চ পর্যায়ে দায়িত্ব পালনকারী ওই নারী কর্মকর্তা দীর্ঘ ৩৫ বছর কাজ করেছেন বিভিন্ন দায়িত্বশীল পদে। সেই সঙ্গে তিনি জাতিসংঘের সাবেক মহাসচিবের পুলিশ উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন। স্যাটেলাইট টেলিভিশনের কল্যাণে আমাদের কাছে তিনি পরিচিত ‘আপ কা কাচেরি’র উপস্থাপক হিসেবে। কারা-সংস্কারবিষয়ক দুই দিনের এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ৬ অক্টোবর প্রথমবারের মতো ঢাকায় আসেন কিরণ বেদি। তাঁকে নিয়েই এবারের মূল রচনা। ১৯৭৫ সালের ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে এসে চমকে গিয়েছিল অনেকে। সেদিন দিল্লি পুলিশের নেতৃত্ব দিচ্ছিলেন হালকা গড়নের এক নারী। ভ্রু কুঁচকাল কেউ কেউ। খোদ তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জানতে চাইলেন তাঁর পরিচয়। বলা হলো, তিনি দিল্লির চানক্যপুরী থানার সাবডিভিশনাল পুলিশ অফিসার কিরণ বেদি। ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের (আইপিএস) তরুণ কর্মকর্তা। ’৭২ সালে আইপিএসে যে ৭০ জন কর্মকর্তা যোগ দিয়েছেন, তাঁদের মধ্যে একমাত্র নারী। জাতিসংঘ ১৯৭৫ সালে নারী বর্ষ পালনের ঘোষণা দেওয়ায় কুচকাওয়াজে কিরণ দিল্লি পুলিশের নেতৃত্বে ছিলেন। শুনে কৌতূহল হলো ইন্দিরা গান্ধীর। পরদিন সকালে তিনি নাশতার নিমন্ত্রণ দিলেন কিরণকে।কেমন ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে প্রাতরাশের মুহূর্তগুলো? গত বুধবার সন্ধ্যায় ঢাকার ওয়েস্টিন হোটেলে ওই প্রশ্ন শোনার ৩৫ বছর আগে ফিরে গেলেন কিরণ। লক্ষ করলাম, তার চোখ জলে ছলছল। টিস্যু দিয়ে দ্রুত চোখ মুছলেন। বললেন, ‘তিনি ছিলেন মায়ের মতো। জানতে চাইলেন আমার পুলিশে যোগ দেওয়ার কারণ। বললাম, ব্যতিক্রমী কিছু করতে চাই। মানুষের সেবা করতে চাই। তাই পুলিশে যোগ দেওয়া। শুনে খুশি হলেন। বুকে জড়িয়ে ধরলেন। জানালেন, এক নারী পুলিশ কর্মকর্তা কুচকাওয়াজে নেতৃত্ব দিচ্ছে দেখতে পেয়ে তিনি শিহরিত। জানতে চাইলেন, আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি কি না। ইতিবাচক উত্তর দিলাম। পরম মমতায় মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করলেন। বললেন, তোমার লক্ষ্য পূরণ হোক। পরদিন ফলাও করে জাতীয় দৈনিকগুলো আমাদের প্রাতরাশের সংবাদটি ছেপেছিল। আজ বুঝি, সেই সকালটা আমার পেশাগত জীবনে অনেকখানি ছাপ ফেলেছিল। বাবা-মায়ের পর মমতাময়ী ইন্দিরা গান্ধী আমাকে প্রেরণা জুগিয়েছেন।’পাঠক, কথা হচ্ছিল ‘আপ কা কাচেরি’র উপস্থাপিকা কিরণ বেদির সঙ্গে। স্টার প্লাসের কল্যাণে অনুষ্ঠানটি দেখার সুযোগ হয় আমাদেরও। যেখানে কিরণ আইনসংক্রান্ত বিষয়ে লোকজনকে পরামর্শ দেন। পাশাপাশি যাদের প্রয়োজন আছে, তাদের জন্য টাকার ব্যবস্থা করেন।১৯৭৫ সালে তিনি প্রথম পাদপ্রদীপের আলোতে এসেছিলেন। সেই যে ৩৫ বছর আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে এলেন, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিজেকে অনেক দূর এগিয়ে নিয়েছেন তিনি। সেটা ইন্ডিয়া গেটে ধারালো অস্ত্রধারী বিবদমান গোষ্ঠীর দাঙ্গা দমন, কয়েক শ বছরের মাদক ব্যবসার চক্র ভেঙে দেওয়া কিংবা ক্রেন দিয়ে প্রধানমন্ত্রীর গাড়ি উঠিয়ে নেওয়া—থেমে থাকেননি কিরণ বেদি। তবে সবচেয়ে বড় অবদানটা রেখেছেন দিল্লির তিহার কারাগারের সংস্কারের মাধ্যমে। কারাগারকে আশ্রম বানাবেন—এই ব্রত নিয়ে খোলনলচে পাল্টে দিলেন কুখ্যাত সব অপরাধীর আবাস হিসেবে খ্যাত তিহার কারাগার। ওই কাজ তাঁকে এনে দিয়েছে সম্মানজনক ম্যাগসাইসাই পুরস্কার।এমনটা ভাবার কারণ নেই যে মসৃণ পথে এগিয়েছেন কিরণ, কিংবা সবাই তাঁর সব উদ্যোগকে ভালো চোখে দেখেছে। ‘প্রচারণার জন্য কাঙাল’ কিংবা ‘বিতর্কিত’ এমন তকমা এঁটে তাঁর বিরুদ্ধে কখনো কখনো তোলা হয়েছে অভিযোগের আঙুল। দায়িত্ব পাওয়ার পর নতুন কোনো পদক্ষেপ নিতে গেলে বদলির ঘটনাও ঘটেছে। কিন্তু এসব কিছুই তাঁকে টলাতে পারেনি। লক্ষ্যে অবিচল থেকেছেন সব সময়। তাই তো ২০০৭-এ সব যোগ্যতা থাকার পরও তাঁকে ডিঙ্গিয়ে দুই বছরের কনিষ্ঠ এক সহকর্মীকে দিল্লির পুলিশ কমিশনার নিয়োগ দিলে ‘ব্যক্তিগত কারণে’ স্বেচ্ছা অবসরে চলে যান কিরণ বেদি।কী ছিল ব্যক্তিগত কারণটা?‘খুব স্বাভাবিকভাবেই ধরে নিয়েছিলাম, দিল্লি পুলিশের শীর্ষ পদটি পেতে যাচ্ছি। সেভাবে নিজের কিছু পরিকল্পনা তো ছিলই। যখন দেখলাম, নারী বলেই আমার পথরোধ করা হলো, সিদ্ধান্ত নিলাম সরে দাঁড়ানোর। এ জীবনে কখনোই একই কাজের পুনরাবৃত্তি করিনি। সব সময় ব্যস্ত থেকেছি নতুন কিছু করতে। কারণ, মানুষের প্রতিনিয়তই সৃজনশীলতার মাধ্যমে বহুমাত্রিক কাজে যুক্ত হওয়াটা জরুরি।’জানতে চেয়েছিলাম, আজ যে জায়গায় তিনি দাঁড়িয়ে, কে অবদান রেখেছেন?‘আমি আজ যে জায়গায় দাঁড়িয়ে, তার পুরোটা অবদান মা-বাবার। পরে স্বামী-সন্তানেরা প্রেরণা জুগিয়েছেন। ১৯৪৯-এর জুনে পাঞ্জাবের ভূস্বামী প্রকাশ লাল পেশওয়ারিয়া ও প্রেমলতা পেশওয়ারিয়ার ঘরে আমার জন্ম। কোনো ভাই ছিল না আমাদের। চার বোনের দ্বিতীয়জন আমি। সদ্য স্বাধীন ভারতবর্ষে নারী মানেই চার দেয়ালের অবগুণ্ঠনে থাকা প্রাণী। বাবা পণ করেছিলেন আমাদের শিক্ষিত করে তুলবেন। ছোটবেলা থেকেই চাইতেন তাঁর সন্তানেরা লেখাপড়া শেষে চ্যালেঞ্জিং কিছু করুক। সবাই স্বাবলম্বী হোক। প্রথা ভেঙে ঋজুতার সঙ্গে কিছু করার প্রেরণাটা পেয়েছি তাঁর কাছে। সায় ছিল মায়েরও। তাই পড়াশোনার পাশাপাশি ন্যাশনাল ক্যাডেট কোরে যোগ দিয়েছি। বাবার উত্তরাধিকার হিসেবে হাতে তুলে নিয়েছি টেনিস র্যাকেট।’তিনি জানালেন, ’৬৬-তে জাতীয় জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের খেতাব জয়ের পাশাপাশি ’৭২-এ জেতেন এশীয় খেতাব।তবে তো আজ সানিয়া মির্জাকে নিয়ে যে মাতামাতি হচ্ছে, চার দশক আগেই তো তা হতে পারত? কেন টেনিস ছাড়লেন, কেনই বা অধ্যাপনা? বলে রাখা ভালো, পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি শেষে ’৭০-এ অমৃতসরের খালশা মহিলা কলেজে প্রভাষক হিসেবে যোগ দেন কিরণ বেদি। কিন্তু দুই বছর পর আইপিএস কর্মকর্তা হিসেবে তিনি নতুন জীবন শুরু করেন।কিরণ বেদির ভাষায়, ‘জীবনে চ্যালেঞ্জ নেওয়ার প্রেরণা পেয়েছিলাম বাবার কাছে। আবার মহাত্মা গান্ধীর জনসেবাও আমার মানস গঠনে সহায়তা করেছিল। তাই সে সময় পুলিশের চাকরিই ছিল আমার লক্ষ্য পূরণের আদর্শ স্থান।’চাকরিজীবনের উল্লেখযোগ্য ঘটনার কথা বলতে গিয়ে তিনি ’৭৭-এ ইন্ডিয়া গেটে আকালী-নিরানকারী শিখদের দাঙ্গা রোধ করার বিষয়টি উল্লেখ করলেন। পুলিশে যোগ দেওয়ার বছর পাঁচেকের মাথায় তরবারিসহ ধারালো অস্ত্র নিয়ে দুই দল লোককে দেখে কিছুটা বিচলিত হলেও নিজেকে সামলে নিয়েছিলেন। পরে খুব সাফল্যের সঙ্গে সেই দাঙ্গা ঠেকিয়েছিলেন, যার স্বীকৃতি হিসেবে ’৭৮-এ পেলেন রাষ্ট্রপতির পুলিশ পদক।পরের বছর পুলিশের ডেপুটি কমিশনার (পশ্চিম দিল্লি) হিসেবে ২০০ বছরের অবৈধ মাদকবাণিজ্য চক্রের মূলোৎপাটন তাঁর সাফল্যে যোগ করেছিল নতুন মাত্রা।‘ক্রেন বেদি’র প্রসঙ্গটা তুলতেই খানিকটা হাসলেন। বললেন, ‘সময়টা ১৯৮১ সাল। দায়িত্ব নিয়েছি দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (ট্রাফিক) হিসেবে। কাঁধে আসে পরের বছর দিল্লি এশিয়ান গেমসের সময় ট্রাফিকব্যবস্থার শৃঙ্খলা বজায়ের দায়িত্ব। অন্যান্য পদক্ষেপের পাশাপাশি সিদ্ধান্ত নিলাম, নিয়ম ভেঙে রাস্তায় গাড়ি রাখলে ক্রেন দিয়ে তা সরিয়ে দেওয়া হবে। সঙ্গে মামলাও হবে। এ সময় একটি গাড়ি মেরামতের দোকানে নিয়মবহির্ভূতভাবে পার্ক করায় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর গাড়ির বিরুদ্ধেও ব্যবস্থা নিতে দ্বিধা করিনি। তখন যুক্তরাষ্ট্রে সফরে ছিলেন প্রধানমন্ত্রী। ওই ঘটনার পর থেকে লোকজন ডাকতে শুরু করে “ক্রেন বেদি”।’১৯৮৫-তে পুলিশ সদর দপ্তরের ডেপুটি কমিশনার হিসেবে দায়িত্ব পালনের সময় আটকে থাকা এক হাজার ৬০০ পদোন্নতির আদেশ এক দিনেই শেষ করেন। এ জন্য কোনো বাধা আসেনি? কিরণ বললেন, ‘এসেছিল, তবে গ্রাহ্য করিনি। কারণ, যখনই যা করেছি, বিধি মেনেই করেছি। কাজেই বাধা এলে যৌক্তিকভাবে তা মোকাবিলা করেছি। শুধু তা-ই নয়, ওই সময় আমার নির্দেশ ছিল, কোনো ফাইল তিন দিনের বেশি আটকে থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ব্যাখ্যা দিতে হবে। এসব সিদ্ধান্তে কাজ হয়েছিল।’তিহার কারাগার ও ম্যাগসাইসাই ১৯৯৩ সালে আলোচিত কারাগারটির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পাওয়ার পর সহকর্মীরা নানাভাবে তাঁকে নিবৃত্ত করতে চাইলেন। প্রায় হাজার দশেক কারাবন্দী তখন অবস্থান করছিল তিহার কারাগারে। অনেকেই বলল, ‘কিরণ তুমি ডুববে। ওখানে কিছু করার নেই। শুধু শুধুই যাচ্ছ।’কিরণ বলেন, ‘পণ করেছিলাম যাবই সেখানে। শুধু তা-ই নয়, যাওয়ার আগে লক্ষ্যটাও ঠিক করে ফেলেছিলাম। একটা কথা কি, জীবনের প্রতিটি কাজ শুরুর আগেই লক্ষ্য স্থির করাটা জরুরি। তিহার কারাগারকে আশ্রমে রূপ দেব। এমনভাবে বন্দীদের জীবনে পরিবর্তন আনব, যাতে একজনও এখানে আর ফিরে না আসে। এরই অংশ হিসেবে স্বাস্থ্য, শিক্ষাসহ তাদের মৌলিক চাহিদা পূরণে অনেক ব্যবস্থা নিলাম। রোজ সকালে কারাবন্দীদের সঙ্গে কথা বলতাম। ধরনটা এমন নয় যে কারাপরিদর্শক নিয়মিত পরিদর্শনে এসেছেন। বুঝতে চাইতাম তাদের মানসিক অবস্থা। পাশাপাশি চালু করেছিলাম অভিযোগ বাক্স। বলে দিয়েছিলাম, সবাই তাদের অভিযোগ, মতামত পাঠাতে পারবে। কেউ চাইলে তার নাম-পরিচয় গোপন রাখা হবে। রোজ বিকেল চারটায় বাক্সটি খুলতাম আমি নিজেই। কারণ, চাবিটি আমার কাছে থাকত। এরপর প্রতিটি অভিযোগপত্র পড়ে প্রয়োজন বুঝে তা যাচাই করে ব্যবস্থা নিতাম, এরপর বাড়ি ফিরতাম। বলে রাখা ভালো, এ কাজে শুধু ১০ রুপি দিয়ে বাক্সটি কিনেছিলাম। আরেক কারা কর্মকর্তাকে সহকারী হিসেবে নিয়েছিলাম। ফলে নতুন করে আমাকে কোনো টাকা খরচ করতে হয়নি।’বন্দীদের পড়াশোনার বিষয়ে কিরণ বলেন, ‘বন্দীদের পড়াশোনার জন্য উপকরণ সংগ্রহ করেছিলাম অভিনব পদ্ধতিতে। যেসব লোক তাদের স্বজনদের দেখতে আসত, তাদের বলেছিলাম, পরের বার দুটি বই ও দুটি পেনসিল আনবেন। একটি আপনার স্বজন ও অন্যটি সেই বন্দীর জন্য, যার পরিজন নেই। অবাক কাণ্ড, কিছুদিনের মধ্যেই বই, পেনসিল ছাড়াও বিপুল পরিমাণ শিক্ষা উপকরণ পেয়ে গেলাম। লোকজন যখন জানল কারাবন্দীদের পড়াশোনার উদ্যোগ নিয়েছি, স্বতঃস্ফূর্তভাবে এনজিও, বিত্তবানসহ অনেকেই এগিয়ে এলেন। কারাবন্দীদের পড়ানোর জন্য শিক্ষকেরা আবেদন জানালেন। এভাবেই বিভিন্ন পর্যায়ে বন্দীদের পাঠদানের ব্যবস্থা করেছি। এদের অনেকেই স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। আমার জন্য আজ এটা সুখের খবর, দিল্লি বিশ্ববিদ্যালয় তিহার কারাগারের বন্দীদের জন্য বিশেষ কোর্সের ব্যবস্থা করেছে।’অন্যদিকে তিহার কারাগারের পঞ্চায়েত ব্যবস্থাকে তিনি বিশেষ সাফল্য হিসেবে গণ্য করেন। ওই পঞ্চায়েতের মাধ্যমে বন্দীরা আদালতে আবেদন করেন জামিনের জন্য। এর ফলে উল্লেখযোগ্য সংখ্যক বন্দী মুক্তি পেয়েছে। তা ছাড়া যোগব্যায়াম ও ধ্যান কর্মসূচি কারাগারের গুণগত মানের পরিবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।কিরণ বেদি বলেন, ‘শুনলে অবাক হবেন! এসব কাজে সরকারের এক পয়সাও খরচ করিনি। নানাভাবে বিভিন্ন জিনিস সংগ্রহ করে আমি পরিকল্পনা করে এগিয়েছি।’ বাধা আসেনি? তাঁর উত্তর, ‘ঠিক সেভাবে নয়। তবে সহযোগিতা পাইনি, এক ফোঁটাও। কোনো বাজেট ছিল না, জনবল ছিল না। তবে টাকা খরচ করিনি বলে আমাকে রোধ করা যায়নি। এটাও ঠিক, সব সময় নিয়ম মেনে চলায় আমাকে খুব বেশি বেগ পেতে হয়নি।’যা নিয়ে এখন ব্যস্তপুলিশে কর্মরত থাকার সময় তিনি ১৯৮৬ সালে প্রতিষ্ঠা করেন নবজ্যোতি। অপরাধ দমনের অংশ হিসেবে মাদকাসক্তি নিরাময় ও মাদকসেবীদের পুনর্বাসনের লক্ষ্য সামনে রেখে তিনি প্রতিষ্ঠানটি চালু করেন। প্রতিষ্ঠানটির মাধ্যমে এ পর্যন্ত প্রায় ১২ হাজার মাদকসেবী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছে। এ ছাড়া নবজ্যোতির মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া নারীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়।ম্যাগসাইসাই পুরস্কার লাভের পর কিরণ ১৯৯৪ সালে গড়ে তোলেন ইন্ডিয়া ভিশন ফাউন্ডেশন নামের একটি সাহায্য সংস্থা। কারা-সংস্কার, অপরাধ দমন, শিক্ষা ও গ্রামীণ উন্নয়নে কাজ করে সংস্থাটি। শিশুশিক্ষার ক্ষেত্রে এ সাহায্য সংস্থা উল্লেখযোগ্য কাজ করেছে।তাঁর মতে, দক্ষিণ এশিয়া অনেক এগিয়ে গেলেও নারী-পুরুষের বৈষম্যের বিষয়টি এখনো রয়ে গেছে। সে জন্যই নির্ধারিত সময়ের দুই বছর আগেই তাঁকে অবসরে যেতে হয়েছে। অথচ দিল্লির পুলিশপ্রধান হিসেবে দায়িত্ব পালনের সব যোগ্যতাই তাঁর ছিল। তবে কি জীবনে অপূর্ণতা নিয়ে কোনো খেদ আছে, কিংবা না পাওয়ার বেদনা? ‘তা হবে কেন? সমাজ-রাষ্ট্র আর মানুষের জন্য কাজ করতে হবে, সেটা যতটা কঠিনই হোক না কেন—এটাই ছিল আমার লক্ষ্য। সে জন্য পুলিশে কাজ করার সময় দীর্ঘ ৩৫ বছর নিরন্তর প্রয়াস চালিয়েছি। অনেক সফল হয়েছি। যখন দেখলাম পুলিশে থেকে নতুন কিছু করার নেই, সরে দাঁড়ানোই ভালো মনে করেছি। একই জিনিসের পুনরাবৃত্তি এ জীবনে করিনি। তা ছাড়া চাকরি ছাড়ার পর পুরোপুরি সমাজসেবায় নিজেকে ব্যস্ত রাখতে পারছি। আমার তো মনে হয় ২৪ ঘণ্টা যথেষ্ট নয়। দিনের ব্যাপ্তি বেশি হলেই আমার জন্য ভালো হতো।’