কিলিমানজারো অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুতেই বিপত্তি! প্রচণ্ড মাথাব্যথা। মাথাব্যথার পেছনে যথেষ্ট কারণও ছিল। সমুদ্রপৃষ্ঠ থেকে নয় হাজার ৯০০ ফুট উঁচুতে অক্সিজেনের বেশ অভাব। অভাববোধ করছিলেন পাঁচ অভিযাত্রী। তাঁরা আরোহণ করছিলেন আফ্রিকার সবচেয়ে উঁচু পর্বত কিলিমানজারোতে। দলের বাকি চার সদস্যেরও একই হাল দেখে স্বস্তির শ্বাস নেন মাহফুজ আহমেদ। মনে মনে নিজেকে প্রবোধ দেন, ‘তুমি শুধু একাই হাঁসফাঁস করছ না, তোমার দলে আরও চার চারজন ইউরোপীয় আছে!’ ও ভালো কথা, মাহফুজ আহমেদকে চিনেছেন কি? হ্যাঁ, সেই পাঁচ অভিযাত্রীদের একজন মাহফুজ। জন্ম তাঁর বাংলাদেশে! বন্ধু-স্বজনেরা তাঁকে রাসেল নামেও চেনেন। সেই বাংলাদেশি রাসেল কিংবা মাহফুজ গত বছরের সেপ্টেম্বর মাসে বেরিয়েছিলেন রোমাঞ্চকর মাউন্ট কিলিমানজারো অভিযানে।মাহফুজ আহমেদের বিস্তারিত পরিচয় আমরা পরে জানি। আগে রোমাঞ্চিত হই তাঁর কিলিমানজারোতে ওঠার কাহিনি শুনে, ‘৩ সেপ্টেম্বরের ২০১০ এর কথা। সেদিন থেকেই কিলিমানজারো আরোহণ শুরু। কিলিমানজারোতে উঠেছিলাম ট্রেকিং করে। আমার সঙ্গে আরও চারজন ছিলেন, তাঁদের সঙ্গে আমার সেদিনই পরিচয়। স্কটল্যান্ড থেকে গিয়েছিলেন দুই ভাইবোন—পল ও সুসান। আর ক্যালিফোর্নিয়া থেকে স্টিভ-সান্দ্রা জুটি। ৩ সেপ্টেম্বর খুব সকাল সকাল তানজানিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মোশি শহর থেকে আমাদের নিয়ে যাওয়া হয় কিলিমানজারোর পাদদেশে। আগে থেকেই জানা ছিল—মাউন্ট কিলিমানজারোয় ওঠার ছয়টি পথ আছে। সবাই জানতাম, এদের মধ্যে মাকামেই সবচেয়ে রোমাঞ্চকর পথ। তাই সেটিকেই বেছে নিয়েছিলাম নির্দ্বিধায়।’কিলিমানজারো আরোহণের গোড়ার কথাই আগে শুনতে চাই মাহফুজের কাছে। তার আগে বলে নিই, মাহফুজের সঙ্গে আমাদের কথা হলো ইন্টারনেট। মাহফুজ বললেন ‘মোশি শহর থেকে আমাদের নিয়ে যাওয়া হয় মাকামে গেটে। সমুদ্রপৃষ্ঠ থেকে তা ছয় হাজার ফুট ওপরে। সেখানে অবস্থিত কিলিমানজারো ন্যাশনাল পার্কে বেলা ১১টা নাগাদ পৌঁছাই আমরা। রেজিস্ট্রেশন সেরে বেরিয়ে পড়ি মাকামে হাট ক্যাম্পের দিকে। মানুষের তৈরি বন ও প্রাকৃতিক রেইনফরেস্টের গাছপালার ভেতর দিয়ে আরোহণ করছিলাম আমরা। প্রথম প্রথম ভেবেছিলাম, বাহ্! এই গাছপালা দেখতে দেখতেই তো ওপরে ওঠা যাবে, ক্লান্তি ভর করবে না শরীরে। কিন্তু কোথায় কী? ওই যে শুরুতেই অক্সিজেনের অভাবের কথা বলছিলাম। ঠিক সে সময়ই ওই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল আমাদের। প্রচণ্ড মাথাব্যথায় তখন সবাই মোটামুটি নাজেহাল। কিন্তু থেমে থাকলে তো হবে না। হাঁসফাঁস করতে করতে শেষে দেখি একটি ফলক, তাতে লেখা—মাকামে হাট ক্যাম্পসাইট। উচ্চতা—সমুদ্রপৃষ্ঠ থেকে নয় হাজার ৯০০ ফুট! ঘড়িতে তখন সময় বিকাল সাড়ে পাঁচটা।’ প্রথম দিনের বিচিত্র অভিজ্ঞতার কথা বলছিলেন মাহফুজ।মাকামের পথ কুসুমাস্তীর্ণ না হলেও আক্ষরিক অর্থে তা কোথাও কোথাও কুসুমে আস্তীর্ণ ছিল বটে! মানে ফুলে ফুলে শোভিত! মাহফুজ বললেন বিস্তারিত, ‘মাউন্ট কিলিমানজারোর চূড়ার তুলনায় মাকামের নৈসর্গিক সৌন্দর্য হাজার গুণে সমৃদ্ধ। আপনি যখন ন্যাশনাল পার্কের দেয়াল পেরোবেন, তখন থেকেই চোখে পড়বে মানুষের রোপিত বিস্তৃত বনভূমি। এরপর তা পেরিয়ে গেলে দেখা যায়, পতিত জমিতে হিথ নামক এক ধরনের চিরহরিৎ গুল্মের বিপুল সমাহার। ঘন লাল, গোলাপি কিংবা সাদা সাদা রঙের ঘণ্টাকৃতি ফুলগুলো এককথায় অপূর্ব! আবার কিছুদূর এগোতেই একেবারে অন্য রকম পরিবেশ। কোথায় বনভূমি আর কোথায় ফুলের ঝাড়! সাক্ষাৎ মরুভূমি, যাকে বলে ‘আলপাইন ডেজার্ট’! কোনো গাছপালার চিহ্ন তো নেই-ই। গুল্মজাতীয় কিছুও চোখে পরে না! শুধু খুব কষ্টসহিষ্ণু মস এবং লিচেন নামের একধরনের ছত্রাকই সেখানকার বাসিন্দা। আর কিলিমানজারোর ওপরের দিকে শেষ সবুজের চিহ্নটুকুও পাওয়া যায়, মাকামে যেখানটায় বিদায় জানায়। গাছপালা থাকলেও শীতের ঠ্যালায় দাঁতে দাঁত লেগে যায়! এ তো গেল মোটে এক দিনের কথা। তার পরের দিন, অর্থাৎ ৪ সেপ্টেম্বর। ঘড়িতে সকাল সোয়া আট। নাশতা সেরেই বেরিয়ে পড়া। পথ ততক্ষণে আরও দুরূহ হয়ে উঠেছে। বিশেষ করে ঢালের মধ্যবর্তী জায়গাগুলো পেরোতেই খবর হয়ে যায়! গত দিনের মাথাব্যথা আরও বেশি করে ভোগাচ্ছিল মাহফুজ ও তাঁর সহযাত্রীদের। অক্সিজেনের অভাব ক্রমবর্ধমান! এর মধ্যেই তাঁরা পেরিয়ে যান শিরা হাট নামের একটি বড় গিরিসংকট, সমুদ্রপৃষ্ঠ থেকে ১২ হাজার ৬০০ ফুট ওপরে। দলের দুই সদস্য স্টিভ ও সান্দ্রার অবস্থা ততক্ষণে সঙ্গিন! অগত্যা দিন শেষে পাঁচ-ছয় ঘণ্টার মতো হেঁটে বিশ্রাম। ৫ সেপ্টেম্বরের আরোহণ ছিল খানিকটা জটিল। নিয়মানুযায়ী সকালেই বেরিয়ে পড়েছিলেন সবাই এবং উঠে পড়েছিলেন লাভা টাওয়ারে। সমুদ্রপৃষ্ঠ থেকে তা ১৫ হাজার ১৮০ ফুট ওপরে। তবে সেই পথ ধরে আবার ১২ হাজার ৮৫০ ফুট উচ্চতায় নেমে আসতে হয় মাহফুজদের! কারণ, সেখানেই বারানকো হাট নামের আরেকটি ক্যাম্প অবস্থিত। উদরপূর্তি এবং রাত্রিযাপনের জন্য সেখানে না গিয়ে উপায়ও নেই। ওই দিন ছয়-সাত ঘণ্টার মতো হেঁটেছেন মাহফুজ ও সঙ্গীরা। কিন্তু মাথাব্যথা আর মাথা থেকে নামেনি একবারও! পরের দিন, অর্থাৎ ৬ সেপ্টেম্বরের কথা বললেন মাহফুজ, ‘সকাল সকাল বারানকো হাট থেকে বেরিয়ে পড়ি সবাই। গন্তব্য বারাফু হাট। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪ হাজার ৯১০ ফুট ওপরে। আর এই বারাফু হাটই কিলিমানজারোর বেজক্যাম্প। তবে সেখানে পৌঁছানোর আগেই কারাঙ্গা উপত্যকায় আমাদের পানীয় জলের ভান্ডার নিঃশেষ হয়ে যায়। শ্বাস নিতেও ভীষণ কষ্ট হচ্ছিল। তার পরও ওই বৈরী পরিবেশেই ওপরে উঠতে থাকি আমরা। সেদিন প্রায় ঘণ্টা সাতেক হাঁটতে হয়েছিল আমাদের। রাত আটটায় কোনোমতে রাতের খাবার সেরে কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিই আমরা। সবাই ঝটপট তাবু খাটিয়ে নিই। কিন্তু তীব্র ঠান্ডা এবং প্রচণ্ড ঝোড়ো বাতাসের কাছে সেই তাবু ছিল খড়কুটোর মতোই! শরীর ভেঙে আসছে, চোখের পাতা ভারী। কিন্তু তার পরও ঘুমের দেখা নেই, মনে আশঙ্কা—এই বুঝি তাবু উড়ে যায় বাতাসে!’কিন্তু শেষমেশ তাবু উড়ে যায়নি, হয়নি কোনো বড় বিপদ। রাত ১১টার দিকে গরম চা এবং বিস্কুট খেয়ে মাহফুজ ও বাকি চার অভিযাত্রী বেরিয়ে পড়েন সমুদ্রপৃষ্ঠ থেকে ১৯ হাজার ৩৪১ ফুট ওপরে, উহুরু পিকের উদ্দেশে। মাহফুজ বললেন, ‘উহুরু পিকে ওঠার সময় ১৮ হাজার ৬৪০ ফুট ওপরের স্টেলা পয়েন্ট পেরিয়ে যেতে হয়। হাঁটতে লাগলাম সেদিক পানেই। কিন্তু সারা জীবনে পাহাড়ে উঠতে যতটা কষ্ট হয়েছিল, ওই এক স্টেলা পয়েন্টে ওঠার কষ্টের কাছে তা ছিল নস্যি! যাকে বলে সত্যিকারের “দুর্গম গিরি”! মনে মনে সবাই চাইছিলাম—চুলোয় যাক মাউন্ট কিলিমানজারো, নেমে যাই নিচে! কিন্তু কেউই মুখ ফুটে তা বলতে পারছিলাম না। হাঁটতে তো পারছিলেন না, পাশাপাশি অক্সিজেনের শ্বাস-প্রশ্বাসেও সমস্যা হচ্ছিল। এত কিছুর মধ্যেও হাঁটা থামাইনি। ’কিন্তু সেই অবসাদ-ক্লান্তি সব ধুয়ে-মুছে যায় এক সময়! সময় তখন ভোর ছয়টা। চারপাশে পেঁজা পেঁজা তুলোর মতো সাদা মেঘ ভেসে থাকে স্থির হয়ে। তারই মাঝে চারপাশ আলো করে দেখা দেয় লাল সূর্যটা! ‘আমার জীবনের সবচেয়ে সেরা সূর্যোদয় ছিল সেটি! কী যে ভালো লাগছিল, তা ভাষায় রূপান্তর করা কঠিন। এরপর আধা ঘণ্টার মধ্যেই আমরা স্টেলা পয়েন্ট পোঁছাই। তারপর সাড়ে সাতটা নাগাদ সেই অভিষ্ট্য লক্ষ্যে—উহুরু পিকে! মাউন্ট কিলিমানজারোর একদম চূড়ায়!’ ২.বাবার ছিল বদলির চাকরি। তিন চার বছরের বেশি কোথায় থিতু হতে পারতেন না কখনোই। আজ এখানে তো কাল সেখানে। ব্যাপারটি পরিবারের আর সবার কাছে যেমন তেমন হলেও, মাহফুজ আহমেদের কাছে তা ছিল দারুণ রোমাঞ্চকর। ঘোরাঘুরির একটা পোকা সেই ছেলেবেলা থেকেই মাথায় ছিল তাঁর। জন্মস্থান ঢাকা থেকে ১৯৯৩ সালে স্কুুল-কলেজের পাঠ চুকে যেতেই মাহফুজের মাথায় সেই ঘোরাঘুরির পোকাটি ডানা মেলতে চায়। তাই কলেজ থেকে বেরোনো মাত্রই বেরিয়ে পরেন রাঙ্গামাটির পথে। কখনো বা বান্দরবান-খাগড়াছড়ি। এরই মধ্যে ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ১৯৯৯ সালে সেখান থেকে এমবিএ সম্পন্ন করেই চলে আসেন ঢাকায়, মার্চেন্ডাইজিংয়ের ওপর একটা ডিপ্লোমা কোর্স করতে। সেটি শেষ করেন ২০০০ সালে এবং সে বছরই ঢুকে পরেন চাকরিতে। তবে বছর দুয়েক চাকরির পর পাড়ি জমান যুক্তরাজ্যের উদ্দেশে। ভর্তি হন ম্যানচেস্টার মেট্রোপলিটান ইউনিভার্সিটিতে। পড়াশোনার বিষয় ছিল ইন্টারন্যাশনাল ফ্যাশন মার্কেটিং। ২০০৫ সালে সেই পড়াশোনার পাঠও চুকে গেলে নেমে পড়েন মার্চেন্ডাইজিং পেশায়। তবে ২০০৮-এর শেষ দিকে নতুন আরেক চিন্তা মাথায় ঘুরপাক খেতে থাকে। সিদ্ধান্ত নেন, অন্য কোনো পেশা বেছে নেবেন, যে পেশায় থেকে শখের পেছনেও সময় দেয়া যাবে নিশ্চিন্তে। আর তাই ভর্তি হন ম্যানচেস্টারের ইউনিভার্সিটি অব স্যালফোর্ডে, এবার পড়াশোনার বিষয় প্রোপার্টি অ্যন্ড কন্সট্রাকশন। এরই ফাঁকে ফাঁকে যুক্তরাজ্য ও তার আশপাশের অঞ্চলের বড় বড় পাহাড় পর্বতগুলোতে আরোহণ করতে থাকলেন মাহফুজ। পাশাপাশি চলতে থাকে ইনডোর রক ক্লাইম্বিং। বলা বাহুল্য, এত কিছুর মধ্যেও মাহফুজ আহমেদ ভুলে যাননি মাতৃভূমি বাংলাদেশকে। বিশেষ করে বাংলাদেশের ছিন্নমূল শিশুদের কথা। ‘তাদের জন্য তহবিল সংগ্রহের কাজ করে যাচ্ছি শিশু পল্লি প্লাসের সহায়তায়। আর আমার অভিযানের পরবর্তী গন্তব্য—আমাজনের গহিন জঙ্গল।’