কিশোরীদের জন্য লৌহযুক্ত খাবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনার বাড়ির বালিকা বা কিশোরীটি কী খাচ্ছে, কতটুকু খাচ্ছে তা কি আপনি জানেন? এই বয়সে তাঁর দৈনিক খাবারের তালিকায় লৌহসমৃদ্ধ খাবার থাকাটা জরুরি।
বাড়ন্ত কিশোরীদের দরকার অন্যদের তুলনায় একটু বেশি পরিমাণে লৌহ। কেননা এটি তাদের শারীরিক বৃদ্ধির সবচেয়ে আদর্শ সময়। এই সময় শুরু হয়ে যায় তাদের ঋতুস্রাব। এর ফলে তারা মাসে মাসে বেশ খানিকটা লৌহ হারায়।
বিজ্ঞানীরা বলছেন, একটি বাড়ন্ত কিশোরের যদি দৈনিক ১০-১১ মিলিগ্রামের মতো লৌহ দরকার হয়, তবে কিশোরীটির লাগবে দৈনিক ১৫ মিলিগ্রাম।
লাল মাংসে বেশ ভালো পরিমাণে লৌহ আছে। মাসে বেশ কয়েক দিন তার পাতে মাংসের পদ তুলে দিন। মুরগিতে আছে লাল মাংসের তুলনায় কম, তবে এর রানে লৌহের পরিমাণ বুকের মাংসের চেয়ে একটু বেশি। তাই বাড়ির ছেলেটির তুলনায় মেয়েটির রানের মাংস খাওয়ার অধিকার বেশি। ডিম ও এর কুসুমে লৌহ আছে বেশ। সপ্তাহে কয়েক দিন ডিম সেদ্ধ বা পোচ করে দেওয়া উচিত মেয়েকে। বরবটি, শিম, বীজ জাতীয় সবজি, সবুজ পাতাযুক্ত সবজি নিয়মিত দিন। শুকনো ফল, যেমন কিশমিশ, আখরোট, খেজুর বা খোরমায় বেশ লৌহ পাওয়া যাবে। রক্তে লৌহ শোষণ করার জন্য ভিটামিন সি চাই। তাই নিয়মিত লেবু, কমলা, মালটা, টমেটো ইত্যাদি খাওয়া উচিত এর সঙ্গে।
যুক্তরাজ্যের গবেষণাগুলো বলছে, সেখানকার মোটে ৬০ শতাংশ কিশোরী দৈনিক লক্ষ্যমাত্রার লৌহ গ্রহণ করে থাকে। ফলে একটা বিরাটসংখ্যক কিশোরী ও বালিকা ক্রমাগত লৌহঘাটতিতে ভুগতে থাকে ও পরে রক্তশূন্যতায় আক্রান্ত হয়। আমাদের দেশে সংখ্যাটা আরও বেশিই হবে।
সূত্র: নিউট্রিশন ফ্যাক্ট