কিশোর কিশোরীদের উন্নয়নে নানা পদক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোর-কিশোরীদের জীবনমানের উন্নয়নে সরকারি ও বেসরকারিভাবে বেশ কয়েকটি কর্মসূচি নেওয়া হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে কিশোর-কিশোরীরা উপকৃত হচ্ছে।
ভবিষ্যৎ প্রজন্মকে বিশেষ করে নারীসমাজকে সঠিকভাবে গড়ে তুলতে এবং পারিবারিক বৈষম্যের শিকার কিশোরীদের সমাজের উন্নয়নের মূলধারায় অন্তর্ভুক্ত করতে সরকার দেশের কয়েকটি স্থানে গড়ে তুলেছে কিশোর-কিশোরী ক্লাব। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মহিলাবিষয়ক অধিদপ্তরের প্রধান কার্যালয়ের তত্ত্বাবধানে এসব ক্লাব পরিচালিত হচ্ছে। জীবনের জন্য দরকারি নানা বিষয় যেমন: বয়ঃসন্ধিকালের সমস্যা কীভাবে মোকাবিলা করা যায়, শিশুবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, শিশু পাচার, এইডস কীভাবে প্রতিরোধ করা যায় ইত্যাদি শেখানো হয়। এতে সহযোগিতা করছে ব্র্যাকের অ্যাডোলেসেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ।
রাজধানী ছাড়াও দেশের সাতটি বিভাগের সাতটি জেলায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জেলাগুলো হচ্ছে ঢাকা বিভাগের গোপালগঞ্জ, খুলনার চুয়াডাঙ্গা, রংপুরের ঠাকুরগাঁও, বরিশালের ঝালকাঠি, চট্টগ্রামের রাঙামাটি, সিলেটের মৌলভীবাজার ও রাজশাহীর সিরাজগঞ্জ।
জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বাংলাদেশ সরকার, সুশীল সমাজের সঙ্গে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি জাতীয় পর্যায়ে সাংসদসহ নীতিনির্ধারকদের সঙ্গে কাজ করে যাচ্ছে। ইউএনএফপিএর উল্লেখযোগ্য একটি প্রকল্প হলো জেনারেশন ব্রেক থ্রু। এই প্রকল্পের মাধ্যমে কিশোর-কিশোরীদের তাদের অধিকার ও জেন্ডার সমতার বিষয়ে শিক্ষা দেওয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রকল্প চারটি জেলায় কাজ করছে।
দেশের প্রতিটি থানায় নারীবান্ধব হেল্প ডেস্ক স্থাপন করার জন্য ইউএনএফপিএ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে একটি প্রকল্পে কাজ করছে। এই হেল্প ডেস্কে নারীরা তাদের ওপর যৌন সহিংসতাসহ যেকোনো ধরনের সহিংসতা ও বাল্যবিবাহের খবর জানিয়ে সহায়তা চাইতে পারবে।
এ ছাড়া যৌন নিপীড়নসহ অন্যান্য সহিংসতার ও বাল্যবিবাহের শিকার মেয়েদের সমর্থন দেওয়ার জন্য মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে একটি প্রকল্পে কাজ করছে ইউএনএফপিএ।
বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স যৌন ও প্রজননস্বাস্থ্য ও অধিকার বিষয়ে নারী উদ্যোক্তাদের সচেতন করার বিষয়ে একটি প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে নারীদের নিজেদের বিয়ে ও পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে সিদ্ধান্ত নিতে উৎসাহিত করা হবে। এই প্রকল্পে ইউএনএফপিএ সহায়তা দিচ্ছে। তথ্যসূত্র: ইউএনএফপিএ