কিশোর-কিশোরীদের খেতে হবে সুষম খাবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা কারণে আমাদের দেশের কিশোর-কিশোরীরা অপুষ্টিতে ভুগছে। ১০ থেকে ১৯ বছর পর্যন্ত বয়সকে বয়ঃসন্ধিকাল ধরা হয়। এ সময় ছেলেমেয়েদের শারীরিক বৃদ্ধি ঘটার পাশাপাশি মানসিক বিকাশ ঘটে। এ সময় সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও তারা যুক্ত হয়। পরিবারের সদস্যদের চেয়ে বাইরের মানুষের সঙ্গে, বিশেষ করে বন্ধুদের সঙ্গে বেশি মেলামেশা করে থাকে কিশোর-কিশোরীরা।
পুষ্টিবিদদের মতে, বয়ঃসন্ধিকালে সুষম খাবার খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। খাবার তালিকায় ভিটামিন, শর্করা, আমিষ, চর্বি, লবণ ও পানি এই ছয়টি উপাদান থাকতে হবে।
ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের পুষ্টিবিষয়ক পরামর্শক দিলারা মকবুল একজন কিশোর বা কিশোরী প্রতিদিন কী খাবার খাবে সে ব্যাপারে পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, কিশোর-কিশোরীদের প্রতিদিনের খাবারে ২২০০ ক্যালরি থাকতে হবে। শর্করা, আমিষ, ভিটামিন, ফ্যাটি অ্যাসিড শরীরের জন্য খুবই প্রয়োজন।
খাদ্যতালিকার মধ্যে ভিটামিন, খনিজ লবণ ও পানি অবশ্যই থাকতে হবে। সাধারণত প্রতিদিন দুই-তিন লিটার পানি পান করতে হবে। বাইরের খাবার ও কোমল পানীয় এড়িয়ে চলতে হবে। কোমল পানীয়র পরিবর্তে ডাবের পানি খাওয়া ভালো।
শাক, সবজি, মাছ, মাংস, ডালজাতীয় খাবারের সঙ্গে মিষ্টি অথবা টক ফল খাদ্যতালিকায় থাকতে হবে। চা পান করা ভালো। কিন্তু চা/কফির অন্যতম উপাদান ক্যাফেইনে অ্যান্টি অক্সিজেন থাকার কারণে দিনে তিন-চার মগ চা/কফি পান করা ক্ষতিকর। এ ছাড়া চিনি বা মিষ্টিজাতীয় খাবার এড়িয়ে চলা উচিত।
কিশোর-কিশোরীদের জন্য প্রতিদিনের একটি খাদ্যতালিকা
সকাল : রুটি, ডিম, সবজির সঙ্গে এক গ্লাস দুধ বা দুধের তৈরি যেকোনো খাবার।
বেলা ১১টা: বিস্কুট অথবা মুড়ি। সঙ্গে যেকোনো একটি ফল খেতে হবে।
দুপুর: দুপুরে ভাতের সঙ্গে সপ্তাহে তিন-চার দিন মাছ খেতে হবে। মুরগি সপ্তাহে এক-দুই দিন খেতে হবে। এ ছাড়া শাকসবজি থাকতে হবে। গরু বা খাসির মাংস কম খাওয়া ভালো। এসব মাংস সপ্তাহে এক দিন খেলেই ভালো। কারণ, মাংসে কোলস্টেরলের পরিমাণ বেশি থাকে। কোলস্টেরলের কারণে এই বয়সেই ছেলেমেয়েদের হূদ্যন্ত্রে সমস্যা দেখা দেয়। কখনো কখনো কোলস্টেরলের কারণে কম বয়সে ডায়াবেটিস হয়।
বিকেল: বিকেলের নাশতায় নুড্লস, বিস্কুট, ছোলাভুনা, মুড়ি ইত্যাদি থাকতে পারে। বাইরের তৈরি তেলজাতীয় খাবার যেমন, পিয়াজু, বেগুনি, ফ্রায়েড ডিকেন, গ্রিল চিকেন এগুলো না খাওয়াই ভালো।
রাত: রাতের খাবারে ভাতের পরিমাণ কমাতে হবে। সালাদ, শাকসবজি ইত্যাদি থাকতে হবে। সঙ্গে মুরগি থাকতে পারে। তবে ফার্মের মুরগির চেয়ে দেশি মুরগি খাওয়া ভালো। ঘুমোনোর আগে এক গ্লাস দুধ খেতে হবে। চা/কফি না খাওয়াই ভালো।