কিশোর চালকের হাতে টেম্পো
টেম্পোর ভেতরের আসনগুলো ভর্তি হয়ে বাইরেও ঝুলছে চালকের সহকারীসহ তিনজন। আবার চালকের দুই পাশে বসে আছেন দুজন। এর মধ্যে শীর্ণকায় দুটি হাত দিয়ে শক্ত করে ধরে আছে টেম্পোর স্টিয়ারিং। সামনে তীক্ষ দৃষ্টি। বয়স কত হবে বড়জোর ১৪। পরিশ্রমের প্রচণ্ড চাপের মধ্যেও চেহারায় কোমলতা ফুটে উঠেছে। তার নাম আবদুল মালেক। সে টেম্পোচালক। আগ্রাবাদের বাদামতল মোড় থেকে বড়পুল পর্যন্ত রুটে প্রতিদিন যাত্রী বহন করে তার টেম্পো।শুধু আবদুল মালেক নয়, নগরের বিভিন্ন রুটে শতাধিক কিশোর টেম্পোচালক এখন দাপিয়ে বেড়াচ্ছে রাস্তা। মালেক বলে, ‘ঝুঁকি জেনেও টেম্পো চালাচ্ছি। আমারও কি কম কষ্ট হয়। কিন্তু পেটের দায়ে করতে হচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম আমতল থেকে নিউ মার্কেট-নতুনব্রিজ, নিউ মার্কেট-ফইল্যাতলী ব্রিজ, বাদামতল মোড়-বড়পোল, চকবাজার-বারিক বিল্ডিং মোড়, অলংকার-কাস্টমস, মুরাদপুর-নিউমার্কেট এবং মুরাদপুর-ফতেয়াবাদ রুটে চলাচল করা বেশির ভাগ টেম্পোর চালক কিশোর।এসব রুটে প্রায় প্রতিদিন ছোটখাটো দুর্ঘটনা লেগেই আছে। আবার কিশোর চালকদের কোনো লাইসেন্সও নেই। অথচ আইন অনুযায়ী ১৮ বছরের নিচে কেউ গাড়ি চালাতে পারবে না।চট্টগ্রাম জেলা অটোটেম্পো-অটোরিকশা (সিএনজি) শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তপন ঘোষ বলেন, ‘পারিবারিক অসচ্ছলতার কারণে সকলে লাইসেন্স নিতে পারে না। আবার লাইসেন্স নিতে ভোগান্তিতেও পড়তে হয়। এ কারণে টেম্পোচালকদের মধ্যে লাইসেন্সধারীদের সংখ্যা কম।’ কিশোরদের গাড়ি চালানো প্রসঙ্গে তিনি বলেন, ‘আগে শিশুকিশোরদের চালক-সহকারী হিসেবে আমরা নিয়োগ দিতাম। কিন্তু এখন নেওয়া হয় না।’ তবে তিনি স্বীকার করেন নগরের বিভিন্ন রুটে কিশোরদের দ্বারা টেম্পো চালানো হচ্ছে।প্রতিদিন কর্মস্থল নতুন ব্রিজ এলাকা থেকে টেম্পোযোগে বাসায় ফেরেন চাকরিজীবী নার্গিস আক্তার। তিনি বলেন, ‘টেম্পোতে চড়ার সময় খুব ভয়ের মধ্যে থাকি। অল্প বয়সী ছেলেরা টেম্পো চালায়। কিন্তু না গিয়েও উপায় নেই। আর কোনো গাড়ি পাওয়া যায় না।’ চট্টগ্রাম কলেজের সম্মান তৃতীয় বর্ষের ছাত্রী জেবুন্নেছা চকবাজার গুলজার মোড় থেকে দেওয়ান হাটের মিস্ত্রিপাড়ার বাসায় ফেরেন। তিনি বলেন, ‘ছোট ছেলেরা টেম্পো চালানোর ফলে প্রায় সময় দুর্ঘটনা ঘটছে। এ ব্যাপারে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত।’অভিযোগ রয়েছে, ট্রাফিক পুলিশ এই কিশোর চালকদের কাছ থেকে দৈনিক ভিত্তিতে ‘চাঁদা’ নেয়। এ জন্য তাদের আইন মানার প্রবণতা দিন দিন কমে যাচ্ছে।বাংলাদেশ সড়ক ও পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উপপরিচালক এস কে বিশ্বাস বলেন, ‘রাস্তার এসব টেম্পো মনিটর করার মতো লোকবল আমাদের নেই। টেম্পোর কাগজপত্র ঠিক আছে কি না, তা দেখার দায়িত্ব ট্রাফিক বিভাগের। তবে আমার জানা মতে, এসব কিশোর চালকের বেশির ভাগের লাইসেন্স নেই। তার পরও তারা গাড়ি চালাচ্ছে।’প্রটেকশন অব চিলড্রেন অ্যাট রিস্ক (পিকার) প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মাহবুবুল আলম বলেন, ‘ঝুঁকিপূর্ণ ও অমানবিক কাজ থেকে শিশুদের বিরত রাখার জন্য দীর্ঘদিন পিকার প্রকল্প কাজ করছে। তবে আশঙ্কাজনকভাবে চট্টগ্রামে শিশুদের দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ বেড়ে চলছে। শ্রম আইন অনুযায়ী ঝুঁকিপূর্ণ কাজ থেকে শিশুদের বিরত রাখতে সরকারি ও বেসরকারি উদ্যোগ নিতে হবে।’নগর পুলিশের যানবাহন শাখার সহকারী কমিশনার এমরান ভূঁইয়া বলেন, ‘১৮ বছরের নিচে কেউ গাড়ি চালালে ট্রাফিক আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়। তার পরও পুলিশের চোখ ফাঁকি দিয়ে অনেক সময় বিভিন্ন স্থানে কিশোরদের দ্বারা টেম্পো চালানো হচ্ছে।তবে কিশোরদের গাড়ি চালাতে দেখলে গাড়িসহ আটক করা হয়। আইন মেনে চলার জন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে অটো টেম্পো মালিক-শ্রমিক ইউনিয়নের সঙ্গে কয়েকবার বৈঠক হয়েছে। এতে তারা মৌখিক আশ্বাস দিয়েছে শিশুকিশোরদের দিয়ে গাড়ি চালানো হবে না।’