গত বছরের ১১ এপ্রিল। ঘটনাস্থল ফটিকছড়ির ভূজপুর ন্যাশনাল উচ্চবিদ্যালয়। বিদ্যালয়ের একটি কক্ষে এক যুবক কোপাচ্ছেন আরেকজনকে। হামলাকারীর সঙ্গে আছে ১৪ বছরের এক কিশোর। তার হাতেও ধারালো অস্ত্র। হামলাকারী ব্যক্তিটির পর ওই কিশোরও যুবকের ওপর হামলে পড়ে। কোপাতে থাকে এলোপাতাড়ি। মৃত্যু হয় যুবকটির। বীভৎস এই দৃশ্য ফটিকছড়ির ভূজপুর তাণ্ডবের, যা ধারণ করা হয় মুঠোফোনে।
ভিডিওচিত্রটি দেখে শনাক্ত করা হয়, নিহত যুবকের নাম রুবেল। তাঁকে প্রথমে কোপান শিবির কর্মী তৌফিকুল ইসলাম। এ সময় তাঁর সঙ্গে ছিল ১৪ বছরের ওই কিশোর। পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদের হত্যার কথা স্বীকার করে সে। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়। সর্বশেষ গত বুধবার ওই ঘটনায় করা হত্যা মামলায় তাকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
শুধু এই কিশোর নয়, তার মতো ১২ থেকে ১৮ বছর বয়সী ৪২ শিশু-কিশোরকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। ঘটনার দিন মসজিদসহ ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হচ্ছে মসজিদের মাইকে এমন গুজব ছড়িয়ে শিশু-কিশোরদের রাস্তায় নামানো হয়। হাতে তুলে দেওয়া হয় লাঠিসোঁটাসহ ধারালো অস্ত্র। পুুলিশের তদন্তে উঠে এসেছে স্থানীয় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা এ হামলার ঘটনায় জড়িত।
প্রসঙ্গত, গত বছরের ১১ এপ্রিল গুজব ছড়িয়ে ভূজপুরে উপজেলা আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী মিছিলে হামলা করা হয়। এ সময় পিটিয়ে হত্যা করা হয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে। এ ছাড়াও তাদের বহরে থাকা দেড় শতাধিক মোটরসাইকেল, ফায়ার সার্ভিসের একটি গাড়ি, পাঁচটি মাইক্রোবাস ও প্রাইভেটকার, তিনটি পিকআপ ও চারটি চাঁদের গাড়ি পুড়িয়ে দেয় হামলাকারীরা। আহত হন দলের শতাধিক নেতা-কর্মী। এ ঘটনায় পাঁচটি মামলা দায়ের করা হয়।
তাণ্ডবের ঘটনার মামলার তদন্ত কর্মকর্তা ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন প্রথম আলোকে জানান, নিহত ফারুক ইকবাল হত্যা মামলায় ১২, ফোরকান হত্যায় ১৪ এবং রুবেল হত্যা মামলায় ১৬ জন শিশু-কিশোরের বিরুদ্ধে পৃথক তিনটি অভিযোগপত্র দেওয়া হয়েছে আদালতে। কীভাবে শনাক্ত করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ভিডিওচিত্র দেখে শিশু-কিশোরদের শনাক্ত করা হয়েছে। কয়েকজন আদালতে জবানবন্দি দিয়েছে। তাদের জবানবন্দিতে জড়িত অন্য শিশু-কিশোদের নাম উঠে আসে। কেউ ভাঙচুর, কেউ গাড়িতে অগ্নিসংযোগ আর কেউ লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়েছে। তদন্তে যার বিরুদ্ধে যে অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে, সেই ধারায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত বিচার করবেন।
এসব শিশু-কিশোরের হাতে কারা অস্ত্র তুলে দিয়েছে, ও ঘর থেকে ডেকে এনেছে—এ প্রসঙ্গে ওসি জানান, মসজিদের মাইকে ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হচ্ছে গুজব ছড়িয়ে দিলে শিশুরাও ঘর থেকে বের হয়ে আসে। পরিকল্পনাকারী অনেক জামায়াত-শিবির নেতা-কর্মী শিশুদের উদ্বুব্ধ করেছে বলে তদন্তে উঠে আসে। এ জন্য অভিভাবক ও স্থানীয় লোকজনকে দায়ী করেছেন ওসি। তিনি বলেন, তাণ্ডবে শিশুদের হেফাজতে রাখা অভিভাবকদের দায়িত্ব। শিশুরা তো দুর্ঘটনায় পড়তে পারত।
রাজনৈতিক সহিংসতার ঘটনায় শিশু-কিশোরদের ব্যবহারে উদ্বেগ প্রকাশ করেছেন সমাজবিজ্ঞানী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, শিশু-কিশোরদের যথাযথভাবে শিক্ষা দেওয়া হয়নি বলে তারা রাস্তায় নেমে পড়েছে। পুঁথিগত শিক্ষায় নৈতিকতা, অসামপ্রদায়িকতা, দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধের শিক্ষা নেই। এ কারণে গুজবে কান দিয়ে শিশুরা হাতে অস্ত্র তুলে নেয়। এ ক্ষেত্রে মা-বাবাসহ অভিভাবকেরাও কম দায়ী নয়। তারা সঠিকভাবে সন্তানের খোঁজখবর রেখে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখলে এ পথে পা বাড়াত না তারা।