কিশোরকে বাঁচাতে বন্ধুদের কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৪তম ব্যাচের রসায়ন বিভাগের শিক্ষার্থী লিউকোমিয়ায় (ব্লাড ক্যানসার) আক্রান্ত কিশোর দাশ গুপ্তকে বাঁচাতে কনসার্টের আয়োজন করেছেন বিশ্ববিদ্যালয়ের ৩৫তম ব্যাচের শিক্ষার্থীরা। গত শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের ষোলশহর স্টেশনে এই কনসার্ট অনুষ্ঠিত হয়। উন্মুক্ত এ কনসার্টের প্রতিপাদ্য ছিল ‘কিশোর: দ্রুত সুস্থ হয়ে ওঠো! আমরা তোমাকে এত তাড়াতাড়ি যেতে দেব না।’ এ কনসার্ট আয়োজনে আর্থিক সহায়তা করে চট্টগ্রামের এপিক হেলথ কেয়ার লিমিটেড।
কিশোর দাশ গুপ্তের বন্ধু ও পরিবার সূত্রে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে তিনি চট্টগ্রাম গ্রামার স্কুলে শিক্ষকতা শুরু করেন। গত ২২ ফেব্রুয়ারি তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষা-নিরীক্ষা করে ডাক্তার নিশ্চিত করেন, তিনি লিউকোমিয়ায় আক্রান্ত।
কিশোরের বন্ধু মো. আতিক প্রথম আলোকে বলেন, ‘কিশোর বিশ্ববিদ্যালয়ে খুব প্রাণবন্ত ছিল। সে পড়াশোনায় খুবই ভালো ছিল। সব সময় আমাদের হাসি, গান ও আড্ডায় মাতিয়ে রাখত। এত অল্প বয়সে সে আমাদের ছেড়ে যেতে পারে না। তাকে বাঁচিয়ে রাখতে আমরা এ কনসার্টের আয়োজন করেছি। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সমাজের বিত্তবান ব্যক্তিরা কিশোরকে বাঁচাতে আর্থিক সহায়তা করে এগিয়ে আসবেন, এ প্রত্যাশা করি।’
কিশোর বর্তমানে ভারতের ভেলোরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রতি সপ্তাহে তিন লাখ টাকা করে তাঁর চিকিৎসায় এ পর্যন্ত খরচ হয়েছে ১৫ লাখ টাকা। এত দিন তাঁর পরিবার তাঁর সম্পূর্ণ চিকিৎসা ব্যয় বহন করেছে। এখন তাঁদের পক্ষে আর ব্যয় মেটানো সম্ভব নয়। বর্তমানে তাঁর চিকিৎসার জন্য প্রায় ৫০ লাখ টাকা প্রয়োজন। এ কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা কিশোরকে বাঁচাতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের সহায়তা চেয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা: দেবাশীষ ভৌমিক এবং মুহাম্মদ নুরুল মোমিন, অ্যাকাউন্ট নম্বর: ১২৯১৫১০০৫৬২৩৭, ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড, ও আর নিজাম রোড ব্রাঞ্চ, চট্টগ্রাম।