কিশোরী আমোনকরের জীবনচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেখতে দেখতে মনে হচ্ছিল যেন সংগীতশিল্পী কিশোরী আমোনকরের জীবনটাকে সামনাসামনি প্রত্যক্ষ করছি। এটি একটি নিখুঁত প্রামাণ্যচিত্র। দর্শন এবং শ্রবণ—দুটো ইন্দ্রিয়ই তৃপ্ত হয়েছে। এটি আমার জীবনে একটি দুর্লভ অভিজ্ঞতা হয়ে থাকবে।’ উপমহাদেশের শাস্ত্রীয়সংগীত জগতের উজ্জ্বল জ্যোতিষ্ক কিশোরী আমোনকরের ওপর নির্মিত প্রামাণ্য চিত্র ভিন্ন ষড়জ-এর প্রদর্শনী শেষে এভাবেই অনুভূতি প্রকাশ করলেন সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যাপক রীতা দত্ত। গত রোববার সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) লেকচার থিয়েটার মিলনায়তনে আমল পালেকর ও সন্ধ্যা গোখলে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়। কিশোরী আমোনকর নিজেকে আলাদাভাবে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করেননি কখনোই। তাঁর অনন্যসাধারণ গায়কি এবং সংগীত নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা তাঁকে উচ্চাঙ্গসংগীতের উচ্চাসনে বসিয়েছে, সেই সঙ্গে তিনি ভারতীয় সংগীতকেও অনেক কিছু দিয়েছেন। ওস্তাদ জাকির হোসেনের মতে, আমোনকরের আবিষ্কৃত রাগগুলো ভারতবর্ষের মানুষ কয়েক শ বছর মনে রাখবে এবং চর্চা হবে। মুগুবাই কুর্দিকারের কাছ থেকে তালিম নিয়েছিলেন আমোনকার। তাঁকে তিনি মাই বলে সম্বোধন করতেন। মাই তাঁর জীবনে কখনো নিজের প্রবাদতুল্য প্রতিভার স্বীকৃতি পাননি এবং এখনকার শ্রোতাদের কাছে প্রায় বিস্মৃত। এই বিষয়টা আমোনকারকে বেদনাবিদ্ধ করে। এ কারণেই আমোনকর অনেকটাই খ্যাতির প্রতি উদাসীন। ছোটবেলা থেকেই তিনি প্রচলিত জয়পুর আত্রাউল ধ্রুপদ ঘরানার বাইরে গিয়ে এক ভিন্ন ঘরানা তৈরি করেছিলেন। তাঁর গানের ব্যাপক অংশে থাকত আলাপচারী। তাঁর কোমল কণ্ঠসুধা অনেক বেশি আবেগকে ধারণ করতে সক্ষম হয়েছিল। তিনি পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন ১৯৮৭ সালে। ২০০২ সালে পদ্মবিভূষণ উপাধি পেয়েছেন। কিশোরী আমোনকার কীভাবে তালিম নিয়েছেন, তাঁর জীবনের বিভিন্ন অভিজ্ঞতা অর্থাৎ কীভাবে পরিপূর্ণ শিল্পের দ্বারা ব্যাপ্ত হলো এই শিল্পীর জীবন—তা ফুটিয়ে তোলাই এই প্রামাণ্যচিত্রের লক্ষ্য।প্রদর্শনীর উদ্বোধন করেন ভারতীয় হাইকমিশনার সোমনাথ ঘোষ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘আপনারা যদি সহযোগিতা করেন এবং চান, তাহলে এ ধরনের চলচ্চিত্র প্রদর্শনী আরও হবে।’ স্বর্ণময় চক্রবর্তী বলেন, ‘আমাদের জন্য এটা একটা সুখবর। পড়ে যতটুকু জানা যায়, চলচ্চিত্রের মাধ্যমে তার চেয়ে বেশি জানা যায়। তাঁর তালিম নেওয়াটাও যে প্রামাণ্যচিত্রে দেখতে পারব—এটা একটা বড় ব্যাপার।’ মিহির নন্দী বলেন, ‘আমার সৌভাগ্য হয়েছে তাঁর গান সামনাসামনি শোনার। এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ। এ প্রজন্ম কিশোরী আমোনকারকে এর মাধ্যমে চিনতে পারবে।’ উল্লেখ্য, কিশোরী আমোনকারের ৮০ বছর পূর্তি উপলক্ষে ভারত সরকারের তথ্য মন্ত্রণালয়ের প্রযোজনায় প্রামাণ্য চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।