কক্সবাজার থেকে নৌপথে জাপান যাওয়ার জন্য ঘর ছেড়েছিল তিন কিশোরী। তারা রাজধানীর পল্লবী এলাকার বাসিন্দা। এ জন্য তারা জাপানি সিনেমা দেখে ভাষা শিখে ফেলে। চুলের কাট দেয় জাপানিদের মতো। এরপর এক নারী দালালের সহায়তায় কক্সবাজার হয়ে নৌপথে জাপান যাওয়ার উদ্দেশ্যে ঘর ছাড়ে।
গত ৩০ সেপ্টেম্বর এই তিন মেয়ে বাসা থেকে বের হয়। পরিবারের সূত্রে জানা যায়, বের হওয়ার সময় তারা টাকা, স্বর্ণালংকার সঙ্গে নিয়েছিল। পরবর্তী সময়ে নারী দালালের মাধ্যমে স্বর্ণালংকার, টাকা হারিয়ে বুঝতে পারে আসলে প্রতারণার পথে হাঁটছে তারা। নিজেদের ভুল বুঝতে পেরে কক্সবাজার থেকে ঢাকায় ফিরে আসে।
এই তিন কিশোরী দালালের প্রতারণা বুঝতে পারল, বৈষয়িক ক্ষতি হওয়ার পর অনুধাবন করতে পারল যে প্রতারণার শিকার হয়েছে তারা। কিন্তু সব কিশোরী কি বুঝতে পারে? তারা তো আর ফিরে আসতে পারে না। এভাবেই পাচারগুলো হয়। হয়ে আসছে। সব তো গণমাধ্যমে আসে না। কিন্তু পাচারের প্রতিটি ধাপের সঙ্গে জড়িত বলে আমরা বুঝতে পারি কত সহজেই মা–বাবার বুক খালি হয়ে যায়। কিশোর-কিশোরী, তরুণদের জীবন ধ্বংসের দিকে যায়।
বাংলাদেশ থেকে মানব পাচার ছিল একটা নিয়মিত অপরাধ। কিন্তু এ বছরের জুন মাসে আমরা দেখতে পাই টিকটকের মডেল বানিয়ে অভিনব পাচারের ঘটনা। মূলত কৈশোরের রঙিন স্বপ্নে বিভোর হয়ে ভুল পথে পা বাড়ায় কিশোর-কিশোরীরা।
বাংলাদেশের নারীরা বিভিন্ন দেশেই পাচার হচ্ছে। তবে বেশি পাচার হচ্ছে ভারতে। বাংলাদেশে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা পাচারকারী চক্র চাকরির লোভ দেখিয়ে নারীদের নিয়ে ২০ থেকে ৩০ হাজার টাকায় বিক্রি করে দিচ্ছে ভারতীয় চক্রের কাছে। বাংলাদেশের ১৮টি রুট দিয়ে প্রতিবছর ২০ হাজার নারী-কিশোরী ভারতে পাচার হচ্ছে। সেখানে নানা হাত ঘুরে বেশির ভাগের ঠিকানা হচ্ছে যৌনপল্লি। শারীরিক, মানসিক ও যৌন নিপীড়নের ভয়াবহ শিকার হচ্ছেন এই তরুণী-নারীরা।
গত ১০ বছরে দুই হাজার নারীকে দেশে ফিরিয়ে এনেছে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি। ফেরার পর বেশির ভাগ নারী মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। সমাজ, পরিবার তাঁদের হেয় করে, মেনে নিতে চায় না। তাই তাঁরা হতাশ হয়ে পড়েন। এমন কঠিন দৃশ্য দেখার চেয়ে এই অবলা কিশোরীদের পাচার রোধ করা ছাড়া কোনো বিকল্প পথ আমি দেখি না।
মানব পাচার রোধে দেশে যে আইনটি রয়েছে, সেখানে নারী পাচারের কথা উল্লেখ আছে। এটি যুক্তরাজ্যের একটি আইনকে অনুসরণ করে তৈরি করা হয়েছে। আইনটির যথাযথ প্রয়োগের মাধ্যমে নারী পাচার রোধ করা সম্ভব। এখানে আইনি পদক্ষেপ কিংবা পুলিশ বিভাগ একা কাজ করলে হবে না—প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একযোগে কাজ করতে হবে। যৌথ এই কাজের মাধ্যমে পাচার প্রতিরোধ সম্ভব, নইলে নয়।
আইন দিয়ে এই পাচার রোধের পরেও সামাজিক সচেতনতা এখানে বড় ভূমিকা পালন করছে। টিকটক, বিগো লাইফ, লাইকিসহ ভিডিও এবং লাইভ ভিডিও দেখার এসব অ্যাপে অপরাধে জড়িয়ে পড়ছে কিশোর-কিশোরীরা। তার ফলাফলও আমরা দেখতে পাচ্ছি। টিকটক, বিগো লাইফে তরুণ-তরুণীদের এই আকৃষ্ট হওয়ার প্রবণতা নিয়ন্ত্রণে আনতে হবে।
আমি বলতে চাই, আইন তো কিছুটা পরের বিষয়। আইনি পদক্ষেপ নেওয়া হয় ঘটনা ঘটে যাওয়ার পর। কিন্তু সামাজিক অবক্ষয় রোধ, সচেতনতা এ বিষয়টাতে খুব বড় ভূমিকা রাখে। আমাদের বাবা-মায়েদের খেয়াল রাখতে হবে তাঁদের সন্তানেরা কী করছে। কোথায় যাচ্ছে, তাদের বন্ধু-বান্ধব কে? সন্তানের বন্ধু হয়ে পাশে থাকলে, তাদের সময় দিলে সন্তান এমন বিপথে যাওয়ার হার কমে যাবে। তাদের বোঝাতে হবে, এটা শুধু রঙিন স্বপ্ন। রঙিন স্বপ্নের মোহ থেকে সন্তানকে সরিয়ে আনার উদ্যোগ মা–বাবাকেই নিতে হবে। অনুলিখিত