কিশোরীদের জন্য বিনিয়োগ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কেন কিশোরীদের জন্য বিনিয়োগ?
‘মেয়েদের জন্য বিনিয়োগ করুন, বিশ্বকে বদলে দিন!’, ‘একটি মেয়েকে শিক্ষিত করে তোলার মানে একটি জাতিকে শিক্ষিত করা!’ ‘বিশ্বকে বদলে দিতে চান? একটি কিশোরীর জন্য বিনিয়োগ করুন’-উন্নয়ন খাতে গত কয়েক দশক ধরে এ রকম কিছু বাণী চালু রয়েছে। কিশোরীদের জন্য বিনিয়োগ করলে শুধু যে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে তা নয়, সামগ্রিক উন্নয়নের বিভিন্ন লক্ষ্য অর্জনের বিষয়টিও নিশ্চিত হবে। এসব প্রচার সত্ত্বেও খুব কম দেশই কিশোরীদের কল্যাণে সমন্বিত উদ্যোগ নিয়েছে। বিশ্বজুড়ে কিশোরীরা কিশোরদের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হয়। বাংলাদেশসহ অনেক দেশে একটি মেয়ে বয়ঃসন্ধিক্ষণে পৌঁছালে তার পরিবার ও সম্প্রদায় ধরে নেয়, সে বিয়ে, গর্ভধারণ ও সন্তান প্রসবের জন্য তৈরি। অপরিণত অবস্থায়ই তার ওপর এসব দায়িত্ব এসে পড়ে। এতে প্রায় সব ক্ষেত্রেই তার নিজের, সন্তানের, পরিবারের এবং সামগ্রিকভাবে সমাজের ওপর বিপর্যয় নেমে আসে।
লক্ষ্যমাত্রা ২০৩০ এবং কিশোরীরা

আশার কথা হচ্ছে, কিশোর বয়সীদের বিশেষত কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক কল্যাণের ওপর গুরুত্ব দেওয়ার বিষয়ে আমরা এখন একটি অধিকতর শক্তিশালী বৈশ্বিক মতৈক্য দেখতে পাচ্ছি। এর স্পষ্ট প্রতিফলন দেখা যায় এজেন্ডা ২০৩০ তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও অষ্টম লক্ষ্যে। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) নির্বাহী পরিচালক ড. বাবাতুন্দে ওসোতিমেহিন ২০৩০ লক্ষ্যমাত্রার উল্লেখ করে সবাইকে অন্তর্ভুক্তির আহ্বান জানিয়ে বলেন, ‘অনেক পেছনে পড়ে রয়েছে যারা, তাদের কাছে তথ্য ও সেবা পৌঁছানোর বিষয়টি সমাজের বিভিন্ন নেতা ও সম্প্রদায়কে অবশ্যই গুরুত্বের সঙ্গে নিতে হবে। সবচেয়ে প্রান্তিক কিশোরীদের মানবাধিকার রক্ষায় এগিয়ে আসতে হবে-বিশেষত যারা দরিদ্র, স্কুল থেকে ঝরে পড়েছে, নির্যাতনের শিকার অথবা শিশু বিবাহসহ অন্যান্য ক্ষতিকর অবস্থা বা ঝুঁকির মধ্যে রয়েছে। প্রান্তিক মেয়েদের প্রজনন স্বাস্থ্যজনিত দুর্বলতার ঝুঁকিই বেশি। তারা শৈশবেই মাতৃত্বের অভিজ্ঞতা অর্জন করছে। তাদেরও অধিকার আছে নিজ শরীর সম্পর্ক সঠিকভাবে জানার ও সিদ্ধান্ত গ্রহণ করার এবং সুন্দরভাবে জীবনকে গঠন করার।’

তরুণদের, বিশেষত কিশোরীদের জন্য বিনিয়োগের বিষয়টির ওপর গুরুত্ব দিয়ে ইউএনএফপিএ বিশ্ব জনসংখ্যা দিবস ২০১৬-এর মূল প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘কিশোরীদের জন্য বিনিয়োগ।’

বাংলাদেশের কিশোরীরা

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অংশ হিসেবে বাংলাদেশ কীভাবে কিশোরীদের জন্য বিনিয়োগের আহ্বানকে কাজে রূপ দিতে পারে? মা ও শিশুর স্বাস্থ্য সেবা, দারিদ্র্য হ্রাস ও প্রাথমিক শিক্ষায় ছেলে-মেয়ের আনুপাতিক সাম্য প্রতিষ্ঠাসহ উল্লেখযোগ্য কিছু অর্জনের জন্য বাংলাদেশকে প্রায়ই আদর্শ হিসেবে গণ্য করা হয়। দেশটি এখন কীভাবে বাকি চ্যালেঞ্জগুলো মোকাবিলা করবে? চ্যালেঞ্জগুলো হচ্ছে:

১. প্রায় ৫৯ শতাংশ নারীর বিয়ে হয়ে যায় বয়স ১৮ বছর পেরোনোর আগেই।

২. আফ্রিকার পরেই বাংলাদেশেই কিশোরীদের সন্তান জন্মদানের হার সবচেয়ে বেশি। ১৫-১৯ বছর বয়সী প্রায় ৩১ শতাংশ কিশোরী মা অথবা প্রথমবারের মতো অন্তঃসত্ত্বা হয়। বিশ্বে তুর্কমিনিস্তানের পরেই বাংলাদেশের নারীদের সন্তান ধারণের সর্বনিম্ন গড় বয়স সবচেয়ে কম।

৩. অল্প বয়সে সন্তান ধারণে নারীর প্রজননের সময় দীর্ঘায়িত হয়। পরিণামে তাদের সন্তান জন্মদানের হার বাড়ে। বিভিন্ন দেশে বিয়ের বয়স বাড়িয়ে দেওয়ার মাধ্যমে প্রথম সন্তান নেওয়ার বয়সটাও বাড়িয়ে দেয়। ফলে কম বয়সে মা হওয়ার আশঙ্কা থাকে না। এটা সেসব দেশে সামগ্রিক জন্মহার হ্রাসে বড় অবদান রাখে।

৪. কম বয়সে গর্ভধারণের ফলে নারী শিক্ষাগত ও অর্থনৈতিক অনেক সুযোগ থেকে বঞ্চিত হয়।

৫. বিবাহিত কিশোরীদের মধ্যে প্রথম সন্তান জন্ম দেওয়ার আগে পরিবার পরিকল্পনা (এফপি) পদ্ধতিগুলোর ব্যবহার এখনো কম । তাদের পরিবার পরিকল্পনার প্রয়োজন তুলনামূলক বেশি হলেও ১৫-১৯ বছর বয়সীদের মাত্র ৫১ শতাংশ এ ধরনের পদ্ধতি ব্যবহার করছে, যা জাতীয় হারের (৬২ শতাংশ) চেয়ে কম।

দেশের মোট জনসংখ্যার ২২ শতাংশই ১০ থেকে ১৯ বছর বয়সী শিশু-কিশোর। তাদের মোট সংখ্যা হচ্ছে তিন কোটি ৬০ লাখ (বিবিএস ২০১৫)। ফলে তাদের জন্য বিনিয়োগের এখনই আদর্শ সময়। আজকের কিশোরীরাই আগামীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের নির্ণায়ক। তারপরও তাদের জন্য গুণগত মানসম্পন্ন শিক্ষার ব্যবস্থা করতে অনেকের আগ্রহের ঘাটতি রয়েছে। তাদের অভিযোগ এ ধরনের বিনিয়োগের সুফল পেতে ১০ বছর পেরিয়ে যায়। কিন্তু গবেষণার তথ্য-উপাত্ত বলছে, যৌন ও প্রজনন স্বাস্থ্যসহ কিশোরীদের স্বাস্থ্য খাতে বিনিয়োগের সুফল প্রায় তাৎক্ষণিকভাবেই পাওয়া যায়। যেমন: শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিতির হার কমে, কর্মক্ষেত্র এবং বাড়িতে উৎপাদনশীলতা বাড়ে।

গত ৩০ বছরে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড (জনসংখ্যাতাত্ত্বিক লভ্যাংশ) অর্জনে সমর্থ এবং উন্নয়ন সূচকে অগ্রগতি অর্জনকারী দেশ এবং অনুন্নয়ণের দুষ্টচক্রের ফাঁদে পড়া দেশগুলোর মধ্যে তুলনা করে দেখা যায়, জনগণের জন্য গুণগত মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ব্যাপারে বিনিয়োগকারী দেশগুলো স্পষ্টত এগিয়ে রয়েছে।

কিশোরীদের জন্য বিনিয়োগ বলতে কী বোঝায়?

কিশোরীদের জন্য বিনিয়োগ করতে হলে প্রথমত বাজেটে তাদের জন্য বরাদ্দ রাখতে হবে। জাতীয় বাজেটকে অবশ্যই জেন্ডার সংবেদনশীল করতে হবে এবং দীর্ঘমেয়াদি সুফল পাওয়ার জন্য বিনিয়োগের প্রাধান্য থাকতে হবে। এসব বিনিয়োগের মধ্যে রয়েছে:

কিশোরীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য পারিবারিক, সামাজিক ও আইনি ব্যবস্থা;

শিক্ষা খাতে পদ্ধতিগত উন্নয়ন এবং প্রান্তিক বিভিন্ন সম্প্রদায়ের অল্পবয়সী মেয়েদের বিদ্যালয়ের পড়াশোনা চালু রাখার প্রতি গুরুত্ব আরোপ;

কিশোর-কিশোরীদের জন্য বিদ্যালয়ের ভেতরে ও বাইরে সামগ্রিক যৌন ও প্রজনন স্বাস্থ্যতথ্য এবং সেবা নিশ্চিত করা, যাতে তারা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও যৌনবাহিত বিভিন্ন রোগের সংক্রমণ থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারে;

জেন্ডার বিষয়ে নেতিবাচক, পক্ষপাতদুষ্ট মূল্যবোধ ও সংস্কার পরিবর্তন;

কারিগরি, কর্মমুখী ও উদ্যোক্তা হওয়ার উপযোগী বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণে মেয়েদের আকৃষ্ট করে ব্যতিক্রমী পেশায় অংশগ্রহণের পরামর্শ দেওয়া;

নতুন নতুন প্রযুক্তি শিক্ষণ ও ব্যবহারের প্রতি মেয়েদের অন্তর্ভুক্ত ও উৎসাহিত করা;

পর্যবেক্ষণ ও জবাবদিহিমূলক একটি ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে সবচেয়ে অরক্ষিত কিশোরীদের জন্য পরিকল্পিত বিনিয়োগ নিশ্চিত করা।

কিশোরীদের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব

কিশোরীদের জন্য সঠিক বিনিয়োগের ফলে ভবিষ্যতে বাংলাদেশে যা যা ঘটবে , সেগুলো হচ্ছে:

১.নারীর প্রতি পুরুষের সহিংসতার হার কমবে

২. শিশুবিবাহের হার কমবে

৩.মেয়েদের অল্প বয়সে মা হওয়ার হার কমবে

৪.নবজাতক ও শিশুমৃত্যুর হার কমবে

৫.একটি শিক্ষিত ও শ্রমশক্তি গড়ে উঠবে

কিশোরীদের জন্য বিনিয়োগের ক্ষেত্রে নীতিমালা ও কৌশল প্রণয়ন করাটা জরুরি। তবে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো সেই নীতিমালা ও কৌশলের তদারকি ও মূল্যায়ন; এবং কথাকে কাজে রূপান্তর করা। এ জন্য প্রয়োজন বয়স ও জেন্ডারভিত্তিক আলাদা তথ্য ও উপাত্ত। আর সেগুলো হওয়া চাই নির্ভরযোগ্য, সময়োপযোগী ও উন্নয়নের জন্য প্রাসঙ্গিক এবং তৃণমূল পর্যায়ের। প্রকৃত অর্থে এই সমস্ত তথ্য ও উপাত্ত হাতে থাকলে তা অন্যান্য দেশের অবস্থার সঙ্গে তুলনা করার সুযোগ মিলবে।

আজকের কিশোরীই আগামী দিনের পূর্ণবয়স্ক নারী। ২৫ বছর বয়সী একজন নারী যদি শিক্ষিত, সুস্থ হন এবং যথাযোগ্য কর্মসংস্থানের সুযোগ পান, তা বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখবে। একজন তরুণী যদি পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করার সুযোগ পান এবং স্বাধীন ও সচেতনভাবে নির্ধারণ করেন সন্তানধারণ করবেন কি না, করলে সেটা কখন, কত বছর পর পর সন্তান নেবেন এবং কয়টা—তবে তিনি নিজের ও পরিবারের উন্নয়নে সহযোগিতা করতে পারবেন। এভাবে তিনি দেশের সামগ্রিক উন্নয়নে অর্থবহ ও গৌরবময় অবদান রাখতে পারবেন।

ইউএনএফপিএর একটি প্রতিবেদন থেকে অনূদিত