কিশোরীদের সচেতন করে সম্মাননা পেলেন হাসিনা বেগম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনার সময়টায় ঘরবন্দী থাকাকালে পড়াশোনা থেকে অবসর, বিনোদন—সবকিছুরই প্রধান নির্ভর ছিল সাইবার দুনিয়া। আর অনেকের কাছেই তখন এই দুনিয়াটা ছিল আনকোরা নতুন। ফলে সাইবার জগতে বিচরণ করতে হলে যে ধরনের সতর্কতা অবলম্বন করা দরকার বা যেসব বিষয়ে আগে থেকেই সতর্ক থাকা প্রয়োজন, তার অনেক কিছুই তাদের জানা ছিল না। করোনাকালে তাদেরই পাশে দাঁড়িয়ে ছিলেন হাসিনা বেগম, এসব বিষয়ে তাদের সচেতন করেছেন।

হাসিনা বেগমকে বিশেষ সম্মাননা প্রদান করেছে কলকাতার আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি
ছবি: হাসিনা বেগমের সৌজন্যে

২০২০ সালের অক্টোবর থেকে ২০২১ অক্টোবর পর্যন্ত ওয়েবিনারের মাধ্যমে ৬৪টি জেলার ১ হাজার ১৩৬টি বিদ্যালয়ের ৩৭ হাজার ৬৪২ জন কিশোরী শিক্ষার্থী এবং তাদের নারী অভিভাবকদের সাইবার অপরাধ বিষয়ে অনলাইনে প্রশিক্ষণ দিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সিসিএ কার্যালয়ের উপসচিব (উপনিয়ন্ত্রক) হাসিনা বেগম। এ প্রশিক্ষণ নেওয়ায় কিশোরী মেয়েরা করোনাকালে অনলাইনে পড়াশোনা এবং ইন্টারনেট ব্যবহারে অনেক বেশি সচেতন ও সর্তক থাকতে পেরেছে। সম্ভাব্য সাইবার অপরাধের বিপদ থেকে যা তাদের বাঁচিয়েছে। পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী ছাত্রীরাও এ প্রশিক্ষণ, ফেসবুক লাইভ দেখে উপকৃত হয়েছে।

এ কাজের স্বীকৃতি দিতেই হাসিনা বেগমকে বিশেষ সম্মাননা প্রদান করেছে কলকাতার আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি। গত ২৫ নভেম্বর কলকাতা প্রেসক্লাবে তাঁকে এই সম্মান জানানো হয়।