কিশোরীরা কী পরবে, কিশোরদের কী পছন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উজ্জ্বল রঙের হাতা কাটা পোশাকে দিন কাটুক ফুরফুরে। মডেল : ইরা ও নীলাঞ্জনা, পোশাক : ইয়াং কে, সাজ : জারাস বিউটি লাউঞ্জ
ছবি : সুমন ইউসুফ

ফেসবুক, ইনস্টার কল্যাণে বিশ্ব ফ্যাশনের সাম্প্রতিক খোঁজটিও এখন তাদের জানা। ফলে আগের মতো কোনো রকম কিছু একটা দিয়ে কিশোর বয়সীদের বুঝ দেওয়া এখন সম্ভব নয়। কেমন হবে তাদের পোশাকের রং, নতুন কী যুক্ত করা যায় নকশায়, এসব নিয়ে অনেক আগে থেকেই ভাবনা শুরু করে দেন ডিজাইনাররা। ঈদের বাজার ঘুরেও দেখা গেল, কিশোরীদের জন্য সাজানো পোশাকের সমাহারই বেশি। অনেক ফ্যাশন হাউস আবার একেকটি থিম ধরে পোশাকের নকশা করেছে। রঙের ক্ষেত্রেও থাকছে একান্ত নিজস্ব ভাবনা। গরমের কারণে পোশাকে আরামের দিকটি বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে। যে কারণে তাদের পোশাকেও প্রাধান্য পেয়েছে সুতি, লিনেনের মতো আরামদায়ক কাপড়।

রং কিংবা কাপড়ে উপাদানে প্রাধান্য পেয়েছে গরমের বিষয়টি। পোশাক : কিউরিয়াস
ছবি : সুমন ইউসুফ

ফ্যাশন হাউস লা রিভের প্রধান ডিজাইনার মন্নুজান নার্গিস বলেন, ‘এই বয়সীদের (১২ থেকে ১৯ বছর) পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ বেশি। তাই কিশোরীদের পোশাকে এবার থাকবে সিঙ্গেল কালারে এমব্রয়ডারি করা অরগাঞ্জা, লেস, সাটিন, টুল্যে ও সিকুইনস মেশ ফেব্রিকে তৈরি রঙিন পার্টি ফ্রকের চোখজুড়ানো সংগ্রহ। একই সঙ্গে টিউনিক, সালোয়ার–কামিজ, শার্ট, টপের সঙ্গে মিলিয়ে পালাজ্জো, লেগিংস, কুলোট্টস ও বারমুডা প্যান্ট কিশোরদের জন্য সময়পযোগী হবে।’

আনারকলি হোক বা পশ্চিমা ধাঁচের কুর্তা, কাটছাঁটে থাকছে বৈচিত্র্য। পোশাক : কিউরিয়াস ও ইয়াং কে
ছবি : সুমন ইউসুফ

মায়ের সঙ্গে আড়ংয়ে ঈদের কেনাকাটা করতে আসা তরুণী মারিয়া আফরোজ জানান, ঘুরতে গেলে স্বচ্ছন্দ্যে পরা যায়, এমন পোশাকই পছন্দ। তাই এবার গাউন স্টাইলের লম্বা কামিজ কেনার ইচ্ছা আছে।

আড়ং এবার এনেছে বর্ণিল নকশার ঈদপোশাকের সংগ্রহ। দেশি কাপড় ও গরমের বিষয়টি প্রাধান্য দিয়ে পোশাক তৈরি করেছে তারা। তরুণীদের জন্য সুতি, সিল্ক ও মসলিন প্রাধান্য পেয়েছে। এবার কিশোরীদের পোশাকে সবচেয়ে বেশি ফিউশন করা হয়েছে। আছে জ্যামিতিক নকশাও। তরুণদের জন্য পাঞ্জাবির পাশাপাশি তরুণীদের সালোয়ার-কামিজ, কুর্তি ও গাউনেও থাকছে নানা রকম প্রিন্ট।

কিশোরীদের জন্য থাকছে সিঙ্গেল কামিজ। পোশাক : কিউরিয়াস

কে ক্র্যাফ্‌টের বেইলি রোড শাখার ব্যবস্থাপক কাইয়ুম মিয়া জানান, সুতি কাপড়ের হলেও সেখানে উজ্জ্বল রং প্রাধান্য দেওয়া হয়েছে। কিশোরীদের জন্য সিঙ্গেল কামিজ, কুর্তি ও টপ আছে নানা রকম।

কিশোরীরা মূলত একটু কালারফুল পোশাক বেশি পছন্দ করে। পোশাক : ইয়ং কে
ছবি : সুমন ইউসুফ

বিশ্বরঙ, এম ক্রাফট, দেশীয়া, আর্টিসান, ম্যাকয়সহ অন্য ফ্যাশন হাউসগুলো ঘুরে দেখা গেছে, কিশোরীদের জন্য ঈদ ফ্যাশনে এবার গাউন স্টাইলের লম্বা কুর্তির বেশ চল। এ ছাড়া ফ্যাশনসচেতন কিশোরীরা বেছে নিতে পারেন কাফতান, স্টাইলিশ কুর্তা, কটি বেজড সালোয়ার-কামিজ। নিজেকে যারা পাশ্চাত্য সাজে সাজাতে চায়, তাদের জন্য রয়েছে একরঙা শার্ট, জ্যামিতিক কিংবা ফ্লোরাল প্রিন্টের পালাজ্জো। ঈদের সকালে অনেকে একটু হালকা ধরনের পোশাক পরতে চায়। তাদের জন্য হালকা রঙের সুতির পোশাকই বেশি উপযোগী। তবে কিশোরীরা মূলত একটু কালারফুল পোশাক বেশি পছন্দ করে। কোনো একটি নির্দিষ্ট কাট বা নকশার প্রতি হয়তো ঝোঁক নেই, তবে পোশাকটা হতে হবে সময়োপযোগী।

কিশোরীদের জন্য অনেক দোকানে এবার সিঙ্গেল কুর্তার সংগ্রহ আছে। গলায় ও কাটছাঁটে এসেছে ভিন্নতা। গতবারের মতো এবারও স্ট্রেইট প্যান্ট চলছে, তবে কাটে পরিবর্তন আনা হয়েছে। বেলবটম স্টাইলেও প্যান্ট করা হয়েছে। সিল্ক, শিফন, জর্জেটের শার্ট, লম্বা কুর্তার সঙ্গে সহজেই মানাবে। গরমের জন্য এবার কিশোরীদের পোশাকের কাটছাঁটে ঢিলেঢালা ভাবটা দেখা গেল সর্বত্র।