কিশোরেরা জড়াচ্ছে খুনের মতো অপরাধে
চট্টগ্রামে শিশু-কিশোরেরা আশঙ্কাজনকভাবে নানা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। মাদক ও অস্ত্র বহন, ছিনতাই, চুরি এমনকি খুনের মতো অপরাধও করছে তারা। মাদকদ্রব্য বেচাকেনার পাশাপাশি কেউ কেউ মাদকাসক্ত হয়ে পড়ছে। সর্বশেষ ২৩ অক্টোবর এক শিশুকে খুনের অভিযোগে খুলশী থানা পুলিশ মো. শাহদাত (১৫) নামে এক কিশোরকে গ্রেপ্তার করে। এর আগে গত ২২ মার্চ কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র সৌমেন বিশ্বাস খুন হয়েছিল অপর একটি বিদ্যালয়ের ছাত্রদের ছুরিকাঘাতে। এ ছাড়া গত বৃহস্পতিবার রাতে কোতোয়ালি থানা পুলিশ নগরের রহমতগঞ্জ এলাকা থেকে লোহার রড চুরির সময় দুই কিশোরকে গ্রেপ্তার করে।চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তর ও জেলা কারাগার সূত্রে জানা গেছে, প্রতিমাসে গড়ে ১৫-২০ কিশোর অপরাধী কারাগারে যায়। বর্তমানে চট্টগ্রাম কারাগারে অনূর্ধ্ব-১৬ বয়সের পাঁচজন ও ১৬-১৮ বছর বয়সী ছয় কিশোর-কিশোরী রয়েছে। এর মধ্যে দুজন হত্যা মামলার, পাঁচজন মাদক মামলার আসামি। অবশ্য এক কিশোরীও কারাগারে রয়েছে। এসব আসামি ছাড়াও প্রতিমাসে গড়ে অন্তত পাঁচ কিশোরকে টঙ্গীর কিশোর অপরাধ সংশোধনাগারে পাঠানো হয় বলে জানা গেছে।প্রযুক্তির যথেচ্ছ ব্যবহার, মুঠোফোনের সহজলভ্যতা, টেলিভিশনের দুঃসাহসিক অভিযানের (অ্যাডভেঞ্চার) নানা অনুষ্ঠান ও অভিভাবকদের উদাসীনতার কারণে কিশোররেরা প্রতিনিয়ত এরকম অপরাধে জড়িয়ে পড়ছে বলে সংশ্লিষ্ট লোকজনের অভিমত। কিশোর অপরাধ প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ বলেন, ‘বড় অপরাধীরা সাধারণত শিশু-কিশোরদের বিভিন্ন অপরাধে ব্যবহার করে। এর মধ্যে অস্ত্র ও মাদক বহন অন্যতম। পরে এসব বাচ্চারাই মাদকসেবন শুরু করে। একপর্যায়ে মাদকের টাকা রোজগারের জন্য চুরি-ছিনতাইয়ের মতো অপরাধ শুরু করে।’জানা গেছে, তুচ্ছ ঘটনাকে ঘিরে গত শুক্রবার সন্ধ্যায় নগরের টেলিভিশন ভবনের পাশে পারভেজ (৯) নামে এক শিশু খুন হয়। খুনের অভিযোগে গ্রেপ্তার হওয়া শাহদাত (১৫) জানায়, তার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে পারভেজকে ইট দিয়ে সে মাথায় আঘাত করলে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এর আগেও চুরির অপরাধে শাহদাত একবার গ্রেপ্তার হয়েছিল। গত ২২ মার্চ কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের ছাত্র সৌমেন বিশ্বাসকে ছুরিকাঘাত করে চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের কয়েকজন ছাত্র। এক ছাত্রীর সঙ্গে প্রেম করা নিয়ে এ দুই শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন ছাত্রের মারামারিতে সে খুন হয়। এর আগে গত বছরের ৯ মে নগরের কাট্টলী বেড়িবাঁধ এলাকায় সহপাঠীদের হাতে খুন হয় মোস্তফা হাকিম উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খন্দকার। একটি এমপি-৬ যন্ত্রের জন্য তাকে গলাটিপে হত্যা করা হয়। পরে পাহাড়তলী থানা পুলিশ তিন সহপাঠীকে গ্রেপ্তার করেছিল। সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিভিন্ন থানায় গ্রেপ্তার হওয়া কিশোর অপরাধীদের আদালতের মাধ্যমে প্রথমে চট্টগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়। সেখান থেকে কিশোরদের গাজীপুরের টঙ্গীর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়। আর কিশোরী অপরাধীদের পাঠানো হয় হাটহাজারীর শেল্টার হোমে। এ ছাড়া জেলা সমাজসেবা কার্যালয়, অপরাজেয় বাংলাদেশসহ কয়েকটি উন্নয়ন সংস্থা কিশোর অপরাধীদের আইনি সহায়তা দিয়ে থাকে। এ প্রসঙ্গে চট্টগ্রাম সমাজসেবা দপ্তরের প্রবেশনারি কর্মকর্তা মো. হাসান মাসুদ বলেন, ‘কিশোরেরা মাদক, অস্ত্র, চুরিসহ নানা অপরাধে জড়াচ্ছে। তবে তাদের বেশির ভাগই মাদকসংক্রান্ত অপরাধে জড়িত। নারী ও শিশু অপরাধ আইনের অভিযোগে অনেক কিশোর গ্রেপ্তার হচ্ছে।’ নগরের স্টেশন রোড, বিআরটিসি মোড়, কদমতলী এলাকায় এরকম অসংখ্য শিশু রয়েছে। তারা ‘ড্যান্ডি’ নামে একটি মাদক নিয়ে থাকে। জুতায় ব্যবহূত স্প্রিট জাতীয় আঠা দিয়ে ড্যান্ডি তৈরি হয়। এ ছাড়া অনেক কিশোরকে কদমতলী এলাকায় মাদক বিক্রি করতেও দেখা যায়। এরা স্টেশন রোডে ছিঁচকে চুরিও করে বলে পুলিশ সূত্রে জানা গেছে।