কিষেনজির রক্তাক্ত বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসান হলো পশ্চিমবঙ্গের মাওবাদীদের কিষেনজি যুগের। মাওবাদীদের স্বপ্ন চুরমার করে পশ্চিম মেদিনীপুরের জঙ্গলে যৌথ বাহিনীর গুলিতে ঝাঁজরা হয়ে গেলেন কিষেনজি। তিনি ছিলেন মাওবাদীদের তৃতীয় শীর্ষস্থানীয় নেতা এবং কমিউনিস্ট পার্টি-মাওবাদীর পলিটব্যুরোর সদস্য। দলের কেন্দ্রীয় মিলিটারি কমিশনেরও সদস্য ছিলেন কিষেনজি।১৯৭৩ সালে কিষেনজি অন্ধ্র প্রদেশের করিমনগর জাম্মিকুন্টার আদর্শ কলেজ থেকে স্নাতক হন। এরপর রাজধানী হায়দরাবাদের কলেজে আইন পড়া শুরু করেন। এক বছর এলএলবি পড়ার পর সক্রিয় রাজনীতিতে হাতেখড়ি। ছাড়েন কলেজ। যোগ দেন অন্ধ্র প্রদেশ ভেঙে পৃথক তেলেঙ্গানা রাজ্য গড়ার আন্দোলনে। ইতিমধ্যেই অবশ্য যোগ দিয়েছিলেন ভারতের কমিউনিস্ট পার্টিতে (মার্কসবাদী-লেনিনবাদী)। নকশালপন্থী আন্দোলন স্তিমিত হয়ে এলে তিনি ১৯৮০ সালে কোন্ডাপল্লি সীতারামাইয়ার সঙ্গে মিলে গঠন করেন পিপলস ওয়ার গ্রুপ বা জনযুদ্ধ গোষ্ঠী। ২০০৪ সালের ২১ সেপ্টেম্বর তাঁরই উদ্যোগে মাওয়িস্ট কমিউনিস্ট সেন্টার এবং জনযুদ্ধ গোষ্ঠী মিলে গঠিত হয় ভারতের কমিউনিস্ট পার্টি (মাওবাদী)। এই দলের কেন্দ্রীয় কমিটিতে এখনো আছেন কিষেনজির ভাই বেনুগোপাল এবং স্ত্রী মৈনাক্কা। কিষেনজি তেলেগু, হিন্দি, ওড়িয়া, ইংরেজি ও বাংলা ভাষায় পারদর্শী ছিলেন। কিষেনজির স্ত্রী মৈনাক্কার দুই ছদ্মনাম কল্পনা ও সুজাতা। তিনি এখন মাওবাদীদের দণ্ডকারণ্য অঞ্চলের স্পেশাল জোনাল কমিটির সদস্য। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে। তারা কলেজে পড়ে। কিষেনজির আরও দুই ভাই আছেন। এক ভাই বেনুগোপাল রাও। তাঁরও একাধিক নাম। বেনুগোপালও মাওবাদীদের পলিটব্যুরোর সদস্য। তবে অন্য ভাই ব্যাংকে কর্মরত। রাজনীতির ধারেকাছে নেই।ভারতজুড়ে ছড়িয়ে থাকা ‘লাল করিডোরের’ অংশ পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও ওডিশার দায়িত্বে ছিলেন কিষেনজি। তাঁর অধীনে ছিলেন কয়েক হাজার সশস্ত্র সদস্য। মূলত ২০০২ সাল থেকে কিষেনজি পশ্চিমবঙ্গের সাংগঠনিক দিকটি দেখা শুরু করেন। কিষেনজি ২০০৫ সালে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (সেজ) গড়ার বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় অংশ নেন। ২০০৭ সালে পশ্চিমবঙ্গের লালগড়ে গড়ে তোলেন আন্দোলন। ২০০৮ সালে তখনকার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শালবনির সড়কে মাইন বিস্ফোরণ ঘটিয়ে হত্যার পরিকল্পনার পেছনে ছিলেন এই কিষেনজিই।অন্ধ্র প্রদেশ সরকার কিষেনজিকে ধরিয়ে দেওয়ার জন্য ১২ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিল। ছত্তিশগড় সরকার তাঁর মাথার দাম নির্ধারণ করেছিল সাত লাখ রুপি। এ কারণে সব সময়ই কিষেনজি কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে চলাফেরা করতেন। সবচেয়ে কাছের স্তরে থাকতেন তাঁর দলেরই পিপলস লিবারেশন গেরিলা গ্রুপের আটজন সদস্য। তাঁদের বাছাই করা হয়েছিল অন্ধ্র প্রদেশের ইউনিট থেকে। এ ছাড়া কিষেনজি নিজের সঙ্গে সব সময় একটি একে-৪৭ রাইফেল রাখতেন। সম্প্রতি তাঁর হাতে একটি ৫৬ অ্যাসল্ট রাইফেল দেখা যেত। শোনা যাচ্ছে, কিষেনজির ঘনিষ্ঠ একজনই তাঁর পূর্ব মেদিনীপুরের বুড়িশোল জঙ্গলে অবস্থানের কথা জানিয়ে দিয়েছিলেন পুলিশকে। তিনিই কিষেনজিকে ধরিয়ে দেওয়ায় মূল ভূমিকা পালন করেন। পুলিশ সুপারের নেতৃত্বে অভিযান চালিয়েছিল যৌথ বাহিনী। এখন দুই রাজ্য সরকার পুরস্কারের সেই ১৯ লাখ রুপি গোপনে ওই সংবাদদাতাকে দেওয়ার উদ্যোগ নিয়েছে।কিষেনজির ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ার বর্ণনা মেনে নিতে পারেনি মাওবাদীরা। কলকাতার বেশ কয়েটি মানবাধিকার সংস্থাও তা বিশ্বাস করছে না। এদের অভিযোগ, কিষেনজিকে জীবিত অবস্থায়ই গ্রেপ্তার করা হয়েছিল। তারপর ভুয়া ‘সংঘর্ষ’ (এনকাউন্টার) দেখিয়ে তাঁকে হত্যা করা হয়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে রাজ্য সরকার। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও সেই ইঙ্গিত দেওয়া হয়েছে। ভুয়া সংঘর্ষের অভিযোগ উড়িয়ে দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব আর কে সিংও। পুলিশ বলেছে, যৌথ বাহিনী আত্মসমর্পণ করার আহ্বান জানালেও কিষেনজি সেই আহ্বান প্রত্যাখান করে বন্দুকযুদ্ধে অবতীর্ণ হন। কিন্তু মাওবাদীদের কথা, যদি বন্দুকযুদ্ধই হয়, তবে বাকিরা গেল কোথায়? কলকাতার কয়েকটি মানবাধিকার সংগঠন কিষেনজির মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন কংগ্রেস-তৃণমূল জোটের শরিক এসইউসিআইও দাবি করেছে, একজন সাবেক বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠনের। জাতীয় মানবাধিকার কমিশন গত সোমবার কিষেনজির নিহত হওয়া-সংক্রান্ত যাবতীয় তথ্যপ্রমাণ ছয় সপ্তাহের মধ্যে কমিশনে পেশ করার নির্দেশ দিয়েছে সরকারকে। কিষেনজি ‘হত্যার’ প্রতিবাদে ২৬ ও ২৭ নভেম্বর পশ্চিমবঙ্গে ৪৮ ঘণ্টার বন্্ধ পালন করে মাওবাদীরা। জঙ্গলমহলে এই বন্্ধ সাড়া ফেললেও রাজ্যের অন্যত্র এর কোনো প্রভাব পড়েনি। অন্যদিকে মাওবাদীদের কেন্দ্রীয় কমিটি ৪ ও ৫ ডিসেম্বর ভারত বনেধর ডাক দিয়েছে। ১৯৫৬ সালে অন্ধ্র প্রদেশের করিমনগর জেলায় জন্ম কিষেনজির। তাঁর আসল নাম মাল্লোজুলা কোটেশ্বর রাও। বাবা মাল্লোজুলা ভেঙ্কটাইয়া আর মায়ের নাম মাল্লোজুুলা মধুরাম্মা। বাবা ছিলেন গান্ধীবাদী স্বাধীনতা-সংগ্রামী। কিষেনজি নানা নামে পরিচিত ছিলেন। এগুলো হচ্ছে—প্রহ্লাদ, মুরলী, রামজি, সূর্য, জয়ন্ত, শ্রীধর ইত্যাদি। তবে পশ্চিমবঙ্গে তিনি কিষেনজি নামেই পরিচিত। ছোটবেলায় মা আদর করে গুডাপ্পা কিষেনজি বলে ডাকতেন। মায়ের ডাকা এই নামটিই ছড়িয়ে যায় ভারতজুড়ে। ভারতের ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে নয়টি মাওবাদী প্রভাবিত। এই রাজ্যগুলো হলো: অন্ধ্র প্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বিহার, ওডিশা, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ।  অমর সাহা, কলকাতা