শিশুর গোসলের আবার নিয়ম কী? ছোট্ট শরীর একটু পানি দিয়ে ধুয়ে ফেললেই তো হয়। এর আবার নিয়মকানুন আছে নাকি। আপাতভাবে এটি মনে হলেও নবজাতক থেকে এক বছর বয়স পর্যন্ত শিশুদের গোসলের সময় বেশ কিছু বিষয় মেনে চলা উচিত। বারডেম হাসপাতালের শিশুরোগ বিভাগের প্রধান তাহমিনা বেগম বলেন, সুস্থ ও স্বাভাবিক নবজাতককে জন্মের ৭২ ঘণ্টা পর গোসল করাতে হবে। এ সময় শিশুর ওজনের দিকটিও খেয়াল রাখতে হবে। সুস্থ শিশুর ওজন সাধারণত আড়াই কেজি থেকে চার কেজি হয়ে থাকে। কীভাবে শিশুকে গোসল করাবেন, সে বিষয়ে তিনি বেশ কিছু পরামর্শ দিয়েছেন।কী করবেন নবজাতককে জন্মের তিন দিন পর থেকে গোসল করাতে হবে। গরমে প্রতিদিন গোসল করানো ভালো। ঠান্ডা লেগে যাবে, এই ভয়ে অনেক অভিভাবক প্রতিদিন গোসল করাতে চান না। এটি ঠিক নয়। তা না হলে চর্মরোগ হতে পারে। আর শীতে প্রতিদিন ভালোভাবে নরম কাপড় ভিজিয়ে শরীর মুছে দিতে হবে। মাথা পানি দিয়ে ধুইয়ে দিতে হবে। হালকা গরম পানি দিয়ে গোসল করাতে হবে। পানি অন্তত ৩০ মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। গামলা বা ছোট বাথটাবে পানি নিয়ে প্রথমে মাথাটা ধুইয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে, কানে যেন পানি না ঢোকে। তবে পানি ঢুকে গেলেও দুশ্চিন্তার কিছু নেই। এই পানি বের হয়ে যায়। চাইলে তুলা বা কটন বাড দিয়ে কানটা সাবধানে হালকা করে মুছে নিতে পারেন। জন্মের এক মাস পর থেকে সপ্তাহে এক দিন শিশুর শরীরে সাবান ও চুলে শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে। বাজারে শিশুদের উপযোগী ভালো মানের সাবান ও শ্যাম্পু পাওয়া যায়, সেটি ব্যবহার করতে হবে। আর ছয় মাস বয়স থেকে প্রতিদিন সাবান ব্যবহার করতে পারবেন। পানি দেখলে শিশুরা আনন্দিত হয়। তাই গোসলের সময় সতর্ক থাকবেন যেন শিশু কোনোভাবেই গামলা বা বাথটাবের পানি খেয়ে না ফেলে। শিশুকে গোসলের আগে অলিভ অয়েল বা চিকিৎসকের পরামর্শ মতো অন্য কোনো তেল মালিশ করতে হবে। শিশুর শরীরে গোসলের পর তেল মালিশ করলে লোমকূপ বন্ধ হয়ে যায়। তাই গোসলের আগেই এ কাজ করতে হবে। নরম বা পাতলা কাপড় দিয়ে শিশুর শরীর মুছে দিতে হবে।কী করবেন না খোলা জায়গা, এই যেমন: বারান্দা, ছাদ বা বাগানে শিশুকে গোসল করানো উচিত নয়। এতে ঠান্ডা লেগে যেতে পারে তার। সে জন্য ঘরের ভেতর ফ্যান বন্ধ করে গোসল করাতে হবে। শিশুর গোসলের পানিতে অনেক সময় জীবাণুনাশক ব্যবহার করা হয়। এসব জীবাণুনাশক শিশুর গোসলের পানিতে ব্যবহার করলে তার ত্বকের রোগপ্রতিরোধকগুলো ধ্বংস করে দেয়। পরবর্তী সময় শিশুর শরীরে নানা ধরনের চর্মরোগ ও ছত্রাকের সংক্রমণ হতে পারে। তাই কোনোভাবেই জীবাণুনাশক ব্যবহার করা যাবে না। শিশুকে বড়দের সাবান বা শ্যাম্পু দিয়ে গোসল করানো উচিত নয়।