আগামী ১ জুলাই শতবর্ষ পূর্ণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের হাত ধরেই ১৯২৩ সালে প্রথম এ দেশে আয়োজিত হয়েছিল সমাবর্তন। প্রথম সমাবর্তনে বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য আলেক্সান্ডার জর্জ রবার্ট বুলওয়্যার লাইটন। কী বলেছিলেন তিনি? পড়ুন তাঁর বক্তৃতার নির্বাচিত অংশ।
মনে রেখো, চ্যান্সেলর কিংবা ভাইস চ্যান্সেলরের নামে বিশ্ববিদ্যালয় কখনো বিখ্যাত হয় না। এই বিশ্ববিদ্যালয়ের মান যাচাই হবে এর শিক্ষার্থীদের দিয়ে, তাদের শিক্ষাগত সাফল্যের নিরিখে এবং শিক্ষাঙ্গনে ও জনজীবনে তাদের অর্জিত সুনামের মাধ্যমে। তাই চ্যান্সেলর হিসেবে তোমাদের উদ্দেশে দেওয়া আমার প্রথম ভাষণে বলতে চাই, আমার ভবিষ্যদ্বাণীকে বাস্তবে রূপান্তরিত করতে তোমরা সাহায্য কোরো, এই বিশ্ববিদ্যালয় নিয়ে আমার যে আশা-আকাঙ্ক্ষা, তা তোমরাও নিজেদের মধ্যে ধারণ কোরো।
তোমরা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করতে চাও, বস্তুগত সাফল্য অর্জনের পথ সৃষ্টি করতে চাও, এ নিয়ে আমার কোনো অভিযোগ নেই। কিন্তু তোমাদের যা প্রয়োজন বিশ্ববিদ্যালয় শুধু সেটি তোমাদের দিয়েই যাবে তা কিন্তু নয়, তোমাদেরও উদ্দেশ্য হওয়া উচিত বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করা। আমি বলতে চাইছি যে কোনোরকম ঝুটঝামেলা ছাড়া একটি ডিগ্রি নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাওয়াই যেন তোমাদের মূল লক্ষ্য না হয়, করতে হবে এমন কিছু যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে। তোমরা যদি বিশ্ববিদ্যালয়কে নিছক গ্র্যাজুয়েট তৈরির কারখানা মনে করো, যদি এখান থেকে যেটুকু পাচ্ছ তাতেই সন্তুষ্ট থাকো, যদি ভাবো তোমার নামের পাশে বিএ অথবা বিএসসির মতো গোটাকয়েক অক্ষর বসিয়ে চাকরি পেতে সাহায্য করাই বিশ্ববিদ্যালয়ের কাজ, তাহলে কোনো দিনও এই বিশ্ববিদ্যালয় সামনের দিকে এগোতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি আমরা বড় ও বিখ্যাত বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, তবে তোমাদের প্রথমেই মনে রাখতে হবে যে বিশ্ববিদ্যালয় চাকরি পাওয়ার মাধ্যম নয় বরং জ্ঞান অর্জনের স্থান।
(সংক্ষেপিত ও ইংরেজি থেকে অনুদিত)
সূত্র: ঢাকা ইউনিভার্সিটি দি কনভোকেশন স্পিচেস ভলিউম ১ (১৯২৩-১৯৪৬)