
গত ২৭ নভেম্বর। অবরোধের দ্বিতীয় দিন। নগরের নাসিরাবাদের বাসিন্দা আবদুল আলিম খবর পেলেন কাজীর দেউড়ি এলাকায় গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সেখানে তাঁর ছোট একটি খাবারের দোকান আছে। সেটির কী অবস্থা দেখতে ঘর থেকে বের হলেন। কিন্তু শেষ পর্যন্ত দোকানে যেতে পারলেন না তিনি। পথে আগুন দেওয়া হলো তাঁকে বহনকারী অটোরিকশায়। আগুনে গুরুতর দগ্ধ আবদুল আলিম এখন মরণ যন্ত্রণায় কাতরাচ্ছেন হাসপাতালের শয্যায়।
কেবল আবদুল আলিম নন, ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত টানা অবরোধ কর্মসূচি চলার সময় চট্টগ্রামের পটিয়ায় একজন টেম্পোচালক ও সাতকানিয়ায় একজন যুবক নিহত হন। নিহত ও আহত ব্যক্তিদের প্রায় সবাই সাধারণ মানুষ। ঘর থেকে জীবিকার তাগিদে বের হয়ে সহিংস হামলার শিকার হন তাঁরা। গত কয়েক দিন আগের হরতালের মতো এবার অবরোধের সময়ও আন্দোলনকারীদের আক্রমণের লক্ষ্যবস্তু ছিল রিকশা, অটোরিকশা ও গণপরিবহন এবং সেসবের চালক ও যাত্রীরা।
প্রধান নির্বাচন কমিশনার ২৫ নভেম্বর জাতির উদ্দেশে ভাষণ দিয়ে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ১৮-দলীয় জোট অবরোধের কর্মসূচি দেয়। সাধারণ মানুষ ভেবেছিল অবরোধে মহাসড়কে প্রতিবন্ধকতা থাকলেও হরতালের মতো অচল হবে না নগরজীবন। অথচ অবরোধ কর্মসূচি হরতালের চেয়েও ভয়ংকর হয়ে উঠে বিপর্যস্ত করে দিল সাধারণ মানুষের জীবনকে।
মূলত অবরোধের নামে হরতালই পালিত হলো। সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো বন্দরনগর চট্টগ্রামকে। হরতালের মতোই চলল কড়া পিকেটিং। বোমায় ও আগুনে দগ্ধ হলেন খেটে খাওয়া সাধারণ মানুষ।
প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, টানা হরতাল ও অবরোধের কারণে সবচেয়ে বেশি দুর্দশায় পড়েছেন পরিবহন শ্রমিকেরা। গাড়ির চাকা না ঘোরায় বন্ধ হয়ে পড়েছে তাঁদের সংসারের চাকাও। চট্টগ্রাম নগরে প্রতিদিন এক হাজার সিটি সার্ভিস বাস, এক হাজার ২০০ টেম্পো ও সাড়ে সাত হাজার সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় গত তিন মাসে এ সংখ্যা জ্যামিতিক হারে কমছে। ভাঙচুর ও অগ্নিসংযোগের ভয়ে বেশির ভাগ মালিকই গাড়ি বের করেননি। এই ছোট পরিসংখ্যান থেকে স্পষ্ট হয় পরিবহন খাতে হরতালের সময় কত হাজার মানুষ বেকার হয়ে পড়েন। একটা মানুষ বেকার হয়ে যাওয়া মানেই তো কমপক্ষে পাঁচ-ছয়জন মানুষের অনাহারে-অর্ধাহারে কাটানো।
কেবল রুটি-রুজি বন্ধ হওয়া নয়, রাস্তায় বের হলে নিরাপদে ঘরে ফেরা যাবে কি না এই অনিশ্চয়তার মধ্যে বসবাস করতে হচ্ছে সাধারণ মানুষকে।
অবরোধ চলার সময় পশ্চিম পটিয়ার ফকিরনীর হাট এলাকায় পিকেটারদের হামলায় প্রাণ হারান টেম্পোচালক এরশাদ আলী। সংসার চালাতে বাধ্য হয়ে রাস্তায় গাড়ি নিয়ে বের হয়েছিলেন এরশাদ।
সাতকানিয়ার জামায়াত-শিবিরের কর্মীদের ছোড়া ইটের আঘাতে প্রাণ হারান ১৮ বছরের যুবক মো. শাহেদ। শাহেদ তাঁর মায়ের সঙ্গে ঠাকুরদীঘি থেকে কেরানিরহাট যাচ্ছিলেন। ছেলের সঙ্গে বের হয়ে একাই ঘরে ফিরতে হলো মাকে। কী করেছিল তাঁর ছেলে? কী অপরাধ ছিল, কেন তাঁকে হারাতে হলো? সারা জীবন চোখের জল ফেলে ফেলে এ প্রশ্নের উত্তর পাবেন না শাহেদের মা রাজিয়া বেগম।
শেষ কোথায় এই অরাজকতার? এই চরম নৈরাজ্য বন্ধ হবে কবে? সমাজের সব শ্রেণীর মানুষই আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। সন্তানের মৃত্যু প্রত্যক্ষ করতে হচ্ছে মাকে, মায়ের মৃত্যু সন্তানকে আর স্বামীর মৃত্যু স্ত্রীকে। সাত বছর আগে তৎকালীন বিএনপির সরকার ক্ষমতা ছাড়ার পর দেশে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তখনকার কোনো সহিংস ঘটনারও বিচার হয়নি। গত কয়েক দশকে হরতাল ও রাজনৈতিক সহিংসতায় যেসব সাধারণ মানুষ প্রাণ দিয়েছেন, তাঁদের স্বজনেরা কখনো কোনো দলের সরকারের কাছ থেকে বিচার দূরে থাক, সান্ত্বনাও পাননি। সাধারণ মানুষ আর কত দিন এমন পরিস্থিতি মেনে নেবে? কয়েক দিন আগে প্রথম আলোয় প্রকাশিত একটি সংবাদে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আবুল কালাম আজাদের বক্তব্য উদ্ধৃত করা হয়েছিল। তিনি প্রথম আলোকে বলেছিলেন, ‘সরকার আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এখন গাড়ি নিয়ে রাস্তায় নামলে নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেদেরই করতে হবে। কেউ আক্রমণ করলে তার জবাবও দেওয়া হবে।’
দেয়ালে পিঠ ঠেকে যাওয়া সাধারণ মানুষ যদি এভাবে রাজনৈতিক দল, সরকার ও রাষ্ট্রযন্ত্রের ওপর আস্থা হারায়, তবে আরও ভয়াবহ অরাজক পরিস্থিতির জন্ম হবে দেশে। আজ যাঁরা আগুনে পুড়ছেন, তাঁদের ক্ষোভের আগুন জ্বলবে তখন। সেই ভয়াবহ পরিস্থিতির কথা কি মাথায় রাখছেন এ দেশের রাজনীতিবিদেরা?