কী দেখে প্রেম হয়?

বন্ধুত্ব বা সম্পর্ক গড়ে ওঠার ক্ষেত্রে পূর্বশর্ত হচ্ছে দুজনের মধ্যে একইরকম মূল্যবোধ, মতের মিল কিংবা গোঁড়ামি থাকা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকেরা বিষয়টির প্রমাণ পেয়েছেন।
প্রচলিত আছে, প্রেমের ক্ষেত্রে পরস্পরের মধ্যে ভিন্নমত থাকলে কিংবা দুজন দুরকম হলেও সম্পর্ক তৈরি হয়। কিন্তু একে স্রেফ কিংবদন্তি বলেই রায় দিয়েছেন গবেষকেরা। গবেষকেরা দাবি করেছেন, মানুষ পরস্পরের প্রতি একই রকম দৃষ্টিভঙ্গি ও মতের মিল হলেই কেবল পরস্পরের প্রতি আকৃষ্ট হয়।
‘পারসোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণা সংক্রান্ত নিবন্ধ।
ওয়েলেসলি কলেজ ও কানসাস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সম্পর্কের ভীত তৈরিতে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা বের করতে এ গবেষণা চালান।
গবেষকেরা বলেন, একমনা মানুষগুলোকে একসঙ্গে আনা যায়, কিন্তু বিশ্বাস যদি না মেলে তবে দূরত্ব থেকে যায়।
গবেষকেরা বলেন, কাউকে আকৃষ্ট করতে নিজের অনন্য বৈশিষ্ট্য প্রদর্শনের পরিবর্তে আরেকজনের সঙ্গে কী কী মিল আছে তা খুঁজে বের করা উচিত। ওয়েলেসলি কলেজের অধ্যাপক অ্যাঞ্জেলা বানস বলেন, সঙ্গীর মধ্যে একই রকম বৈশিষ্ট্য খুঁজে বের করার বিষয়টি এত বিস্তৃত ও এর এত বেশি মাত্রা আছে যে একে ‘মানসিকভাবে পূর্বনির্ধারিত’ বিষয় বলা চলে।
বানস বলেন, বিমানে দুই আগন্তুকের কথোপকথন কিংবা অপরিচিত এক জুটির প্রেমের দৃশ্য কল্পনা করুন। একেবারে প্রথম মুহূর্ত থেকে দুজন দুজনের মধ্যে কী মিল পেল তা পরবর্তী সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গবেষণার জন্য দৈবচয়নের ভিত্তিতে এক হাজার ৫০০ জুটিকে বেছে নেন গবেষকেরা। তাঁদের নিয়ে একটি জরিপ চালিয়ে মূল্যবোধ, কুসংস্কার বা গোঁড়ামি, আচরণ ও ব্যক্তিগত বৈশিষ্ট্যের তথ্য সংগ্রহ করা হয়। এরপর তার সঙ্গীর সঙ্গে তা তুলনা করে দেখা হয়। একেবারে সদ্য জুটি হওয়াদের মধ্যে জীবনদর্শনে মিল পাওয়া গেছে।
সূত্র: টেলিগ্রাফ অনলাইন