কী নাম রাখলাম রে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্তানের নাম নিয়ে কি মাঝে মধ্যে উসখুস করেন? কখনো কি মনে হয়, না না, এ নাম রাখা ঠিক হয়নি, ওই নামটি রাখলে ভালো হতো? যুক্তরাজ্যে সন্তানের নাম নিয়ে এমন দ্বিধায় পড়া অভিভাবকের সংখ্যা নেহাত কম নয়। পাঁচ ভাগের এক ভাগ। সাম্প্রতিক এক অনলাইন জরিপের ফল এমন আভাস দিচ্ছে।

বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, যুক্তরাজ্যের অভিভাবক ফোরাম মামসনেট বলছে, তাঁরা এক হাজার অভিভাবকের ওপর এ নিয়ে জরিপ চালিয়েছে। দেখা গেছে, জরিপে অংশ নেওয়া ১৮ শতাংশ বাবা-মায়ের সন্তানের রাখা নাম নিয়ে আফসোস রয়েছে। সন্তানের নাম বদলাতে ইচ্ছুক বাবা-মায়ের সংখ্যা অবশ্য খুবই কম। মাত্র ২ শতাংশ।

কেউ শখ করে সন্তানের একটা নাম রেখেছেন, দেখা গেল আশপাশে ওই নামে ভরে গেছে। অনেকেই সন্তানের একই নাম রেখেছেন। সে ক্ষেত্রেও অনুশোচনা কাজ করে। যুক্তরাজ্যে এমন অভিভাবক রয়েছেন ২৫ ভাগ। আবার দেখা গেল, এমন নাম রাখা হয়েছে যে বানানটা বেশ জটিল। উচ্চারণ মুখে বেধে যাচ্ছে। সে ক্ষেত্রেও অভিভাবকেরা মনে মনে বলেন, আরে, মর জ্বালা! জরিপের তথ্যমতে, যুক্তরাজ্যে এমন বাবা-মা রয়েছেন ১১ শতাংশ।

জাতীয় পরিসংখ্যান দপ্তরের বার্ষিক পরিসংখ্যানের তথ্য অনুযায়ী মামসনেটে প্রকাশিত জরিপের ফল আরও বলছে, ইংল্যান্ড ও ওয়েলসে শিশুদের জন্য রাখা কিছু নাম বেশ জনপ্রিয়।

মামসনেটের প্রতিষ্ঠাতা জাস্টিন রবার্টস বলছেন, সন্তান জন্ম নেওয়ার পর নতুন বাবা-মায়ের প্রথম কাজগুলোর একটি হচ্ছে সুন্দর নাম রাখা। পরে তা আফসোসের কারণ হয়ে দাঁড়ায়। যুক্তরাজ্যে এই চর্চাটা ব্যাপকভাবে হয়ে আসছে বলে মনে করেন তিনি। তাঁর মতে, তাৎক্ষণিকভাবে কিছু মানুষকে খুশি করতে গিয়ে অনেক মাথা ঘামিয়ে এই নাম রাখা হয়। এর পরিণতিতে ঘটে বিপত্তি।

পরিস্থিতির কারণেও সন্তানের নাম নিয়ে অনেক সময় বিব্রত হন মা-বাবা। জরিপে অংশগ্রহণকারী এক মা বলেন, তিনি শখ করে মেয়ের নাম রেখেছিলেন এলসা। ভেবেছিলেন নামটি ব্যতিক্রমী হবে। কিন্তু ডিজনির ছায়াছবি ফ্রোজেন আসার পর ‘এলসা’ নামটি সবার মুখে মুখে। তাই এখন আফসোস হয়।

আরেক মা বলেন, তাঁর সন্তান নিজের নাম মোটেও পছন্দ করে না। এই নাম রাখার জন্য এখন তাঁর নিজেরই বেশ খারাপ লাগে।

নাম নিয়ে এই জরিপে অদ্ভুত তথ্যও উঠে আসে। এক মা-বাবা স্বীকার করেন, সন্তান জন্ম নেওয়ার পর তার যে নাম রাখেন, পরে এক সন্ত্রাসী সংগঠন এই নাম ধারণ করে।

গত বছর দেখা গেছে, ইংল্যান্ড, ওয়েলসে অলিভার ও অ্যামেলিয়া নাম সবচেয়ে জনপ্রিয়। স্কটল্যান্ডে এমিলি ও জ্যাক নাম বেশি রাখা হয়।