কী নিয়ে বেঁচে থাকবেন জাহেদের বাবা-মা!
ডেন্টাল কলেজের পাট চুকিয়ে আর কয়েক বছর পরই তো ছেলেটা তার নামের পাশে ডাক্তার লিখত। পূরণ হতো বাবা-মা, আত্মীয়স্বজনের দীর্ঘ দিনের স্বপ্ন। কিন্তু তা যে আর কিছুতেই হওয়ার নয়। চিকিৎসক হওয়া না হয় না-ই বা হলো, কিন্তু বুকের মানিক জাহেদ যে চোখের দৃষ্টিসীমারও অনেক বাইরে হারিয়ে গেল। মা-বাবা যে কখনো আর তার মাথায় হাত রেখে বলতে পারবেন না, ‘আজকাল খাওয়াদাওয়া নিয়ে বড্ড অনিয়ম করছিস!’
কান্নাই যেন এখন জসিম উদ্দিন ও হালিমা খাতুনের ভাষা। হতভাগ্য এ দম্পতিকে সান্ত্বনা দেবেন কি, উল্টো স্বজনেরাই ভেঙে পড়ছেন কান্নায়। সবার আহাজারিতে ভারী হয়ে উঠেছে বোয়ালখালীর পূর্ব চরণদ্বীপের হাজী ফজু মিয়া সওদাগরের বাড়ি।
মাত্র সপ্তাহ দুয়েকের ব্যবধান। এরই মধ্যে আবার একত্র হলো এ বাড়ির সদস্যরা। তবে এবারের মিলনে ঈদের আনন্দ নেই। আছে প্রিয়মুখের চিরতরে হারিয়ে যাওয়ার বেদনা।
গত মঙ্গলবার চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ ক্যাম্পাসের মূল ভবনের নিচ থেকে জাহেদুল ইসলামকে (২১) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। কলেজের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যদের অভিযোগ, জাহেদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
জসিম উদ্দিনের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সবার বড় জাহেদ। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ঈর্ষণীয় ফলাফল তাঁর। গত ডিসেম্বরে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজে ভর্তি হয়েছিলেন মেধাবী এ শিক্ষার্থী। পড়াশোনার যাতে কোনো ক্ষতি না হয়, তাই ছেলেকে রেখেছেন কলেজের ছাত্রাবাসে।
গত শুক্রবার দুপুরে জাহেদের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির উঠানে পরিবারের পক্ষ থেকে চলছে কুলখানি আয়োজনের প্রস্তুতি। আর ঘরে তখনো শোকে বিলাপ করছিলেন পরিবারের সদস্যরা। ছেলেকে হারিয়ে পাগলপ্রায় প্রবাসী জসিম উদ্দিন, ‘আশা ছিল ছেলে চিকিৎসক হবে। এখন তো ছেলেটাই নেই। আমি কী নিয়ে বাঁচব! আমার সব আশা শেষ।’
ছেলের শোকে চোখের পানি ফুরিয়ে গেছে মা হালিমা খাতুনের। শুধু কান্নার আওয়াজটাই ভেসে আসছিল। বারবার বলছিলেন, ‘আমার ছেলে আত্মহত্যা করতে পারে না। তারা আমার শান্ত ছেলেটাকে কষ্ট দিয়ে হত্যা করেছে।’
একই অবস্থা মামা সাইফুল ইসলামের। তিনি বলেন, ‘পড়ালেখার যাতে ক্ষতি না হয়, সে জন্য পঞ্চম শ্রেণীর পর পরই গ্রাম থেকে শহরে নিয়ে এসেছি জাহেদকে। চিকিৎসক বানানোর জন্য তিলে তিলে গড়ে তুলেছিলাম তাকে।’
এদিকে জাহেদের মৃত্যুর ঘটনাকে প্রথমে আত্মহত্যা হিসেবে ধারণা করা হয়েছিল। তবে কোমরে জখম ও হাত-পা ভাঙা থাকায় এ মৃত্যুর ঘটনাকে রহস্যজনক বলছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুর রউফ। এ ঘটনায় জসিম উদ্দিন বাদী হয়ে চান্দগাঁও থানায় হত্যা মামলা করেন। তবে মামলায় কাউকে সুনির্দিষ্ট আসামি করা হয়নি।
নগরের মোহরা এলএল খান উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে পাস করেছিলেন জাহেদ। হাজেরা তজু কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন জিপিএ-৪ দশমিক ২ পেয়ে।
জাহেদ নেই! এটা কিছুতেই বিশ্বাস হচ্ছে না চাচা মো. নাসিরের। কান্নাজড়িত কণ্ঠে প্রথম আলোকে তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাতে বন্ধুদের নিয়ে আমার রাঙামাটির বাসায় বেড়াতে যায় ও। পরিকল্পনা ছিল তিন-চার দিন থাকার। শনিবার জরুরি ক্লাস ছিল, তাই তাড়াহুড়ো করে ফিরে আসে সে।’
রাঙামাটি থেকে বেরিয়ে আসার মাত্র তিন দিনের ব্যবধানে জাহেদ এভাবে চলে যাবে, তা মানতে পারছেন না নাসির। কেবল তিনি নন, জাহেদের পরিবারের সবাই যেন এখন এক ভয়ংকর দুঃস্বপ্নের মধ্যে বসবাস করছেন। তবে সময় হয়তো সবার শোক কিছুটা হলেও হালকা করে দেবে। কিন্তু কী করে ভুলবেন জাহেদের বাবা-মা, কী নিয়ে বাঁচবেন তাঁরা!