কী বীভৎস সে দৃশ্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নজরুল ইসলাম ফৌজদারহাট ক্যাডেট কলেজের সাবেক অধ্যক্ষ। মুক্তিযুদ্ধের সময় প্রথম ছয় মাস পালিয়ে বেড়ানোর পর সেপ্টেম্বরে গ্রেপ্তার হন। তাঁর জবানিতে সেই সময়কার নানা ঘটনা তুলে ধরেছেন মুহাম্মদ শামসুল হক মুক্তিযুদ্ধের শুরুতেই আমি ছিলাম ফৌজদারহাট ক্যাডেট কলেজে। অধ্যক্ষ ছিলেন পাঞ্জাবি, কর্নেল ফজলে হক। শিক্ষক-ছাত্রদের প্রায় সবাই ছিলেন বাঙালি। ২৩ মার্চ সেখানে কালো পতাকা ওড়ানো হয়। খবর পেলাম কুমিল্লা থেকে একটি ট্রুপস চট্টগ্রামের দিকে আসছে। ট্রুপসটা ২৮ মার্চ ফৌজদারহাট অতিক্রম করার সময় ভয়ংকর গোলাগুলির শব্দ শুনি। আমরা নিজেদের বাসা থেকে প্রভাষকদের বাসার দিকে চলে যাই নিরাপদ আশ্রয়ে। শুনেছি এ সময় জুবেরি নামে এক অ্যাডজুট্যান্টকে কলেজ এবং পাহাড়ের মাঝখানে নিয়ে মেরে ফেলা হয়েছে। অধ্যক্ষ ফজলে হককেও ধরে নিয়ে গেছে বাঙালিরা। তখনই সিদ্ধান্ত নিলাম, আর থাকা যাবে না। ২৯ মার্চ প্রায় নিঃস্ব অবস্থায় কুমিরায় আমার এক আত্মীয়ের বাড়িতে গিয়ে উঠি। কিন্তু সেখানে শেলিং হচ্ছে দেখে চলে যাই বার আউলিয়ায় অন্য এক আত্মীয়ের বাড়িতে। সেখানে থাকার জায়গা হচ্ছে না দেখে আবার ফিরে আসি কুমিরায়। হাঁটতে হাঁটতে কুমিরা বক্ষব্যাধি হাসপাতাল পর্যন্ত এলে আমার স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে। শেষ পর্যন্ত কুমিরার আত্মীয় বাড়িতেই কাটাতে হয় ১৬ দিন। এরপর অনেক কষ্টে চলে যাই সাতকানিয়ার গ্রামের বাড়ি সতীপাড়ায়। পথে কয়েক জায়গায় আগুনের লেলিহান শিখা দেখে কান্নায় বুকটা যেন ফেটে যাচ্ছিল। এর মধ্যে সরকার সবাইকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেয়। কিছু দালাল আমার খোঁজ করছে এমন আলামত পেয়ে আবার শহরে এসে উঠি এনায়েত বাজারের কাছে রেলওয়ে স্টেশনের উল্টোদিকে বন্ধু শামসুজ্জামানের বাসায়। সেখানে আইউব কাদরীর (সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা) ছোট ভাই আনিস কাদরির (আমার ছাত্র) কাছে শুনলাম, আমার অবস্থান ওরা জেনে গেছে, যেকোনো সময় ধরে নিয়ে যেতে পারে। এরপর আগস্ট পর্যন্ত বন্ধু-আত্মীয় মিলে নানা জনের বাসায় ঘুরে কাটিয়েছি। একপর্যায়ে ২৩ সেপ্টেম্বর রাস্তা থেকে গ্রেপ্তার করে আমাকে নেওয়া হয় সার্কিট হাউসের দোতলায়। একজন ব্রিগেডিয়ার পালিয়ে থাকার কারণ জানতে চান। বললাম, লোকজন মেরে ফেলা হচ্ছে শুনে পালিয়ে বেড়াচ্ছি। এরপর এক কর্নেল এসে আমাকে নিয়ে যান তাঁর কক্ষে। সেখানে ভয়ংকর চেহারার এক মেজর এসে জানতে চান, ‘হু ইজ প্রফেসর নজরুল ইসলাম?’ এরপর আমাকে নিয়ে যাওয়া হয় কারাগারে ফাঁসির আসামির কক্ষে। পরদিন সকালে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় ক্যান্টনমেন্টে। সেখানে ১০ দিন ধরে বর্বরতার যে চিত্র দেখেছি, তা রীতিমতো ভয়াবহ। চারদিকে পেরেকের মতো শলাকা গাঁথা এক লোহার দণ্ড দিয়ে নির্দয়ভাবে মানুষের শরীরের চামড়া ফুটো করে দিত বর্বররা। আমাকে ভয় দেখানোর জন্যই সম্ভবত ওটা আমার সামনে এনে রাখা হয়। ১০ দিন পর আবার আনা হয় জেলখানায়। সেখানে মেজর গজনফর ছিলেন ফিল্ড ইন্টেলিজেন্স টিমের কর্মকর্তা। দ্বিতীয় জন সুবেদার মেজর খোদা বক্স। একদিন ঘটনাক্রমে আমি তাঁর হাত ধরে ফেললে তিনি অনেকটা উত্তেজিত হয়ে বললেন, ‘আপনি আমার হাত ধরলেন কেন?’ তাঁর ধারণা, কেউ হাত ধরলে তাঁকে নাকি আর কিছু করা ভালো নয়। সেই ধারণার কারণেই হয়তো আমি সেদিন বেঁচে যাই। খোদা বক্সই বলেছিলেন, ‘ওই লোহার দণ্ড দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আড়াই হাজার লোককে হত্যা করেছি।’ হঠাৎ একদিন রাতে মেজর গজনফর আমাকে নিয়ে যান খুলশির মানিক মনজিলে, কলেজে থাকাকালে আমার এক উর্দুওয়ালা সহকর্মীর বাসায়। সেখানে আশ্রিত ছিল আমার পরিবার। এর আগে জেলখানায় কে যেন এসে নিজেকে গোয়েন্দা পরিচয় দিয়ে আমার বাসার টেলিফোন নম্বর জানতে চান। বলেছিলেন, ‘আমি এখনই আপনার স্ত্রীকে ফোন করে দিচ্ছি।’ পরে বুঝেছি, এতদিন আমার দেওয়া তথ্যের সত্যতা যাচাই করার জন্যই ওরা আমাকে বন্ধুর বাসায় নিয়ে এসেছে। প্রথমে আমাকে গাড়িতে রেখে দুজন মানিক মনজিলের দোতলায় উঠলে আমি চিন্তিত ও অস্থির হয়ে উঠি। সঙ্গে পাহারায় থাকা লোকটি অভয় দিয়ে বললেন ‘আপনার স্ত্রীর কোনো ক্ষতি ওরা করবে না।’ অনেকক্ষণ পর মেজর গজনফর ফিরে এসে চালককে গাড়ি চালাতে বললে, আমি আমার স্ত্রীকে দেখার আগ্রহের কথা বলি। কিন্তু তাঁরা আমাকে ক্যান্টনমেন্ট নিয়ে যান। তিন-চার দিন পর সেখানে হাজির করা হয় আমার পরিবারকে। তাদের দেখে হাউমাউ করে কেঁদে ফেলি। কিছুক্ষণ কথা বলার পর আমাকে নিয়ে যাওয়া হয় জেলখানায়। সেখানে দেখি এক হিন্দু ভদ্রলোককে খোদা বক্স পিঠের একদিকে পুড়িয়ে দিয়েছে। কী বীভৎস সে দৃশ্য! আমার সঙ্গে বেশ কজন ইপিআরের লোক ছিলেন। তাঁরা সব সময় নামাজ পড়ে কাঁদতেন আর বলতেন, ‘হে আল্লাহ, বঙ্গবন্ধু যেন জীবিত ফিরে আসেন’। আমি ছাড়া পাওয়ার আগ পর্যন্ত ওদের মধ্যে একজন ছাড়া বাকিদের ওরা কোথায় নিয়ে গেছে জানি না। ১৫ ডিসেম্বর রাতে জেলের এক বাঙালি সুবেদার দৌড়ে এসে বললেন, ‘স্যার খুশ খবরি, খুশ খুবরি। কাল দেশ স্বাধীন হয়ে যাচ্ছে। ওরা সারেন্ডার করবে।’ সেখানে আটক ছাত্র বন্দীরা আনন্দে গাইতে শুরু করল—‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি...’। এর মধ্যে জেলখানার ফটক থেকে একজন দৌঁড়ে এসে বললো, ‘স্যার, এদের এ গান বন্ধ করেন। মিলিটারিরা শুনলে এসে গুলি করে সবাইকে শেষ করে দেবে’। পরদিন সকালে দেশ স্বাধীন হচ্ছে না দেখে মনটা আবার খারাপ হয়ে গেল। এদিকে, জেলখানা থেকে নামানো পাকিস্তানি পতাকা আর তুলতে চাইলেন না দায়িত্ব পাওয়া বাঙালি সিপাহি। বললেন, ‘পাকিস্তানি পতাকা তুলতে যে বলবে তাকেই গুলি করব।’ দোতলায় গিয়ে বাইরে তাকিয়ে দেখি জেলা প্রশাসকের বাসায় তখনো পাকিস্তানি পতাকা। অবশেষে বিকেলের দিকে পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছে। পরদিন ১৭ ডিসেম্বর সকাল ১০টায় মুক্তিবাহিনীর ছেলেরা অবস্থান নেয় জেলখানার চারদিকে। আমরা বেরিয়ে পড়ি মুক্ত বাঙালি হিসেবে। বাইরে দেখি অনেকগুলো গাড়ি আর মানুষ। সবার মুখে বিজয়ের হাসি। সেই সব দিনের স্মৃতি কী ইচ্ছে করলেও মন থেকে ঝেড়ে ফেলা যায়?