কী যে একা দীর্ঘ রাত!
>

অনেকে বলেন, তিনি ভীষণ অন্যায় করেছেন। নিজের সঙ্গে, বাংলা গানের সঙ্গে, তাঁর ভক্তদের সঙ্গে। অনেক অনেক গান তিনি করেছেন, এমন নয়। কিন্তু যে কটি গান করেছেন, তাতেই বাংলা গানের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর সময় থেকে অনেক এগিয়ে থাকা আধুনিক বাংলা গানের এক সংগ্রামী শিল্পী প্রয়াত সঞ্জীব চৌধুরীর জন্মদিন আজ। তাঁকে স্মরণ করেছেন ফারজানা হালিম
পড়ন্ত বিকেল। ভালোবাসার ঘোর বর্ষণে সঞ্জীবদা কাকভেজা হয়ে সামনের খোলা বারান্দায় এসে দাঁড়ালেন। আদিগন্ত যত দূর চোখ যায়, মন ভারী করা আকাশে তুলোর মতন কিছু গাঢ় ছাই রঙের মেঘ। ঝিরিঝিরি বাতাস বইছে, পাহাড়ের অনেকটা নিচে তিরতির জলের শব্দ, নদী বয়ে যায়, গন্তব্য সমুদ্র। অনেক অনেক দূর থেকে ভেজা বাতাসে ভেসে আসছে এক পরিচিত মাঝির দরাজ কণ্ঠের সুর। মেঘ কেটে যাচ্ছে ধীরে ধীরে। নরম রোদের ভালো লাগার ওম আচ্ছন্ন করছে তাঁকে।
তবুও বুকের ভেতর এক অমীমাংসিত কুয়াশার মেঘ কিছুতেই সরাতে পারেননি! সেই কুয়াশা সরিয়ে পথ হাঁটার একাকী রাতগুলো কি ভীষণ টানছে তাঁকে? মনে পড়ছে বিশ্ববিদ্যালয়-জীবনের কথা? টগবগে রক্তের উত্তপ্ত স্রোত শিরায় শিরায় কি ছোটে না, এই ধুলোমাখা পৃথিবীতে এখন এত এত অন্যায় দেখে?
অনেক ওপরে, অজানা এক জগৎ থেকে সঞ্জীব চৌধুরী তাকালেন নিচে। যেন জীবনের ডায়েরি খুলে গেল তাঁর চোখের সামনে।
চারপাশের আসর মাতিয়ে রেখেছেন সব সময় আনন্দে, উচ্ছ্বাসে! তাঁর অন্ধকার গোঁফের আড়াল থেকে বেরিয়ে আসা আলোকিত ভুবন-ভোলানো হাসির দমকায় উড়ে যেত সকলের দুঃখবোধ। বহু ইতিহাসের সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে কিছুদিন পড়াশোনার পর হয়তো ভেবেছিলেন, তাঁর জন্য জীবনের আর সমাজের হিসাব মেলানোটা আরও বেশি জরুরি! বেছে নিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।
সাহিত্যের রস পানের নেশায় সময়ে-অসময়ে ছুটে যেতেন নীলক্ষেতের পুরোনো বইয়ের দোকানে। দরাজ কণ্ঠে কবিতা আবৃত্তি করতেন, একসময় নিজের হাতে তুলে নিলেন কলম। ছাত্রাবস্থায় লেখনীর জন্য বিশিষ্ট সাহিত্যিক, বুদ্ধিজীবী আহমদ ছফার প্রশংসা তাঁর হৃদয়ে জমা হয়েছিল। ঢাকা কলেজে পড়াকালীন ছাত্র ইউনিয়নের যে বৃত্তে ঢুকে পড়েছিলেন, সেই বৃত্ত থেকে বেরোতে পারেননি বিশ্ববিদ্যালয়-জীবনেও। তৎকালীন স্বৈরশাসনের বিরুদ্ধে কলম ছুটেছে কাগজের পাতায়, ভীষণ অন্য রকম মায়াবী-ঝাঁজালো কণ্ঠে কথা-সুর এসে প্রতিবাদ জানিয়েছে অন্যায়ের বিরুদ্ধে।
কণ্ঠরোধ করে রাখার সময়ও বলে গেছেন: আমি আমার স্বপ্নেরই কথা বলতে চাই/ আমার অন্তরের কথা বলতে চাই।
সেই মিছিলের অশান্ত সঞ্জীব চৌধুরী মায়াবী রাতে গান গাইতে গাইতে ক্যাম্পাসের অলিগলি হাঁটতেন, চারুকলার শুকনো পুকুরে বন্ধু-বান্ধবের আড্ডায় গলা ছেড়ে গান গাইতেন। জোছনার আলো গায়ে মেখে হৃদয়পুরের পথে নামতেন একাকী। নিঃস্ব করা চাঁদের আলোয় প্রেয়সীর রূপের বর্ণনা করতে করতে আনন্দলোকে হারিয়ে যেতেন। এক ঝলকে মন কেড়ে নেওয়া সেই মায়াবী তরুণীকে নিয়ে বয়ে চলা রিকশাটা কেন আস্তে চলে না...এমন সারল্যমাখা অনুযোগ করতেন।
বিষণ্নতায় ডুবে গিয়ে কখনো মনে হতো, আজীবন ভুল দরজায় কড়া নেড়ে গেছেন, স্বপ্ন-দরজার দেখা পাননি...কিংবা হয়তো পেয়েছেন, কিন্তু বলেননি কাউকে। তিনি যে খুব অনুভব করতেন, সবকিছু বলে দিতে নেই! কিছুটা গোপনীয়তা থাকা প্রয়োজন প্রতিটি হৃদয়েই।
হাতের ওপর হাতের পরশ রবে না, জীবনের গূঢ় সত্য অনুধাবন করে প্রচণ্ড কল্পনাবিলাসী সঞ্জীবদা বিশ্ববিদ্যালয়-জীবনের পাট চুকিয়ে পুরোদস্তুর সাংবাদিক হয়ে গেলেন সেই সময়। ভোরের কাগজ দিয়ে পেশাগত জীবনের সূচনা, তারপর কিছুদিন ছিলেন আজকের কাগজে, কিছুদিন যায়যায়দিন পত্রিকায়। ভরসার বিশাল মহিরুহ হয়ে সাংবাদিকতা শিখিয়েছেন আজকের দিনের আরও অনেক গুণী সাংবাদিকের। পত্রিকায় পাঠকের জন্য একটি নতুন পাতা যোগ করা ভীষণ দরকার, তিনি অনুভব করেছিলেন। খটমটে শব্দ-বাক্য এড়িয়ে কবিতার মতো লিখতেন পত্রিকার ফিচারগুলো।
এর মাঝেই হাসি-ঠাট্টা-তামাশায় কর্মস্থল সজীব করে রাখতেন। প্রচারবিমুখ, আড়ালের সঞ্জীবদাকে তাঁর শুভাকাঙ্ক্ষীরা একপ্রকার ঠেলেঠুলে পর্দার সামনে নিয়ে এলেন। সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের সঙ্গে সঞ্জীবদার গানের দল এল ‘দলছুট’। এর আগে আশির দশকে ‘রাশ প্রিন্ট’ নামক তাঁর একমাত্র কাব্যগ্রন্থ সবাইকে উপহার দিয়ে আবার গুটিয়ে গেলেন, ডুব দিলেন মনের জগতে।
ওপরে হাসিমাখা মুখ আর অন্তরের বিপুল রহস্যের সমাধানে ভেতরে-ভেতরে নিশ্চয়ই ভীষণ অগোছালো, অস্থির ছিলেন সঞ্জীবদা! ছিলেন বোহেমিয়ান। সংসারের বাঁধন তাঁকে টানেনি। ‘ঘরে ফিরব না/ ঘরে ফেরার কিছু নেই’। নিজের পোড়া মনটার গল্প কোনো এক বন্ধুকে বলতে গিয়ে দেখেন, যে হাত দিয়ে সেই বন্ধু জল-শীতল বুকে টেনে নেবে, তাঁর দু হাতেই আগুন!
গানের কথায়, মায়াবী কণ্ঠে বলে গেছেন সেই সব একাকিত্বের কথা, সারল্যের কথা, হৃদয় নিংড়ানো আনন্দের কথা, অন্য রকম এক জীবনের কথা। যেই সুর, যেই কথা শিকড় অবধি ছড়িয়ে গেছে তাঁর অনুরাগীদের অন্তরে। কখনো তিনি ভীষণ প্রতিবাদী; যেন শাসকের অনিয়মের ট্যাংকের মুখের সামনে দাঁড়িয়ে চিৎকার করে প্রতিবাদ করতে তাঁর দ্বিধা নেই। কখনো তিনি ভীষণ অহংকারী প্রেমিক, প্রেমিকার প্রতি কোনো মায়ার টান নেই। আবার কখনো সেই তিনিই শিশু!
ভীষণ অভিমানী ছিলেন। তাঁর গোঁফজোড়া মুখোশ ব্যক্তিত্বে ভেতরের শিশুটাকে যেমন লুকিয়ে রাখতেন; ভেতরে উথলে ওঠা আবেগটাকেও সরাসরি প্রকাশ করতে চাইতেন না। বরং চোখের প্রতি তাঁর অনুযোগ ছিল: চোখটা এত পোড়ায় কেন ও পোড়া চোখ সমুদ্রে যাও! বলেছিলেন, পাগল রাগ করে চলে যাবে ফিরেও পাবে না/ পাগল কষ্ট চেপে চলে যাবে ফিরেও আসবে না।
এবং পাগলটা ঠিক চলে গেল! আজ তাঁর এই মায়াবী পৃথিবীতে জন্মদিন। অথচ সঞ্জীবটার বয়স আর কখনোই বাড়বে না। বয়সটাকে ৪২-এই আটকে রেখে আরও অনেক অনেক জন্মদিন আসবে তাঁর।
কী ভেবেছেন তিনি? তিনিই শুধু অভিমান করবেন, রাগ করবেন; আর আমরা তাঁর ভক্তরা মুখ বুজে মেনে নেব? রাগ হয় ভীষণ সঞ্জীবদা! রেগে গিয়ে বলতে ইচ্ছে করে, কেন এত তাড়াতাড়ি চলে গেলেন!
অসহায় কেঁদে বলতে ইচ্ছে করে, কে বাংলা গানের লিরিকে আপনার মতো কাব্যের ঝংকার তুলবে? সাদা ময়লা রঙ্গিলা পালে আউলা বাতাস খেলের সহজ দৃশ্যকাব্যের মধ্যে অনেক জটিল ধাঁধা বুনে দেবে? কে বলবে, আজও ডানা ভাঙা একটি শালিক হৃদয়ের দাবি রাখে।
অনুভূতি প্রকাশহীনতার এই বিরান পথে আমরা এখনো হাঁটি, সঞ্জীবদা, কী যে একেকটা একা দীর্ঘ রাত!