কী যে ভালো লেগেছিল
প্রায় বছর তিনেক আগের ঘটনা। এক বন্ধুর ফোন পেলাম। তার মামাতো বোনের সন্তান হবে। স্থানীয় হাসপাতাল থেকে রেফার্ড করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। তারা শহরে পৌঁছার আগেই ইমার্জেন্সি টিকিট কিনে অপেক্ষা করতে থাকলাম। ভর্তি করানোর পর সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শে আলট্রাসনোগ্রাম করিয়ে আনলাম। রিপোর্ট এমন যে বাচ্চার অবস্থা খুবই খারাপ। যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন লাগবে। গাইনি ডাক্তারও প্রস্তুত। সমস্যা বাধল অজ্ঞান করার ডাক্তার নেই। কখন আসবেন তারও ঠিক নেই। তাঁকে ছাড়া অপারেশনও হবে না। তাঁরা সিদ্ধান্তও দিচ্ছেন না, আমরা কী করব। রোগিনী ও তাঁর অভিভাবকদের ঘটনা বুঝিয়ে বললাম। কিন্তু তাঁদের এমন কেউ নেই যিনি সিদ্ধান্ত দেবেন। অবশেষে সিদ্ধান্তের ভারও পড়ল আমার ওপর। কিন্তু এত বড় একটা সিদ্ধান্ত কীভাবে নেব? যেখানে দুটি জীবনের ব্যাপার! এতটা চাপ আমি কখনোই অনুভব করিনি। তবুও আমাকেই সিদ্ধান্ত নিতে হলো। যদিও ক্লিনিক আমার পছন্দ না, তবুও ওই মুহূর্তে সবদিক বিবেচনায় ক্লিনিকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। ক্লিনিকে সিজার করালাম।
মা-ছেলে দুজনই সুস্থ!
সেদিন কী যে ভালো লেগেছিল!
আনোয়ারুল ইসলাম
সভাপতি, প্রথম আলো বন্ধুসভা, রাজশাহী।