ফেসবুকে নিজের অ্যাকাউন্টটিতে চমকপ্রদ স্ট্যাটাস লিখে অনেকেই দৃষ্টি আকর্ষণ করেন। কিন্তু জানা কি আছে, এই সামাজিক যোগাযোগের মাধ্যমে কী লেখা উচিত নয়? ওই মাঝি, তুই হের স্ট্যাটাস জানস?—আমি কেমনে জানমু, হে তো আমার ফ্রেন্ডলিস্টেই নাই...একটি বিজ্ঞাপনচিত্রের সংলাপের অংশ এটা। ফেসবুক নামের সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের জনপ্রিয়তা বাংলাদেশে এখন এমনই। গত ডিসেম্বর পর্যন্ত পরিসংখ্যান বলছে, বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৩২ লাখ ৮৫ হাজার ১৬০ (সূত্র: সোশ্যালবেকারস ডটকম)।ফেসবুক যে আমাদের জীবনযাপনে এখন অনিবার্য এক অনুষঙ্গ, তা অস্বীকারের উপায় কই? তাই তো স্ট্যাটাস বলতে সামাজিক অবস্থানের চেয়ে ফেসবুকের স্ট্যাটাসের কথাই মনে করিয়ে দেয় আগে। এই ‘স্ট্যাটাস’ দিয়ে বোঝানো হয় নিজের মনের কথা, কখনো এই স্ট্যাটাস হয়ে ওঠে সামাজিক আন্দোলনের এক মাধ্যম। আবার কখনো স্ট্যাটাসই বিপণনের দারুণ উপকরণ। মত প্রকাশের স্বাধীনতার ষোলো আনাই যেন উশুল করা যায় একটা ফেসবুক স্ট্যাটাসে। একুশে ফেব্রুয়ারি, ছাব্বিশে মার্চ বা ষোলোই ডিসেম্বর স্ট্যাটাসের সঙ্গে প্রোফাইলের ছবিটা বদলে দিয়ে যেমন দেশপ্রেমের প্রকাশ ঘটানো হয়, তেমনি ক্রিকেটের জয়ে আনন্দ ও পরাজয়ে বেদনার কাব্য রচিত হয় স্ট্যাটাসে।মুগ্ধ নয়নে তাকিয়ে আছি সাগর পানে, আজ আমার মন খারাপ করা বিকেল কাটল...ব্যক্তিগত অনুভূতির এসব স্ট্যাটাস নিরীহই। বন্ধুরা হয়তো কমেন্ট করে খোঁজ নিতে পারে, বড়জোড় হতে পারে উতলা। কিন্তু অফিসের কোনো সভা থেকে স্ট্যাটাস লিখে দিলাম, ‘এই মুহূর্তে আমার বস আমার আইডিয়া নিজের বলে টপবসের কাছে চালিয়ে দিচ্ছে।’—এ রকম স্ট্যাটাস কি দেওয়া উচিত?গ্রো এন এক্সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও মুখ্য পরামর্শক জুলফিকার হোসেন বলেন, অফিসের যে আচরণবিধি আছে, সেগুলো এমন সামাজিক যোগাযোগ মাধ্যমে মেনে চলতে হবে। ব্যক্তিগত ও পেশাজীবনের মধ্যে একটা বিভাজন রেখা টানা উচিত। তাহলে সমস্যা কম তৈরি হয়। ফেসবুকে আপনাকে, আমাকে বা তাকে সব সময় কেউ না কেউ পর্যবেক্ষণ করছে। তাই জুলফিকার হোসেনের মত হলো, স্ট্যাটাস দেওয়া বা ছবি ট্যাগ করার ব্যাপারে খুব সতর্ক থাকা উচিত। তিনি জানান, পশ্চিমা দেশে চাকরি দেওয়ার সময় প্রার্থীর ফেসবুক অ্যাকাউন্ট দেখে নেওয়া হয়। এতে ওই ব্যক্তির সহজাত অভ্যাস, আচার-আচরণ সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। স্ট্যাটাস আপনি কীভাবে, কতজনকে দেখাতে চান, তা কারিগরিভাবে ফেসবুকে নির্দিষ্ট করে দেওয়া যায়। পাবলিক, ফ্রেন্ডস অনলি, অনলি মি, কাস্টমস—এ কয়টা অপশন ছাড়া আরও কিছু অপশনে আপনিই ঠিক করে দিতে পারবেন কারা আপনার স্ট্যাটাসের লেখা, ছবি বা দুটোই দেখতে পাবে।যতই আমরা ভার্চুয়াল জগৎ বলি ফেসবুককে, এর ব্যবহারকারী কিন্তু বাস্তবের। ফেসবুকের বিষয়গুলোও তাই বাস্তব দুনিয়া ঘিরে যেমন তৈরি হয়, তেমনি ফেসবুকের বিষয়গুলোও চলে আসে বাস্তবে। ‘ব্যক্তিগত বা সামাজিক জীবনে যারা অন্যকে উত্ত্যক্ত করে, কটাক্ষ করে ফেসবুকেও তারা একই আচরণ করে।’ বলেন ফেসবুকে সক্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক মোশাহিদা সুলতানা। তিনি বলেন, ‘মনে রাখতে হবে, আপনি যাদের উদ্দেশ্যে স্ট্যাটাস দিচ্ছেন, সেটা তারা ছাড়াও অনেকে দেখছে।’ স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলো, দুজনের একজন একটা কটু কথা লিখে দিল স্ট্যটাস হিসেবে। সেটা যারা দেখল, তারা বার্তা পেয়ে গেল যে কিছু একটা হয়েছে। এরপর হয়তো স্বামী-স্ত্রীর ঝগড়াটা মিটে গেল, কিন্তু অন্যদের সন্দেহটা তো আর দূর হলো না। মোশাহিদার পরামর্শ, কোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তা রাগের মাথায় ফেসবুক স্ট্যাটাসে না দেওয়াই ভালো। কিছুটা সময় পার করে মাথা ঠান্ডা করে ভেবে দেখুন, ওটা ফেসবুকে প্রকাশ করা ঠিক হবে কি না।অনেক সময় কেউ হয়তো সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য একটা স্ট্যাটাস লিখলেন, সেটা অনেক অনেক শেয়ার হলো। কেউ একজন তাতে মন্তব্য করল, ‘আরে আপনি তো রোমান্টিক বিপ্লবী।’ শুরু হয়ে গেল কমেন্টে কমেন্টে বাগিবতণ্ডা। মূল সচেতনতার বিষয়টিই এতে চাপা পড়ে যেতে পারে। তাই ব্যক্তিগত আক্রমণ সামাজিক আন্দোলনের মধ্যে না আনাই ভালো। ফেসবুক স্ট্যাটাস এখন স্বাধীন মত প্রকাশের খুব বড় একটা জায়গা। সামাজিক যোগাযোগ মাধ্যম, বিপণন নিয়ে কাজ করছেন এমন একজন পেশাজীবী মনে করেন, মত প্রকাশের স্বাধীনতা অনেক বড় একটা ক্ষমতা। তিনি স্পাইডারম্যান-এর একটা উদ্ধৃতির কথাও মনে করিয়ে দিলেন, ‘উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি।’ ফেসবুক স্ট্যাটাসের মতো জায়গায় স্বাধীন মত প্রকাশের সুযোগ পাওয়া যায়। ক্ষমতা এখানে অনেক বেশি, তাই এর দায়িত্বটা আরও অনেক বড়।