কী হচ্ছিল মঞ্চের পেছনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একপক্ষ বলল, আচ্ছা বলত—‘ওপরে পানি নিচে পানি মাঝখানে হলুদ রানি’—এই ধাঁধার অর্থ কী?’ অপর পক্ষ অনেকক্ষণ ভেবে শেষপর্যন্ত উত্তর দিতে পারল না। প্রথম পক্ষ পেয়ে গেল এক পয়েন্ট। ভাবছেন ফ্যাশনের ভিড়ে এ আবার কোন প্রতিযোগিতা—পয়েন্ট ভাগাভাগি?’ হ্যাঁ, ধাঁধা নিয়ে ছোট্ট একটি প্রতিযোগিতা সবার অলক্ষ্যে হয়ে গেল ফ্যাশন চলাকালে মঞ্চের পেছনে। যখন বড় মডেলরা ব্যস্ত তাঁদের পোশাকের কিউ নিয়ে। তখন খুদে মডেলরা সময় কাটাচ্ছিল এভাবে ধাঁধা নিয়ে খেলা করে। প্রিয়াঙ্কা, জয়া, মিম, সিমরানসহ অনেক খুদে মডেল এভাবে খেলছিল একসঙ্গে। কারণ তাদের কিউর যে অনেক দেরি। এদিকে, বড়রা আছেন মহাব্যস্ততায়। শাড়ির কিউ শেষ তো শুরু হবে সালোয়ার-কামিজের কিউ। তাই দৌড়াদৌড়ির মধ্যে ছিলেন মডেলরা। এর মধ্যে পাকড়াও করি ঢাকা থেকে আসা মডেল পূর্ণাকে। এখানকার আয়োজন ও পরিবেশ সম্পর্কে জানতে চাইলে পূর্ণা বলেন, ‘প্রথমবারের মতো এখানে কাজ করতে এসেছি। এখনো কোনো অসুবিধায় পড়িনি, বেশ ভালো আয়োজন করা হয়েছে।’ মঞ্চে ঝড় তুলছিলেন গায়কেরা। তার প্রতিধ্বনি শোনা যায় মঞ্চের পেছনে। কখনো নিশীতার গানের সঙ্গে ঠোঁট মেলাচ্ছেন মডেলরা। কখনো বা সন্দীপনের গানের তালে তালে নেচে উঠছেন। ঠিক এরকম মুহূর্তে সেখানে হাজির অভিনয় শিল্পী অপি করিম। বাচ্চাদের কিউ দিয়ে শেষ হবে ফ্যাশন শো। তিনি মঞ্চে যাবেন বাচ্চাদের নিয়ে। মঞ্চের পেছনে প্রিয় শিল্পীর অটোগ্রাফ এবং ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে ওঠেন সবাই। খুদে মডেলরা ঘিরে ধরে তাঁকে এটি অটোগ্রাফের জন্য। সেই সুযোগে কথা হলো অপি করিমের সঙ্গে। জানতে চাই কেমন লাগছে অনুষ্ঠান? ‘বেশ ভালো এবার প্রথম আলোকিত ঈদ ফ্যাশনে এলাম। তবে এখানে এসে বেশ একা বোধ করছি, দেখছেন না এ গ্রিনরুমে এতক্ষণ একা বসে ছিলাম। তারপর না বাচ্চারা এলো অটোগ্রাফ নিতে।’ বললেন অপি। ফ্যাশন শো শেষ হয় বাচ্চাদের কিউ নিয়ে। জনপ্রিয় হিন্দি গানের সঙ্গে কিউ পরিবেশনের সময় মঞ্চের পেছনে ওঠে নাচের ঝড়। নেচে ওঠেন সব মডেল। পুরস্কার বিতরণের সময় শেষবারের মতো ঢু মারতে গিয়ে মঞ্চের পেছনে দেখা গেল—এতক্ষণ ধরে যাঁদের পদচারণায় মুখর হয়েছিল মঞ্চ। তাঁরা এখন ক্লান্ত। বসে বসে খাচ্ছেন হালকা খাবার। ছবি তুলতে গেলে একজনের আপত্তি শোনা গেল, ‘এ কি খাবারের সময় ছবি তুলছেন কেন? এখন তো মেকআপ নেই!’