
নিহত হওয়ার দুই দিন আগে মেয়ে অর্পাকে বাবা রাজীব চৌধুরী বলেছিলেন, ‘আমি আর তোমার মা বাড়ি যাব দুদিনের জন্য। গ্রামের লোকজনদের কথা খুব মনে পড়ে।’ রাজীব চৌধুরী ও সঞ্চিতা শীল দম্পতি গত বৃহস্পতিবার গ্রামের বাড়িতে ঠিকই গেলেন, তবে এই যাওয়া ছিল শেষ যাত্রা।
সরেজমিনে দেখা যায়, ফটিকছড়ি উপজেলার পাঁচপুকুরিয়া গ্রামের আদেশ চৌধুরীর বাড়িতে শোকের মাতম থামেনি এখনো। তাঁর ছোট ছেলে রাজীব চৌধুরী (৪০) ও ছেলের স্ত্রী সঞ্চিতা শীলের (৩৬) রহস্যজনক মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। রাজীবের দুই মেয়ে অর্পা (৮) ও আদৃতাকে (৪) নিয়ে দুশ্চিন্তাই এখন বড় হয়ে দেখা দিয়েছে সবার কাছে। বাবা-মা হারা এই দুই শিশু এখন কার কাছে থাকবে, কীভাবে ভুলবে শোক, এই ভাবনাটাই প্রধান হয়ে উঠেছে।
সাজানো-গোছানো সংসার ছিল রাজীব ও সঞ্চিতার। নগরের ফিরোজ শাহ কলোনি বালিকা উচ্চবিদ্যালয়ের ইংরেজির শিক্ষক ছিলেন রাজীব। তাঁর স্ত্রী সঞ্চিতা শীল হাটহাজারী উপজেলা খাদ্য অধিদপ্তরের সহকারী পরিদর্শক পদে চাকরি করতেন। মমতায় ঘেরা একটা পরিবেশে মানুষ হচ্ছিল দুই মেয়ে। এখন কী হবে তাদের? কে ওদের শোক ভোলাবে? সঞ্চিতার জা সুস্মিতা চৌধুরী বিলাপ করতে করতে এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমরা চার পরিবার হলেও থাকতাম এক পরিবারের মতো। একটা পরিকল্পিত পরিবারকে এভাবে ধ্বংস করে দেওয়া হলো। এটা হত্যাকাণ্ড। আমরা এর সুবিচার চাই।’
সঞ্চিতার বোন পুষ্পিতা শীল বলেন, ‘কত দিন আমরা দুই শিশুকে সান্ত্বনা দিয়ে রাখব! নিজেদের সংসার ফেলে আমরা কত দিন দেখতে পারব তাদের?’
রাজীব চৌধুরীর ছোট ভাই বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য আমরা অপেক্ষা করছি। তাই আপাতত অপমৃত্যুর মামলা হয়েছে।’ তাঁর অভিযোগ, ভাইয়ের মাথার আঘাতের চিহ্নগুলো চায়নিজ কুড়ালের। আর তাঁর ভাইয়ের স্ত্রীর হাতের রগ কেটে দেওয়া হয়েছে।
কাউকে সন্দেহ করেন কি না, প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এ সময় দুই শিশুকন্যা ঘুমে ছিল। বাসায় ছিল শুধু গৃহপরিচারিকা সুপ্তি পাল। সে সবকিছু জানে। কিন্তু সুপ্তি পাল পুলিশকে বলেছে, ছাদ থেকে পড়ে তাঁরা মারা গেছেন।’
৬ মার্চ রাতে একটি অ্যাম্বুলেন্সে করে নিহত দম্পতির লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় বাড়িতে এক হূদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। রাতেই দুজনের লাশ বাড়ির সামনে শ্মশানে দাহ করা হয়। এরপর পাঁচ দিন ধরে চলে ধর্মীয় আচার-অনুষ্ঠান।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত দম্পতির দুই শিশুকন্যার লালন-পালনের বিষয়ে পারিবারিকভাবে সবার পরামর্শ নেওয়া হবে। তাঁরা যাতে ধাক্কা সামলিয়ে সুস্থভাবে বেড়ে উঠতে পারে সে জন্য উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া, নিহত দম্পতির স্থাবর-অস্থাবর সম্পত্তি রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ৬ মার্চ নগরের ফিরোজ শাহ কলোনির এক ভবন থেকে রাজীব-সঞ্চিতা দম্পতি পড়ে গিয়ে রহস্যজনকভাবে নিহত হন। তাঁদের গ্রামের বাড়ি ফটিকছড়ির পাঁচপুকুরিয়ায়।