কীটনাশকে মশার কিছুই হয় না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজুড়ে মশা নিধনে সবচেয়ে বেশি ব্যবহূত হয় ডিট নামক রাসায়নিক বস্তুসমৃদ্ধ কীটনাশক। সাময়িক বাধা পেলেও মশা ওই কীটনাশক উপেক্ষা করতে সক্ষম। এন, এন-ডাইইথাইল-মেটা-টলুয়ামাইড নামের রাসায়নিক যৌগের সংক্ষিপ্ত নাম ডিট। পৃথিবীর প্রায় সব মশানাশকে এটি ব্যবহূত হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে মার্কিন সেনাবাহিনী ডিট ব্যবহার করে প্রথমবারের মতো কীটনাশক তৈরি করে। প্লস ওয়ান সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, ডিটের কার্যপদ্ধতি এত দিন অজানা ছিল। কীটপতঙ্গ এই রাসায়নিক বস্তুটির গন্ধ অপছন্দ করার কারণে দূরে সরে যায়। তবে কিছু মশা এই কীটনাশক উপেক্ষার সামর্থ্য অর্জন করেছে। লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিনের গবেষকেরা এ্যাডিস অ্যাজিপ্টি নামক প্রজাতির মশার তৎপরতা পর্যবেক্ষণ করেন। ডেঙ্গু ও পীতজ্বর বিস্তারের জন্য দায়ী এসব মশা গবেষণাগারে একজন মানুষের হাতে বসার জন্য প্রলুব্ধ করা হয়। ওই হাতে আগে থেকেই ডিট মাখানো ছিল বলে মশাগুলো দূরে সরে যায়। কিন্তু কিছুক্ষণ পর ওই মশা সেই হাতের কাছে ফিরে আসে। বিষয়টির কারণ অনুসন্ধানে গবেষকেরা মশার শুঁড়ে বিদ্যুৎবাহী (ইলেকট্রোড) স্থাপন করে দেখেন, ডিটের উপস্থিতি টের পাওয়ার পরও মশারা এগিয়ে যায়। সংশ্লিষ্ট গবেষক জেমস লগান বলেন, ডিটের উপস্থিতি টের পাওয়ার পর মশাগুলোর গন্ধ সংবেদী অঙ্গে একধরনের পরিবর্তন হয়। ডিটের কার্যকারিতার সময় নিয়ে গবেষণা চলছে। বিবিসি।