কীভাবে এল ট্রাফিক সিগন্যাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ট্রাফিক সিগন্যাল মানা না-মানা নিয়ে দিনভর তো আমরা অনেক কথাই বলি। এবার না হয় জানা যাক যানবাহন নিয়ন্ত্রণের এই ব্যবস্থা কীভাবে এল সে গল্প। বিশ্বের কোনো দেশেই ট্রাফিক সিগন্যালের উপকারিতা নিয়ে দ্বিমত করার মানুষ হয়তো কম, কিন্তু এই ব্যবস্থার উৎপত্তির কৃতিত্ব নিয়ে দ্বিমত রয়েছে।
ইতিহাস ঘেঁটে জানা যায়, পৃথিবীর প্রথম ট্রাফিক সিগন্যাল-ব্যবস্থা চালু হয় যুক্তরাজ্যের লন্ডনে। সেটা ১৮৬৮ সালের কথা। মূলত একটি লম্বা দণ্ডের এক পাশে সবুজ ও অন্য পাশে লাল রঙের আচ্ছাদন দিয়ে সেটিকে ট্রাফিক সিগন্যাল হিসেবে ব্যবহার করতেন বিলেতের ট্রাফিক নিয়ন্ত্রণকারী সদস্যরা। আর রাতে ব্যবহার উপযোগী করতে দণ্ডের ওপর বসানো ছিল একটি গ্যাস-বাতি। তবে সে ব্যবস্থা এক বছরের মাথায় বন্ধ হয়ে যায়। যখন, এমন একটি গ্যাস-বাতি বিস্ফোরণের ঘটনা ঘটে।
তবে যুক্তরাষ্ট্রের রাস্তায় যান নিয়ন্ত্রণকারী সংস্থা কিন্তু বসে থাকেনি। ১৯১২ সালে যুক্তরাষ্ট্রের উটাহ প্রদেশের পুলিশ সদস্য লেস্টার ওয়্যার সবুজ ও লাল বাতির সহযোগে বৈদ্যুতিক ট্রাফিক সিগন্যালের একটি রূপ দাঁড় করান, যা ১৯১৪ সালের ৫ আগস্ট যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে স্থাপন করা হয়। তবে লেস্টারের ধারণার ওপর ভিত্তি করে এটি তৈরি করেছিলেন জেমস হোগ। আর আধুনিক কালে যে সবুজ-হলুদ-লাল বাতির সমন্বয়ে তৈরি বৈদ্যুতিক ট্রাফিক সিগন্যাল দেখা যায় এর ব্যবহার শুরু হয় ১৯২৩ সালে। যুক্তরাষ্ট্রের গ্যারেট মরগান এই প্রযুক্তি উদ্ভাবন করেছিলেন।
হিস্ট্রি চ্যানেল এবং আইবি টাইমস অবলম্বনে আকিব মো. সাতিল