কীভাবে এল রেস্তোরাঁ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ফাইল ছবি।
প্রথম আলো ফাইল ছবি।

আদতে পথের পাশে থাকা খাবারের দোকানের আদি রূপই রেস্তোরাঁ। প্রশ্ন হলো মানুষ কবে থেকে ঘরের বাইরে এসে খাবারের দোকান দিল! এ তথ্যটির আদি প্রমাণ মেলে ইতালির পম্পেই নগরী আবিষ্কারের পর। প্রাচীন গ্রিসো-রোমান সাম্রাজ্যের সময় আগ্নেয়গিরির লাভায় এই নগরী ধ্বংস হয়েছিল। পরে গবেষকেরা দেখলেন, নগরীটির সড়কের মোড়ে মোড়ে রয়েছে বড় বড় চুলা। যেগুলো দেখতে অনেকটা তন্দুরি রুটি ভাজার চুলার মতো। ধারণা করা হয়, সে সময় হয়তো গরম-গরম খাবার বানিয়ে বিক্রি করা হতো।

এ বিষয়ে তথ্যও পাওয়া গেল। প্রাচীনকালে এগুলোকে বলা হতো থার্মোপোলিয়া বা রান্নার দোকান। এই থার্মোপোলিয়াকেই আধুনিক রেস্তোরাঁর আদি ধাপ মনে করা হয়।

তবে রেস্তোরাঁ বলতে আমরা যে ধাঁচের খাবারের দোকান বুঝি, তার উদ্ভব ১১২৩ সালে। চীনের সং সাম্রাজ্যের সময় হাংঝৌ শহরের মানুষের আর্থিক অবস্থার উন্নতি হয়। সে সময় এ শহরে রন্ধনশিল্পেরও প্রসার হয়। বিখ্যাত পরিব্রাজক মার্কো পোলোর বর্ণনা থেকে জানা যায়, হাংঝৌয়ের রাস্তার পাশে তাঁবুর মতো করে তৈরি করা হতো রেস্তোরাঁ, চায়ের দোকান আর সরাইখানা। সেখানে পাওয়া যেত ভাতের ওয়াইন থেকে শুরু করে নুডলসের স্যুপ ইত্যাদি।

তবে আধুনিক রেস্তোরাঁর উৎপত্তি সম্পর্কে ফ্রান্সের রাজধানী প্যারিসে মঁসিউ বল্যাঙ্গার এক স্যুপ বিক্রেতার হাত ধরে। ১৭৬৫ সালে প্রথম আধুনিক রেস্তোরাঁ চালু করেন তিনি। তবে ভিন্নমতও রয়েছে। মানুষের বাইরে খাওয়ার প্রবণতা নিয়ে ‘ডাইনিং আউট’ শিরোনামে গবেষণায় রেবেকা স্প্যাং দাবি করেন, যদি ‘আধুনিক’ রেস্তোরাঁর কথা বলা হয়, তবে ম্যাথুরিন রোজাকেই দিতে হবে এটার কৃতিত্ব। অবশ্য এই বিতর্কে জড়ানোর ফুরসত তৎকালীন রেস্তোরাঁর মালিকদের হয়নি, কারণ সপ্তদশ শতাব্দীর শেষভাগে ফরাসি বিপ্লবের পরপর রেস্তোরাঁগুলো গমগম করতে শুরু করে, আর দ্রুতই রেস্তোরাঁর ব্যবসা ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী।

ন্যাশনাল জিওগ্রাফিক ও হিস্ট্রি ডট কম অবলম্বনে আকিব মো. সাতিল