কীর্তনখোলার পাড়ে সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গর্ব এই বিশ্ববিদ্যালয়। ছবি: সাইয়ান
বরিশালের গর্ব এই বিশ্ববিদ্যালয়। ছবি: সাইয়ান

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের শহর বরিশাল। কবিতার শহর বরিশাল। কীর্তনখোলা নদী ঘেরা এই নগরে গড়ে উঠেছে উচ্চশিক্ষা অর্জনের প্রতিষ্ঠান বরিশাল বিশ্ববিদ্যালয়। বয়সের দিক থেকে নবীন, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য ও স্থাপত্যশৈলী ঠিকই আকৃষ্ট করে শিক্ষার্থীদের। স্বপ্ন ও সম্ভাবনার হাতছানিতে মেধাবীদের পদচারণে মুখর হয়ে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।

বরিশালবাসীর স্বপ্নের শিক্ষাঙ্গন
১৯৬৫ সাল থেকে বরিশালে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন শুরু হয়। এই দাবির পরিপ্রেক্ষিতে ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বরিশালের এক জনসভায় এ শহরে একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দেন। সেই ঘোষণা বাস্তবায়নে সময় লেগেছে প্রায় ৪০ বছর।
২০১১ সালের ২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শুরু হয় বরিশালবাসীর স্বপ্নের বাস্তবায়ন। ২০১২ সালের ২৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের সূচনা করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বর্তমানে নগরের কর্ণকাঠি এলাকায় ৫০ একর জায়গায় চলছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। দুটি একাডেমিক ভবন, একটি প্রশাসনিক ভবন, তিনটি ছাত্রাবাসসহ রয়েছে অন্যান্য স্থাপনা। একাধিক ভবন নির্মাণের প্রস্তুতিও চলছে জোরেশোরে।
২০১১-১২ শিক্ষাবর্ষে মাত্র ৪০০ শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয়েছিল। এখন ছয়টি অনুষদের অধীন ২০টি বিভাগে প্রায় ৬ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। শিক্ষক আছেন ১২১ জন।
এ বছর বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ২৪ হাজার ৩৯১ জন শিক্ষার্থী আবেদন করেন। ১ হাজার ৩৪৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম ইমামুল হক জানালেন, ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩৫ শতাংশ বরিশালের বাসিন্দা। নিজেদের মেধার প্রমাণ দিয়ে তারা সারা দেশের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে নিজ এলাকার বিশ্ববিদ্যালয়ে জায়গা করে নিয়েছে।

বয়সে নবীন বলেই আধুনিক ধ্যানধারণা নিয়ে এগিয়ে চলছে এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম
বয়সে নবীন বলেই আধুনিক ধ্যানধারণা নিয়ে এগিয়ে চলছে এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম

স্বপ্ন ও সম্ভাবনা
কথা হচ্ছিল বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার শিক্ষার্থী সাবিহা আক্তারের সঙ্গে। বললেন, ‘বাংলা আমার প্রথম পছন্দ ছিল। বরিশাল বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে পড়ার সুযোগ পেয়েছি। তাই আর অন্য কোথাও চেষ্টা করিনি।’
লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র, রংপুর জেলার ঠাকুরগাঁওয়ের সুরুজ্জামান মনে করেন, পড়ালেখার পরিবেশ আর অন্যান্য দিক বিবেচনায় বাংলাদেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় তাঁদের বিশ্ববিদ্যালয় একটু অন্য রকম। তাঁর মতে, বয়সে নবীন বলেই আধুনিক ধ্যানধারণা নিয়ে এগিয়ে চলেছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম।
গণিতের চতুর্থ বর্ষের ছাত্রী মারিয়া রহমান বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ায় মেয়েদের জন্য বিশেষ সুযোগ সৃষ্টি হয়েছে। কারণ অনেক মা-বাবা মেয়েদের দূরে কোথাও পড়তে যেতে দিতে চান না। আমরা ভাগ্যবান। পুরো শহরেই বিশ্ববিদ্যালয়ের প্রভাব পড়েছে। আগে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম যেতে হতো। এখন সারা দেশ থেকে শিক্ষার্থীরা বরিশালে আসছেন। এটা আমাদের জন্য গর্বের, অহংকারের।’
গণিত বিভাগের চেয়ারম্যান মো. শফিউল আলম জানালেন, প্রথম ব্যাচের পরীক্ষা শেষ। কয়েকটি বিভাগের ফল প্রকাশ হয়েছে। তার মধ্যে গণিত বিভাগের ফল খুবই সন্তোষজনক। গণিত বিভাগ থেকে সিজিপিএ ৩.৮৮ পেয়ে প্রথম হয়েছেন এ এম মহিউদ্দিন। সুযোগ পেলে দেশের বাইরে গিয়ে উচ্চশিক্ষা নেওয়ার ইচ্ছে তাঁর। স্বপ্ন দেখেন, একদিন নিজের বিশ্ববিদ্যালয়েই আবার ফিরবেন। ছাত্র নয়, শিক্ষক হয়ে!
ইংরেজি বিভাগের চেয়ারম্যান তানভীর কায়সার জানালেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের খবর। বিশ্ববিদ্যালয়ের নাট্যদল এরই মধ্যে বরিশাল ও ঢাকায় নাটক মঞ্চস্থ করেছে। বিতর্ক সংগঠন ‘ডিবেটিং সোসাইটি’ জাতীয় পর্যায়ের বিতর্কগুলোতে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছে। আন্তবিশ্ববিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় রানারআপসহ আটটি পুরস্কার জুটেছে শিক্ষার্থীদের ঝুলিতে। এর বাইরে প্রথম আলো বন্ধুসভা, বাঁধন, প্রজন্ম ৭১সহ বেশ কিছু সংগঠন সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করছে।

শিক্ষক-সংকট
ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেল, অনেক স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করলেও শিক্ষক-সংকট তাঁদের স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছে। অধ্যাপক ও সহযোগী অধ্যাপক নেই বললেই চলে। অতিথি শিক্ষকদের দিয়ে পাঠদান চলছে। স্নাতকোত্তর বিভাগ ও কেন্দ্রীয় লাইব্রেরি চালু হয়নি। নেই ক্যাফেটেরিয়াও। শিক্ষার্থীরা জানালেন, পর্যাপ্ত টয়লেট ও বিশুদ্ধ খাবার পানিরও অভাব রয়েছে।
গণিত বিভাগের এক শিক্ষার্থী বললেন, ‘পাঁচটি ব্যাচ বিশ্ববিদ্যালয়ে আছে। গণিত বিভাগের শিক্ষক আছেন মাত্র চারজন। তাঁদের অর্থনীতি, পদার্থ, রসায়ন, মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগ, ব্যবসায় শিক্ষা বিভাগেরও ক্লাস নিতে হচ্ছে। তাই শিক্ষকদের ওপর অতিরিক্ত চাপ পড়ছে।’
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের এক শিক্ষার্থী জানালেন, তাঁদের বিভাগে শিক্ষক মাত্র তিনজন। দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারে ক্লাস নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতিথি শিক্ষকেরা।

সমস্যা সমাধানই আমার কাজ
ড. এস এম ইমামুল হক, উপাচার্য, বরিশাল বিশ্ববিদ্যালয়
ড. এস এম ইমামুল হক, উপাচার্য, বরিশাল বিশ্ববিদ্যালয়
বরিশাল বিশ্ববিদ্যালয় কোনো অংশে পিছিয়ে নেই। আমাদের নবীন একদল শিক্ষক আছেন। তাঁদের অভিজ্ঞতা কম থাকলেও তাঁরা বিশ্ববিদ্যালয়ে সময় বেশি দিচ্ছেন। শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্ক নিবিড়। এই বছর থেকে স্নাতকোত্তর শুরু হবে। প্রতিটি বিভাগে কমপক্ষে দুজন শিক্ষার্থী থাকবে, যারা গবেষণায় যুক্ত হবে। এটা ঠিক যে আমাদের শিক্ষক-সংকট আছে। অধ্যাপক, সহযোগী অধ্যাপক কলেজ থেকে আসতেন। এখন নতুন বেতন স্কেল হওয়ায় কেউ সরকারি চাকরি ছেড়ে বিশ্ববিদ্যালয়ে আসতে চাইছেন না। তাই অধ্যাপক পাওয়া যাচ্ছে না। আবার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকেরা নতুন বিশ্ববিদ্যালয়ে আসতে চাইছেন না। তাই অতিথি শিক্ষক দিয়ে ক্লাস চালানো হচ্ছে। শিক্ষার্থীদের জন্য বাস চালু করাও জরুরি হয়ে পড়েছে। সমস্যা তো আছেই। কিন্তু সমস্যা সমাধান করাই তো আমার কাজ। সংকট মোকাবিলা করেই আমরা এগিয়ে যাচ্ছি, যাব।