পল্লির মানুষ ও তাঁদের সাহিত্য-সংস্কৃতিকে অমরত্ব দান করতে হলে তাঁদের ভালোবাসতে হয়, জানতে হয় তাঁদের সাহিত্য-সংস্কৃতির অতীত ইতিহাস, উপলব্ধি করতে হয় তাঁদের চাহিদা। সর্বোপরি সব কাজেই নিজেকে পল্লির মানুষের সঙ্গে মানিয়ে নেওয়ার মানসিকতা থাকতে হয় একজন সাধক পুরুষের। এমনই একজন সাধক পুরুষ মুন্সি আবদুল করিম সাহিত্য বিশারদ। তাঁর জন্ম ১৮৭১ সালে পটিয়ার সবুজেঘেরা সুচক্রদণ্ডী গ্রামে। ‘মুন্সি’ তাঁর বংশগত উপাধি এবং ‘সাহিত্য বিশারদ’ হচ্ছে সুধী সমাজের পক্ষ থেকে তাঁকে দেওয়া উপাধি। পটিয়ার বাঙালি মুসলমানদের মধ্যে আবদুল করিম সাহিত্য বিশারদই ১৮৯৩ সালে প্রথম এন্ট্রান্স পাস করেন। অসুস্থতার কারণে তিনি এফএ পরীক্ষার পাট শেষ করতে পারেননি।জীবনের নানা বাঁকে সাহিত্য বিশারদ শিক্ষকতা, চট্টগ্রাম জজ আদালত ও স্কুল ইন্সপেক্টরের অফিসে কেরানি পদে চাকরি করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষাসমূহের বাংলার পরীক্ষক হিসেবেও নিয়োজিত ছিলেন তিনি। শিক্ষকতা করতে গিয়ে মানস চক্ষু প্রসারিত করে তিনি সাহিত্য-সংস্কৃতির ক্ষেত্রে বাঙালি মুসলমানদের স্বকীয়তা ও স্বাজাত্যবোধের অভাব উপলব্ধি করেন। এই অভাববোধই তাঁকে সাহিত্য সাধনায় উদ্বুদ্ধ করে। পুঁথি সাহিত্যকে আপন সন্তানের মতো ভালোবাসতেন তিনি। চাকরিজীবনে অঢেল খাটুনির পর তিনি পুঁথি সংগ্রহ ও সাহিত্য সাধনায় জীবনের বড় অংশ কাটিয়ে দিয়েছেন। শুধু পুঁথি সংগ্রহ করেই ক্ষান্ত ছিলেন না তিনি। অনেক পুঁথির লেখা ছিল অস্পষ্ট, অগোছালো। সেগুলোর পাঠোদ্ধার, অর্থ নির্ণয়, টীকা লিখন এবং সম্পাদনার মাধ্যমে পাঠোপযোগী করে সংগ্রহকে পূর্ণতা দেন তিনি। বাড়ি বাড়ি ঘুরে প্রায় আড়াই হাজার পুঁথি সংগ্রহ করেন, যা আর কারও একক বা দলগত প্রচেষ্টায় সম্ভব হয়নি। প্রায় দেড় শ প্রাচীন ও বিস্মৃত কবিকে তিনি সুধী সমাজে পরিচিত করার মাধ্যমে বাংলার সাহিত্যের ভান্ডারকে ব্যাপকভাবে সমৃদ্ধ করেন। সাহিত্য বিশারদ খাঁটি বাঙালি জাতীয়তাবোধসম্পন্ন মানুষ ছিলেন। এ অঞ্চলে তিনিই প্রথম দেখিয়ে দিয়েছেন যে বাংলা আমাদের দেশ, বাংলা আমাদের ভাষা এবং আমরা বাঙালি মুসলমানদের বংশধর। তাঁর ভাষায়, ‘আমার এক বিশ্বাস আছে যে আমার দেশের মৃত্যু নাই, আমার দেশের আত্মা যে জনগণ তারও মৃত্যু নাই, তেমনই অমর আমার এই বাঙ্গালা ভাষা।’ সমসাময়িক পত্রপত্রিকায় তাঁর প্রচুর প্রবন্ধ ছাপা হতো। মুসলমানদের বাঙালিত্ববোধ জেগে ওঠার পেছনে তাঁর রচিত ও প্রকাশিত প্রবন্ধের প্রভাব অপরিসীম। তাঁর কাজ ও গুণের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে এবং দূর-দূরান্তের সাহিত্যসভা-মজলিশে তাঁর ডাক পড়তে থাকে। নদীয়ার সাহিত্যসভায় তাঁকে ‘সাহিত্য সাগর’ এবং চট্টগ্রামের সুধীসমাজ ‘সাহিত্য বিশারদ’ উপাধিতে ভূষিত করে। আবদুল করিম ছিলেন অত্যন্ত সাদাসিধে, অমায়িক, অতিথিদের প্রতি যত্নশীল, শিশুদের প্রতি স্নেহশীল। কষ্টার্জিত অর্থের একাংশ গ্রামের অসহায় দারিদ্র্যপীড়িত লোকদের মধ্যে বিলিয়ে দিয়ে এবং অসহায় রোগীদের নিজ হাতে ওষুধপত্র এনে দিয়ে তিনি আনন্দ পেতেন। শেষ জীবনে তিনি চট্টগ্রামের অলিখিত ইতিহাস লেখার কাজে হাত দিয়েছিলেন। কিন্তু তা শেষ করে যেতে পারেননি তিনি। লিখতে বসেই হূদিক্রয়া বন্ধ হয়ে এই সাধক পুরুষ পৃথিবী থেকে বিদায় নেন। সেদিন ছিল ৩০ সেপ্টেম্বর বেলা পৌনে ১১টা, ১৯৫৩ সাল। এ লেখা শেষ করব তাঁর মৃত্যু সম্পর্কে ড. এনামূল হকের একটি বক্তব্য দিয়ে ‘সত্যই কি সব শেষ হয়ে গেল? মাস্টার আবদুল করিম মারা গেছেন, কেরানি আবদুল করিম দেহত্যাগ করেছেন, কিন্তু সাহিত্য বিশারদ মরেননি। তিনি মরতে পারেন না, কারণ..........চিত্ত, বিত্ত, জীবন এবং যৌবন এ সমস্তই চঞ্চল, কিন্তু কীর্তিমান ব্যক্তি চিরজীবী। কীর্তিমান সাহিত্য বিশারদ আজও জীবিত।’