কীর্তির চেয়ে মহৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা বিভাগের বনভোজনে তাঁকে প্রথম কাছ থেকে দেখি—অধ্যাপক খান সারওয়ার মুরশিদ। যেমন ফরসা, তেমনি অসাধারণ সুদর্শন। বাঙালিদের মধ্যে এমন চেহারার লোক বড় একটা দেখা যায় না। এর আগেও তাঁকে দেখেছি কলাভবনের করিডরে অথবা অন্য কোথাও। ইংরেজির অধ্যাপক। কিন্তু এসেছেন বাংলা বিভাগের বনভোজনে। ধবধবে সাদা পাঞ্জাবি পরে। সেটাও আমাকে একটু অবাক করে দিয়েছিল। আসলে বাংলা সাহিত্যের প্রতি তাঁর ছিল আন্তরিক অনুরাগ। বাংলা কেন, সাহিত্যের প্রতিই। পিএইচডি করেছিলেন ইয়েটস ও রবীন্দ্রনাথ প্রসঙ্গে। ইংরেজি ও বাংলা—উভয় উচ্চারণই পরিশীলিত, কথা বলার ভঙ্গিতেও অর্জিত বৈদগ্ধ্য।আমি যখন স্কুলে পড়ি, তখন আমার খালাতো বোন—ডাক্তার হালিমা খাতুন—আমাকে ঢাকা থেকে একটা ইংরেজি সাময়িক পত্রিকা পাঠিয়েছিলেন। অমন সুন্দর কাগজে অত চমৎকার ছাপানো পত্রিকা তার আগে আমি দেখিনি। খালি একটাই অসুবিধে—ইংরেজিতে লেখা। পত্রিকার নাম নিউ ভ্যাল্যুজ। লেখাগুলো পড়ে বুঝতে পারি, এমন ইংরেজি তখন আমার জানা ছিল না। কিন্তু পত্রিকার সম্পাদকের নাম খান সারওয়ার মুরশিদ। মোট কথা, তাঁর নামের সঙ্গে আমার পুরোনো পরিচয় ছিল। কিন্তু বনভোজনেই তাঁকে কাছ থেকে দেখলাম। তাই বলে তাঁর সঙ্গে আলাপ করার মতো দুঃসাহস আমার ছিল না। ধারে-কাছে যাওয়ার সুযোগ হয় এর বছর দশেক পরে—বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়ে এলেন। আমি গ্রামের ছেলে। অনেক ব্যাপারে গ্রাম্যও। তার চেয়েও যা বেশি সে হলো, আমি ভারি লাজুক ছিলাম। সবার পেছনে নিজেকে লুকিয়ে রাখতেই সদা যত্নবান। ক্লাসের সময় পেছনের বেঞ্চিতে বসতাম। সব শিক্ষকের পড়ানো যে খুব চিত্তাকর্ষক ছিল, সেটা হলফ করে বলতে পারিনে। তাই তাঁদের দৃষ্টির আড়ালে থাকলে খাতায় আঁঁকজোখ কাটা, যা কিছু লেখা—সহজ হতো। লেখাপড়ার কথা ভুলে গিয়ে কোনোমতে সময়টা কাটানোই হতো লক্ষ্য। কখন শেষ হবে এই যন্ত্রণা, সেটাই ভাবতাম। ঘড়ি ছিল না আমার, তাই সময় দেখারও উপায় ছিল না। কাজেই নিজের বিভাগের শিক্ষকদের সঙ্গেই কখনো আলাপ করার সাহস সঞ্চয় করতে পারিনি, ইংরেজির অধ্যাপকের সঙ্গে তো প্রশ্নই ওঠে না।অধ্যাপক মুরশিদের সঙ্গে দু-একটা কথা বলার প্রথম সুযোগ হয় স্বাধীনতাসংগ্রামের সময়, যখন আমরা অনেকেই পলাতক। পরিচয় হয়েছিল আবু সয়ীদ আইয়ুবের বসার-শোবার ছোট্ট ঘরে। আইয়ুব ছিলেন রবীন্দ্রসংগীতের প্রেমিক। তাঁর প্রিয় শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়, রাজেশ্বরী দত্ত আর নীলিমা সেন। গানের কথা আর গাইবার ভাব একই রকম হচ্ছে কি না, তিনি তা বিশেষ করে লক্ষ করতেন। সুচিত্রা মিত্রের গানও তিনি ভালোবাসতেন। এমনকি, সন্জীদা খাতুন আর ঋতু গুহর আত্মমগ্ন হয়ে গাওয়ারও প্রশংসা শুনেছি তাঁর মুখে। কিন্তু দেবব্রত বিশ্বাস, হেমন্ত মুখোপাধ্যায় অথবা পঙ্কজ মল্লিকের গান ভালোবাসতেন বলে শুনিনি। অর্থাৎ, রবীন্দ্রসংগীতের শিল্পীদের মধ্যে যাঁদের গান সাধারণ শ্রোতারা বেশি শুনত, সেই অকুলীন শিল্পীদের প্রতি একটা উন্নাসিকতা ছিল তাঁর। তা সত্ত্বেও, কী কারণে মনে নেই, তাঁর গ্রামোফোনে দেবব্রত বিশ্বাসের গাওয়া ‘ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু’ গানটা বাজছিল। খান সারওয়ার মুরশিদ খানিকটা শুনে তার তারিফ করতে পারেননি। বরং গানটা দেবব্রত বিশ্বাস কীভাবে হাঁপাতে হাঁপাতে গাইছিলেন, সে সম্পর্কে একটা মন্তব্য করেন। ওদিকে, আমি দেবব্রত বিশ্বাসের গানের ভক্ত। তখন বয়স ছিল কম, গুরুজনদের প্রতি সব সময় যথার্থ মর্যাদা রেখে কথা বলতে পারতাম না। একটা ডোন্ট কেয়ার ভাব ছিল। সঙ্গে সঙ্গে বেয়াদবের মতো বলে ফেললাম, ‘ক্লান্তি ক্ষমা করার প্রার্থনা জানানো গান উনি কি মার্চের সুরে গাইবেন?’ অধ্যাপক মুরশিদ তার কোনো উত্তর দেননি। আইয়ুবও কিছু বলেননি। ঘরটা খানিক সময়ের জন্য বাক্যহীন হলো। তা থেকে বুঝতে পারলাম, আমার মন্তব্যটা একটু ঔদ্ধত্যপূর্ণ হয়েছে। আইয়ুবের বাড়িতে দেখা হওয়ার পরেও দু-একটি সভা-সমিতিতে অধ্যাপক মুরশিদের সঙ্গে দেখা হয়েছে। আলাপ হয়েছে বলে মনে পড়ছে না। তখন আমার মুখে কিছুই আটকাত না। যা ভাবতাম, অকুণ্ঠচিত্তে ও নির্ভয়ে তা বলতে পারতাম। কাজেই কখনো সৈয়দ ওয়ালিউল্লাহ্র শোকসভায়, কখনো ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতির সভায় অনেক কিছুই বলেছি, যাকে ইংরেজিতে পলিটিক্যালি করেক্ট বলা যায় না। তাতে সৈয়দ আলী আহসান, আনিস স্যার, এ আর মল্লিক—কেউই খুশি হতে পারেননি। পরে তাঁদের স্মৃতিচর্চায়, অন্তত আনিস স্যার, তা লিখেওছিলেন। মোট কথা, পছন্দ করুন, অথবা না-ই করুন, আমাকে সবাই দুর্মুখ বলে জানতেন।তাই যুদ্ধশেষে অধ্যাপক মুরশিদ যখন রাজশাহীর উপাচার্য হয়ে এলেন, তখন আমাকে ভালো করেই চিনতেন—তাতে আমাকে তিনি যে দৃষ্টিতেই দেখুন না কেন। আমার লেখাপড়া ও জ্ঞানগম্যি সম্পর্কে তাঁর কোনো উচ্চধারণা ছিল না। আমি যেটুকু লেখাপড়া শিখেছিলাম, তাতে অবশ্য না থাকারই কথা। আওয়ামী লীগের নেতা, উপনেতাসহ লাখ লাখ লোক যখন পালিয়ে যান ভারতে, তখন অনেকেই জানতেন না, বাংলাদেশ নামে যে দেশটা গড়ে উঠবে তার প্রশাসনিক ও অর্থনৈতিক কাঠামো কীভাবে পুনর্নির্মাণ করা হবে। অথচ কেবল লড়াই করে অথবা গলাবাজির রাজনীতি দিয়ে একটা দেশ গঠন করা যায় না। অধ্যাপক আনিসুর রহমান, অধ্যাপক মল্লিক, অধ্যাপক মুরশিদ, অধ্যাপক মোশাররফ হোসেন প্রমুখ যখন ভাবী দেশের সেই কাঠামো নির্মাণের পরিকল্পনা করার জন্য একটি প্ল্যানিং সেল গঠন করেন, তখন তাতে সবাই কমবেশি মূল্যবান অবদান রেখেছিলেন। প্রশাসনের কর্মকর্তারাও একটা প্রশাসনিক কাঠামো নির্মাণের কাজ করেছিলেন। আবার এক দল রাজনীতিক কেউ বা নিজেদের স্বার্থরক্ষার নামে হয় মুজিব বাহিনী গঠন করেছিলেন, আর এক দল মোশতাকের মতো রাজনীতিক মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে পাকিস্তান জোড়া লাগানোর ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এসবের মধ্যে তাজউদ্দীন, সৈয়দ নজরুল ইসলাম প্রমুখ শক্ত হাতে স্বাধীনতার পথে এগিয়ে যাওয়ার হাল ধরেছিলেন। তাঁদের সেই কাজে সীমাহীন সহায়তা দিয়েছিলেন প্ল্যানিং সেলে কর্মরত বুদ্ধিজীবীরা। অধ্যাপক মুরশিদ ছিলেন তাঁদের একজন।দেশের জন্য যে ত্যাগ স্বীকার করেছিলেন, তারই পুরস্কারস্বরূপ তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন। আট-নয়জন উপাচার্যের অধীনে বিশ বছর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছি। তাঁরা প্রায় সবাই ছিলেন প্রশাসনিক কর্মকর্তা। বিশ্ববিদ্যা নিয়ে কাউকে ভাবতে দেখিনি। অন্তত তার চাক্ষুষ কোনো প্রমাণ দেননি কোনো উপাচার্য। কিন্তু সেই উপাচার্যদের একেবারে আলাদা ছিলেন খান সারওয়ার মুরশিদ। প্রশাসন তিনি চালাতেন, কিন্তু একজন সত্যিকার শিক্ষাবিদ হিসেবে তাঁর হূদয়ের শেকড়টা পোঁতা ছিল লেখাপড়ার জগতে। স্বাধীনতাসংগ্রামের আগে বিশ্ববিদ্যালয়গুলো এখনকার বিশ্ববিদ্যালয়গুলোর মতো বিশ্ববিদ্যা লয়ে পরিণত হয়নি। তখন লেখাপড়া খানিকটা হতো। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ই পরিচিত ছিল উচ্চশিক্ষার সবচেয়ে প্রধান পাদপীঠ হিসেবে, যদিও ষাটের দশকের দ্বিতীয় ভাগ থেকে সেটা রাজনীতির আখড়ায় পরিণত হয়েছিল। সে তুলনায় রাজশাহীতে বরং লেখাপড়ার পরিবেশ ছিল অনেক ভালো। পরীক্ষাগুলো ঠিক সময়ে হতো। অনেক বিভাগেই নামকরা অধ্যাপক ছিলেন। তা ছাড়া, রগকাটার রাজনীতিও তখন শুরু হয়নি। তা সত্ত্বেও রাজশাহীকে মফস্বলের বিশ্ববিদ্যালয় হিসেবেই দেশের লোকেরা দেখত। খান সারওয়ার মুরশিদ উপাচার্য হয়েই অচিরে এই গ্রাম্য বিশ্ববিদ্যালয়ের চেহারা রীতিমতো পাল্টে দিলেন। তাঁর মাথায় অনেক উচ্চধারণা ছিল, বিশ্ববিদ্যালয় সম্পর্কেও তাঁর ছিল দূরদৃষ্টি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি পাল্টে দেওয়ার জন্য তিনি দেখে দেখে দেশ ও বিদেশ থেকে নামকরা লোকদের অধ্যাপক হিসেবে নিযুক্ত করলেন—রবীন্দ্রনাথ যেমন করেছিলেন বিশ্বভারতীতে। আশুতোষ মুখোপাধ্যায় যেমন করেছিলেন কলকাতায়। এমনকি, ঢাকায় যেমন করে এসেছিলেন সত্যেন বসু, হরপ্রসাদ শাস্ত্রী, মুহম্মদ শহীদুল্লাহ অথবা রমেশ মজুমদার।অধ্যাপক মুরশিদ প্রথমেই দৃষ্টি দিলেন ইংরেজি আর সমাজবিজ্ঞানের দিকে। ব্রিটিশ কাউন্সিলকে রাজি করিয়ে তিনি ব্রিটেন থেকে খাস ইংরেজ অধ্যাপক নিয়ে এলেন। তখন দক্ষিণ এশিয়া আর তার সমাজ নিয়ে পশ্চিমে বেশ উৎসাহ ছিল। পেট্রোডলারের উত্থান তখনো হয়নি। মধ্যপ্রাচ্য থেকে তখনো সস্তায় পেট্রল মিলত। পেট্রল যে যুদ্ধাস্ত্রের চেয়েও গুরুতর হাতিয়ারে পরিণত হতে পারে, এই ধারণা তখনো অনুন্নত আরব দেশগুলোর হয়নি। সুতরাং, পশ্চিমা দেশগুলো শিক্ষা খাতে অনেক বেশি টাকা ব্যয় করতে পারত। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য আর নিউজিল্যান্ড থেকে এলেন সমাজবিজ্ঞানীরা। আর সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষার যা করলেন অধ্যাপক মুরশিদ, তা হলো ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ স্থাপন। সেখানেও বেশ কয়েকজন—প্রধানত মার্কিন অধ্যাপক—এলেন ইতিহাস ও সমাজতত্ত্ব নিয়ে কাজ করতে। এই ইনস্টিটিউট স্থাপনের জন্যই তিনি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারেন।প্রশ্ন হচ্ছে: এই ইনস্টিটিউটে কী পঠন-পাঠন হবে? অধ্যাপক মুরশিদের ধারণা ছিল, এখানে বঙ্গদেশের ইতিহাসচর্চা হবে, আর চর্চা হবে বাংলাদেশসংক্রান্ত নানা বিষয়—তার সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, দর্শন ইত্যাদি। ইতিহাসচর্চার জন্য অধ্যাপক মুরশিদ নিয়ে এলেন প্রখ্যাত ভারতবিদ্যা বিশারদ মার্কিন অধ্যাপক ডেভিড কফকে। তাঁর বিখ্যাত গ্রন্থ ব্রিটিশ ওরিয়েন্টালিস্টস অ্যান্ড দ্য বেঙ্গল রেনেসন্স একটি ধ্রুপদী গবেষণা বলে বিবেচিত হয়। সেই অধ্যাপক কফকে তিনি নিয়ে এলেন মিনেসোটা বিশ্ববিদ্যালয় থেকে—প্রথমে তিন মাসের জন্য, তারপর এক বছরের জন্য। জোয়ানা ক্যর্কপ্যাট্রিককে নিয়ে আসেন অ্যালাবামা থেকে। তপন রায়চৌধুরী তখন অক্সফোর্ডের অধ্যাপক ইন্ডিয়ান স্টাডিজের। তাঁকে নিয়ে এলেন সপ্তাহ দুয়েকের জন্য। অধ্যাপক শিবনারায়ণ রায় তখন মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের ইন্ডিয়ান স্টাডিজের প্রধান। তাঁকেও নিয়ে এলেন। আমরা অধ্যাপকেরা তাঁদের সেমিনারে গিয়ে ছাত্রের মতো যোগ দিতাম। তবে ছাত্রদের সঙ্গে আমাদের পার্থক্য ছিল—আমাদের সামনে কোনো পরীক্ষার বৈতরণী ছিল না। তাই আমরা স্বেচ্ছায় বেশ মনোযোগ দিয়ে অনেক নতুন কথা শিখলাম। আমি তো বলতে পারি, সন-তারিখের বাইরে যে ইতিহাসের বহু এলাকা আছে—সামাজিক ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস, বিজ্ঞানের ইতিহাস, ধারণার ইতিহাস, মননশীলতার ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাস, চিকিৎসাবিজ্ঞানের ইতিহাস—এসব প্রথম শুনলাম তপন রায়চৌধুরীর কাছে। তিনি আমাদের চোখ খুলে দেওয়ার চেষ্টা করলেন তাঁর আট-নয়টি সেমিনারের মাধ্যমে। একলব্যকে ধনুর্বিদ্যা শেখাতে রাজি হননি দ্রোণাচার্য, একলব্য তাই বনের মধ্যে তাঁর মূর্তি নির্মাণ করে দ্রোণাচার্যের পেয়ারের শিষ্য অর্জুন যেমন দক্ষতা অর্জন করেছিলেন, সেই একই রকমের দক্ষতা অর্জন করেন। তপন রায়চৌধুরীর কাজ সামনে রেখে আমি ইতিহাসচর্চায় হাতে খড়ি নিয়েছিলাম। যেটুকু শিখতে পেরেছি, তার জন্য তাঁকে আমি আমার অধ্যাপক হিসেবে শ্রদ্ধা জানাই। কিন্তু যাঁর সঙ্গে আমি আমার পিএইচডির কাজ করি, তিনি হলেন ডেভিড কফ। তাঁর কাছে প্রথম ধারণাগত কাঠামো কী, সেটার সবক নিয়েছিলাম। ইতিহাস যে কোনো ঘটনা অথবা সময়ের বর্ণনা নয়, বরং তাকে দেখতে হয় একটা ধারা এবং ধারণা হিসেবে—এই শিক্ষা তাঁর কাছেই পেয়েছিলাম। দৃষ্টান্ত দিয়ে বলতে পারি: উনিশ শতকের মাঝামাঝি সময়ে শিক্ষিত হিন্দু মধ্যবিত্ত সমাজে মদ্যপান, বহুবিবাহ, বেশ্যাসক্তি ও কৌলীন্যবিরোধী আন্দোলন হয়েছিল। আন্দোলন হয়েছিল মেয়েদের শিক্ষাদানের এবং তাঁদের পর্দামোচন ও খানিকটা স্বাধীনতা প্রদানের। এমনকি, জমিদার, নীলকর ও চা-করদের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। এক কথায় কী হয়েছিল তা হলে? ডেভিড কফ বললেন: এ হলো স্থিতিশীল সমাজ গঠনের আন্দোলন। শিক্ষিত মধ্যবিত্ত সমাজ যেদিকে এবং যত দূর এগিয়ে গিয়েছিল, সেখান থেকে তার যাতে পতন না ঘটে, তারই আন্দোলন। শিবনারায়ণ রায় স্পষ্টভাষী দুঃসাহসী অধ্যাপক। রাজশাহীতে একটা বক্তৃতা দেওয়ার পরই জলবসন্তে আক্রান্ত হয়ে ঢাকায় ফিরে যান। কিন্তু তিন বছরের মধ্যে তাঁর সঙ্গে গিয়ে যোগ দিলাম মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে পোস্ট-ডক্টরল কাজের জন্য। তিনি আমার তত্ত্বাবধায়ক ছিলেন না, কিন্তু গুরুতে পরিণত হলেন। বর্ণনামূলক লেখার মান যে মামুলি, লেখা হতে হবে বিশ্লেষণাত্মক, তার পেছনে থাকবে সুস্পষ্ট ধারণাগত কাঠামো, এটা শিখলাম তাঁর কাছ থেকে। আর শিখলাম কীভাবে কার্যকর পদ্ধতিতে আলোচনার মাধ্যমে পড়ানো যায় সেমিনার করে বন্ধুদের মতো।সেদিক দিয়ে বললে, বঙ্গবিদ্যা ইনস্টিটিউট স্থাপন করে অধ্যাপক খান সারওয়ার মুরশিদ যে গুণীদের নিয়ে এসেছিলেন, তাঁদের একজন-দুজন নয়, তিনজনের কাছ থেকে আমি সরাসরি উপকৃত হয়েছিলাম। গোপাল হালদারকেও নিমন্ত্রণ করে আনা হয়েছিল বাংলা বিভাগের তরফ থেকে। তাতেও সক্রিয় সহযোগিতা করেছিলেন খান সারওয়ার মুরশিদ। মুশকিল হলো: অত বড় যোদ্ধা একিলিরও একটা দুর্বল জায়গা ছিল। তাঁর সারা দেহ দুর্ভেদ্য হলেও গোড়ালিটা ছিল তাঁর দুর্বল জায়গা। খান সারওয়ার মুরশিদ যে বেঙ্গল স্টাডিজের স্বপ্ন দেখেছিলেন, তা ধ্বংসের বীজও তিনিই রোপণ করেন। এই ইনস্টিটিউটের জন্য তিনি যাঁকে পরিচালক নিযুক্ত করেন, সমাজতত্ত্বে আগ্রহী হলেও, ইতিহাসে আগ্রহী ছিলেন না তিনি। অথচ এই ইনস্টিটিউটে প্রধানত চর্চা হবে ইতিহাসের, সেটাই ছিল এর প্রতিষ্ঠার উদ্দেশ্য। সেই সমাজতাত্ত্বিক পরিচালক অচিরেই নিয়ে এলেন একজন কৃষিবিদ্যার লোককে। তাঁর মতো কম শিক্ষিত অধ্যাপক কমই দেখা যায়। খান সারওয়ার মুরশিদ প্রস্থানের পর ইনস্টিটিউট অব বাংলাদেশ অচিরেই ইনস্টিটিউট অব রুরাল স্টাডিজে পরিণত হলো। ইতিহাসের একজন অধ্যাপক ছিলেন বটে, কিন্তু তাঁর মতো মূর্তিমান অনৈতিহাসিক আমার সত্তর বছরের জীবনে দেখিনি। সেদিক দিয়ে খান সারওয়ার মুরশিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের প্রতিষ্ঠাতা ও ধ্বংসের বীজ রোপণকারী। তিনি অন্য যেসব শিক্ষককে মফস্বলের কলেজ থেকে সমাদর করে বিশ্ববিদ্যালয়ে নিয়ে এসেছিলেন, তাঁদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হাসান আজিজুল হক। বিশ্ববিদ্যালয়ে এসে তিনি কলেজের শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকে পরিণত হয়েছিলেন। সেটা ব্যক্তিগতভাবে তাঁর উন্নতির একটি সোপান। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাসান আজিজুল হক একটি উজ্জ্বল নক্ষত্রের মতো বিরাজ করেছিলেন প্রায় চল্লিশ বছর। বিশ্ববিদ্যালয়ে এসে তিনি কতটা ধন্য হয়েছিলেন, জানিনে, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় বিলক্ষণ ধন্য হয়েছিল। আবুবকর সিদ্দিকও বাগেরহাটেই পড়ে থাকতেন। অধ্যাপক মুরশিদ আমাদের উৎসাহে তাঁকেও নিয়ে এসেছিলেন। কবি আতাউর রহমানকেও। নয়তো তাঁর পক্ষে ওই ক্যারিয়ার নিয়ে বিশ্ববিদ্যালয়ের ধারে-কাছে আসাও সম্ভব হতো না। রাজনৈতিক কারণে আকস্মিকভাবে অধ্যাপক মুরশিদের কাজে বাধা পড়ল। তাঁকে হঠাৎ উপাচার্যের পদ থেকে সরিয়ে পোল্যান্ডে না কোন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত করা হয়। তিনি চলে যাওয়ার আগে রাতারাতি গুটি কতক নিয়োগ দিয়ে যান। তার মধ্যে দুজন আমার ঘনিষ্ঠ বন্ধু—সনৎ সাহা আর আলী আনোয়ার। এঁদের পিএইচডি ডিগ্রি ছিল না, তবে সহযোগী অধ্যাপক হওয়ার মতো যোগ্যতা ছিল আঠারো আনা। কিন্তু অধ্যাপক মুরশিদ তাঁদের সহযোগী অধ্যাপকের পদে বসিয়ে না এলে, তাঁরা সহজে সহযোগী অধ্যাপক হতে পারতেন না। তখনো খবরের কাগজে প্রকাশিত মামুলি লেখার নজির দেখিয়ে আর দলীয় পেশি কাজে লাগিয়ে সহযোগী অধ্যাপক অথবা অধ্যাপক হওয়ার যুগ শুরু হয়নি। আমার মনে আছে, রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী বিশ্ববিদ্যালয়ে সফরে এসেছিলেন ’৭২ সালে। তার কিছুদিন আগেই আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বিদ্যাসাগর এনডাওমেন্ট বক্তৃতা প্রদানের নিমন্ত্রণ পাই। এ রকমের এনডাওমেন্ট বক্তৃতামালা দানের নিমন্ত্রণ এখনো বাংলাদেশের কজন পেয়েছেন, অথবা আদৌ পেয়েছেন কি না, আমার জানা নেই। কয়েক শ শিক্ষকের চা-চক্রের মধ্যে অধ্যাপক মুরশিদ আমার মতো নগণ্য ও তরুণ একজন অধ্যাপকের সঙ্গে রাষ্ট্রপতির পরিচয় করিয়ে দেন। রাষ্ট্রপতি হাত বাড়িয়ে দিলেন; বললেন, ‘আপনাকে নিয়ে আমরা গর্বিত।’ আমাকে এ সম্মানটুকু না জানালে অধ্যাপক মুরশিদের কোনো ক্ষতিবৃদ্ধি হতো না। কিন্তু তিনি জানিয়েছিলেন। প্রথমে আমার প্রতি তাঁর ধারণা যেমনই থাক না কেন, পরে তিনি আমাকে খুব স্নেহ করতেন। লন্ডনে এলেই আমাকে ফোন করতেন, নেদারল্যান্ডস কি বেলজিয়াম থেকেও একবার ফোন করেছিলেন। আমার ছোট্ট বাড়িতে এসেছেন একাধিকবার। ঢাকায় গেলেও আমি চেষ্টা করেছি তাঁকে শ্রদ্ধা জানিয়ে আসতে। খান সারওয়ার মুরশিদ আরও দু-একটি খুব স্মরণীয় কাজ করেছিলেন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ফরাসি বুদ্ধিজীবী অঁদ্রে মালরোকে সম্মান জানানো। এই দুঃসাহসী মননশীল ও মানবতাবাদী লেখক একাধিক দেশের স্বাধীনতাসংগ্রামে অস্ত্রধারণ করেছিলেন। তিনি যখন দেখলেন বাংলাদেশে পাকিস্তানি নেতারা ক্ষমতার লোভে সম্পূর্ণ অন্যায়ভাবে সৈন্যদের লেলিয়ে দিয়ে লাখ লাখ লোক মেরে ফেলছেন; ধর্ষিতা হচ্ছেন লাখ লাখ বালিকা, কিশোরী, তরুণী; নির্বিচারে চলছে লুণ্ঠন এবং আগুন লাগানোর ঘটনা, তখন তিনি আরও একবার অস্ত্র ধরার ঘোষণা করলেন। তিনি তখন বৃদ্ধ। কিন্তু কী অদম্য ছিল সাহস এবং মানবতার সেবা করার বাসনা! সেই অঁদ্রে মালরোকে অধ্যাপক মুরশিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেন। তাতে মালরোর সম্মান কতটা বেড়েছিল বলা কঠিন, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় ধন্য হয়েছিল, সন্দেহ নেই।যাঁর সম্মান প্রাপ্য তাঁকে তিনি অকুণ্ঠভাবে সম্মান জানাতে দ্বিধা করেননি। শামসুর রাহমান মারা গেলেন—পরের দিন শহীদ মিনারে তাঁর মরদেহ নিয়ে আসা হলো। দুর্বল দেহ নিয়ে অধ্যাপক মুরশিদ এলেন শেষশ্রদ্ধা নিবেদন করতে। ওয়াহিদুল হক মারা গেলেন, সেখানেও তিনি। মাহবুব উল আলমের প্রতিও শ্রদ্ধা জানাতে ভোলেননি। খান সারওয়ার মুরশিদের মতো পণ্ডিত, নানা বিদ্যায় আগ্রহী এবং নিষ্কলঙ্ক ভালো মানুষ আমার জীবনে কমই দেখেছি।তাঁর আর একটা অসাধারণ গুণ ছিল: তিনি বিশ্ববিদ্যালয়ের কাজে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেন, কিন্তু সচিব-মন্ত্রীদের হুজুর হুজুর করতেন না। তাঁর আত্মমর্যাদা ছিল। শেষ পর্যন্ত উন্নত শিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনি উপাচার্যের কাজ করে এসেছেন। তখনকার দুজন উপাচার্যের মতো ছেলের মার্ক বাড়িয়ে দেননি অথবা কাঁঠাল বিক্রি করে টু-পাইসও করেননি। এ কালের ভোটে নির্বাচিত মধ্যম-মেধার অধ্যাপকেরা উপাচার্য হওয়ায় উপাচার্যের পদমর্যাদাই লোপ পেয়েছে। কিন্তু খান সারওয়ার মুরশিদ সত্যিকার একজন যোগ্য আত্মমর্যাদাসম্পন্ন উপাচার্য কী করতে পারেন, তার দৃষ্টান্ত রেখেছিলেন। তিনি কর্তাভজা উপাচার্য ছিলেন না, তাঁর মেরুদণ্ড ছিল।[email protected]